নয়াদিল্লি: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের দুই প্রধান শরিক সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতার আলোচনা শুরু হতেই প্রকাশ্যে এল তীব্র দর কষাকষি।
মঙ্গলবার নয়াদিল্লিতে দ্বিতীয় দফার আসন রফা বৈঠকের আগেই কংগ্রেসের জন্য মাত্র ২৬টি আসনের প্রস্তাব রেখেছে অখিলেশ যাদবের দল। সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা তথা সাংসদ রামগোপাল যাদব এবং রাজীব রাই সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট জানিয়েছেন, আপাতত কংগ্রেসকে ২৬টি আসন দেওয়ার প্রস্তাব করা হয়েছে, যদিও চূড়ান্ত সংখ্যা এখনও স্থির হয়নি।
অন্য দিকে, কংগ্রেস সূত্রে খবর, উত্তরপ্রদেশের ৪০০-র বেশি আসনের মধ্যে অন্তত ১০০টি আসনের দাবি থেকে এখনই পিছু হটতে নারাজ হাত শিবির। ফলে জোটের সমীকরণ মেলাতে গিয়ে রীতিমতো চাপে পড়েছে দুই দলই।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় প্রাথমিক ভাবে ১৮১টি আসন দাবি করেছিল কংগ্রেস। গত ১৪ নভেম্বর অখিলেশ যাদব নিজেই সে কথা জানিয়েছিলেন। তবে সোমবার নয়াদিল্লিতে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ প্রমোদ তিওয়ারির বাসভবনে হওয়া প্রথম দফার ১৫ মিনিটের বৈঠকে কিছুটা নমনীয় হয়ে ১০০ থেকে ১২০টি আসনের একটি সংশোধিত তালিকা সপা নেতৃত্বের হাতে তুলে দেয় কংগ্রেস।
আরও পড়ুন : রাহুল চান ১০০, সপা দেবে ৫৫! গোড়াতেই আসন জটে কং-সপা
পাশাপাশি, অন্তত ৬০টি ‘এ-গ্রেড’ বা জেতার মতো শক্তিশালী আসনও চেয়েছিল তারা। কিন্তু ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে সপা মাত্র ২৬টি আসন ছাড়ার প্রস্তাব দেওয়ায় জটিলতা তৈরি হয়েছে।
সপা সূত্রের দাবি, ওই ২৬টি আসনের অধিকাংশেই গত নির্বাচনে কংগ্রেস ১০ হাজারের বেশি ভোট পেয়েছিল, তবে বিজেপির জয়ের ব্যবধান ছিল অনেকটাই বেশি; ফলে সেগুলির অর্ধেকের বেশি ‘বি-ক্যাটাগরি’ ভুক্ত।
মঙ্গলবার দ্বিতীয় দফার বৈঠকের আগে সপা সাংসদ রামজি লাল সুমন কংগ্রেসকে বাস্তব পরিস্থিতি বুঝে নমনীয় হওয়ার বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য, “কংগ্রেসের কাছে আমাদের বিনীত অনুরোধ, বর্তমান সময়ের সংবেদনশীলতা বুঝে তারা যেন কিছুটা নমনীয় অবস্থান নেয়। দেশ ও রাজ্যের মানুষ চাইছেন, আমরা দু’পক্ষ মিলে একটি সমঝোতায় পৌঁছই।” সপা প্রধান অখিলেশ যাদবেরও স্পষ্ট মত, আসন সংখ্যার চেয়েও প্রার্থীর জেতার ক্ষমতা (উইনেবিলিটি)-কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
অন্য দিকে, কংগ্রেস নেতৃত্ব ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সাফল্য এবং ২০১৭ সালের জোটের পরিসংখ্যানকে হাতিয়ার করে বেশি আসনের দাবিতে অনড়। উল্লেখ্য, ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে ‘ইউপি কে লড়কে’ স্লোগান তুলে জোট বেঁধে লড়েছিল সপা ও কংগ্রেস।
সে বার ১০৭টি আসনে লড়ে কংগ্রেস মাত্র ৭টি এবং সপা ৪৭টি আসনে জিতেছিল। এর পর ২০২২-এর নির্বাচনে আলাদা লড়ে সপা ৩৪৭ আসনে লড়ে ১১১টি জিতলেও, ৩৯৯ আসনে লড়ে মাত্র ২টি আসনে নেমে আসে কংগ্রেস। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের ব্যানারে লড়ে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৪৩টি জিতে দারুণ প্রত্যাবর্তন ঘটায় দুই দল— সপা পায় ৩৭টি এবং কংগ্রেস জেতে ৬টি আসনে। সেই সাফল্যকেই এ বার দর কষাকষির প্রধান অস্ত্র করেছে কংগ্রেস।
রাজনৈতিক মহলের মতে, অমেঠী ও রায়বরেলির মতো কংগ্রেসের খাসতালুক এবং মৈনপুরী ও ইটাওয়ার মতো সপার গড় রক্ষা করতে দু’পক্ষই জোট বজায় রাখতে আগ্রহী। গত ১৬ নভেম্বর নয়াদিল্লিতে সনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ অনুষ্ঠানে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদবের মধ্যে এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে।
উত্তরপ্রদেশ কংগ্রেসের ইন-চার্জ রাজেন্দ্র পাল গৌতম এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আরাধনা মিশ্র-মোনা আশা প্রকাশ করেছেন, ইতিবাচক আলোচনার মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত রফাসূত্র বেরিয়ে আসবে।
Leave a comment