•
Home Top-News হাসিনা ফেরার আগেই জ্বলে উঠল বাংলাদেশ! ট্রেনে আগুন, পুড়ে ছাই চালক, নামল সেনা
Top-Newsবিশ্ব

হাসিনা ফেরার আগেই জ্বলে উঠল বাংলাদেশ! ট্রেনে আগুন, পুড়ে ছাই চালক, নামল সেনা

Share
হাসিনা ফেরার আগেই জ্বলে উঠল বাংলাদেশ। ছবি-সংগৃহীত
Share

ঢাকা: ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরেই দেশে ফেরার বার্তার মাঝেই নতুন করে তীব্র অশান্তিতে উত্তাল হয়ে উঠল বাংলাদেশ। পোশাক কারখানা কর্মীদের বেতন বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই ওপার বাংলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে তুমুল ভাঙচুর, বাস ও ট্রেনে অগ্নিসংযোগ এবং বোমাবাজি। ফরিদপুরে বাসে আগুন দিয়ে এক চালককে জীবন্ত পুড়িয়ে মারা ও নেত্রকোনায় যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শিল্পাঞ্চলে নামানো হয়েছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সূত্রে খবর, ন্যূনতম বেতন ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০,০০০ টাকা করার দাবিতে কিছুদিন ধরেই ক্ষোভ জমছিল বস্ত্রমণ্ডলে। মালিকপক্ষ ২৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে হাজার হাজার শ্রমিক রাস্তায় নামেন। এর পরেই আন্দোলনের তীব্রতা এক ধাক্কায় বহুগুণ বেড়ে যায়। সংঘাতের জেরে ইতিমধ্যেই অন্তত ৬৭০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, যা দেশের অর্থনীতিতে বিপুল প্রভাব ফেলছে।

সোমবার সকালে ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই সময়ে ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা বাস চালকের জীবন্ত দগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। এর পর রাত বাড়তেই বিভিন্ন জায়গায় ক্রুড বোমা নিয়ে হামলা শুরু হয়। মঙ্গলবার ভোরে নেত্রকোণার মোহনগঞ্জ স্টেশনে ঢাকা থেকে আসা হাওড় ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটিতে যাত্রীরা নামার পরপরই আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতপরিচয় যুবকেরা। মুহূর্তে দাউদাউ করে জ্বলে উঠে ট্রেনের চারটি বগি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: নিউ আলিপুরে ভরদুপুরে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা! হাতেনাতে ধরে ফেললেন স্থানীয়রা, থানায় তুমুল উত্তেজনা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার সকাল থেকেই ড্রোন ও বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করে বিজিবি কড়া নজরদারি চালাচ্ছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা বজায় রাখতে টহল দিচ্ছে সেনাবাহিনী। রাজনৈতিক উত্তেজনার সঙ্গে শ্রমিক অসন্তোষ মিশে গিয়ে ওপার বাংলা এখন পুরোপুরি বারুদের ওপর দাঁড়িয়ে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *