কলকাতা: কলকাতা পুরসভার সদর দফতরে মনীষীদের প্রতিকৃতি স্থাপন এবং চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই তা দেওয়াল থেকে উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে বুধবার তীব্র রাজনৈতিক বিতর্ক ও চাঞ্চল্য ছড়াল।
মঙ্গলবার পুরসভার মূল ভবনের দোতলায় অবস্থিত ‘কাউন্সিলর ক্লাব রুম’-এ প্রথম বারের জন্য আট জন বিশিষ্ট ব্যক্তিত্ব ও মনীষীর ছবি লাগানো হয়েছিল। সেই তালিকায় ছিলেন বিনায়ক দামোদর সাভারকর (বীর সাভারকর), শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভীমরাও আম্বেদকর-সহ দেশের আরও পাঁচ জন বরেণ্য ব্যক্তিত্ব। কিন্তু মঙ্গলবার ঘটা করে ছবিগুলি টাঙানো হলেও।
বুধবার সকালে ক্লাব রুমের দেওয়ালে একটি ছবিও আর দেখা যায়নি! এক দিনের মধ্যে কেন এবং কার নির্দেশে ওই আট মনীষীর ছবি খুলে ফেলা হল, তা নিয়ে পুরসভার অন্দরে এবং রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল তরজা।
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলর ক্লাব রুমের দেওয়ালে দীর্ঘদিন ধরেই পুরসভার প্রয়াত কাউন্সিলর এবং বরো চেয়ারম্যানদের প্রতিকৃতি সাজানো রয়েছে। মঙ্গলবার সেই পুরনো প্রতিকৃতিগুলিকে কিছুটা এক পাশে সরিয়ে রেখে নতুন করে ওই আট মনীষীর ছবি স্থাপন করা হয়েছিল। কিন্তু বুধবার সকালে পুরসভার কর্মী ও প্রাক্তন জনপ্রতিনিধিরা ক্লাব রুমে ঢুকে দেখেন, নতুন লাগানো আটটি ছবিই উধাও।
আরও পড়ুন : কলকাতা পুরসভার দেওয়ালে বীর সাভারকর! প্রশাসনিক সিদ্ধান্তে নয়া বিতর্ক
বিষয়টি জানাজানি হতেই শুরু হয় গুঞ্জন। যদিও বিতর্ক সামাল দিতে পুরসভা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এর পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই। পুরসভা সূত্রের দাবি, টাঙানো ছবিগুলির আয়তন বা মাপ কর্তৃপক্ষের পছন্দসই হয়নি। তাই সেগুলি খুলে রেখে নতুন করে আরও বড় আকারের বাঁধানো ছবি তৈরি করে অন্যত্র যথাযোগ্য মর্যাদায় স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে পুরসভার এই ‘আয়তন-তত্ত্ব’ মানতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। প্রশ্ন উঠছে, ছবিগুলির মাপ নিয়ে যদি কর্তৃপক্ষের আপত্তি থেকেই থাকে, তবে প্রথমে সেগুলি ক্লাব রুমের দেওয়ালে লাগানোর অনুমতি দেওয়া হল কেন?
ওয়াকিবহাল মহলের ধারণা, মূলত বীর সাভারকরের ছবি লাগানো নিয়ে যে তীব্র বিতর্ক ও আপত্তির আঁচ তৈরি হয়েছিল, তা ধামাচাপা দিতেই রাতারাতি ছবিগুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বীর সাভারকরের ছবি পুরসভার অন্দরে লাগানো নিয়ে তীব্র আপত্তি জানিয়ে কলকাতা পুরসভার প্রশাসক তথা পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে আনুষ্ঠানিক ভাবে চিঠি দিতে চলেছেন প্রাক্তন মেয়র পারিষদ ও প্রাক্তন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বাংলার ঐতিহ্যবাহী কলকাতা পুরসভার অন্দরে এ ধরনের ছবি স্থাপন তাঁরা কোনও ভাবেই মেনে নেবেন না।
সব মিলিয়ে, পুরসভা কর্তৃপক্ষের তরফে আট মনীষীর বড় মাপের ছবি পুনরায় লাগানোর আশ্বাস দেওয়া হলেও, সাভারকর-বিতর্কের জেরে আদৌ সেই ছবিগুলি আর পুরসভার দেওয়ালে ফেরে কি না, এখন সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
Leave a comment