কলকাতা: কালীপুজো বা আলোর উৎসবের রাত মুহূর্তেই রূপ নিল এক মর্মান্তিক রক্তস্নাত অধ্যায়ে। উৎসবের রাতে প্রেমিকার বাড়িতে বসে দিদার হাতের সুস্বাদু গোলা রুটি খাওয়ার আবদার করেছিলেন তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তই নিমেষে বদলে গেল ভয়ংকর ট্র্যাজেডিতে। মদ্যপানের আসরে তৃতীয় সম্পর্ক ও বচসার জেরে লিভ-ইন সঙ্গীর ধারালো অস্ত্রের আঘাতে খুন হতে হলো প্রেমিককে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার ফরতাবাদ এলাকায়। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিকা ও তাঁর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর বারাসতের বাসিন্দা সার্থক সরকার পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। দীর্ঘদিন ধরে গড়িয়ার ফরতাবাদের বাসিন্দা সঞ্চালিকা বসুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল এবং তাঁরা লিভ-ইন সম্পর্কেও ছিলেন। সঞ্চালিকার বাড়িতে মাঝেমধ্যেই যাতায়াত ছিল সার্থকের এবং তাঁর পরিবারের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। কালীপুজোর রাতে একসঙ্গে বাজি কিনে বাড়িতে উৎসব উদযাপনের পরিকল্পনা করেছিলেন দু’জনে। এমনকী বাড়ির প্রবীণা সদস্যের কাছে নিজের পছন্দের গোলা রুটি খাওয়ার আবদারও করেছিলেন সার্থক। কিন্তু রাতের দিকে ঘরে বসে মদ্যপানের সময় আচমকাই ছবিটা পাল্টে যায়।
আরও পড়ুন: গড়িয়ায় লিভ-ইন সঙ্গীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা!
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, মদ্যপানের আসরে একে অপরের বিরুদ্ধে একাধিক পরকীয়া বা তৃতীয় সম্পর্কের অভিযোগ তুলতেই তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। সঞ্চালিকা ও সার্থক উভয়েই দাবি করতে থাকেন যে একে অপরের একাধিক মহিলার বা পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। কথা কাটাকাটি বাড়তে বাড়তেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযোগ, সেই উত্তেজনার মুহূর্তেই গাঁজা কাটার একটি ধারালো কাঁচি দিয়ে সার্থকের ডান দিকের ঘাড়ে সজোরে আঘাত করেন সঞ্চালিকা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক। চিৎকারের আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মৃত যুবকের প্রেমিকা সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে। মায়ের ঠিক কী ভূমিকা ছিল বা এই খুনের নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর থেকেই ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছে এবং শীঘ্রই ফরেনসিক দল ঘটনাস্থল থেকে সমস্ত নমুনা সংগ্রহ করবে বলে জানা গিয়েছে। উৎসবের রাতে এমন নৃশংস হত্যাকাণ্ডে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোক ও আতঙ্কের ছায়া।
Leave a comment