ইসলামপুর ও দিঘা: রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই আইন শৃঙ্খলা ও নারী সুরক্ষায় এক প্রকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে বর্তমান বিজেপি সরকার। আর সেই নীতি মেনেই ফের এক চাঞ্চল্যকর এনকাউন্টারের সাক্ষী থাকল উত্তরবঙ্গ।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মূল অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বাংলা-বিহার সীমান্ত এলাকায় ভিন্রাজ্যে পালানোর সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তাঁর মৃত্যু হয়েছে।
গত পাঁচ মাসে রাজ্যে পুলিশের গুলিতে মোট চারজন অপরাধীর মৃত্যুর ঘটনা ঘটল। এই আবহে রায়গঞ্জের ঘটনা প্রসঙ্গে দিঘার এক জনসভা থেকে সরাসরি আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, ধর্ষণকারী, খুনি এবং সমাজবিরোধীদের দমনে পুলিশকে সম্পূর্ণ ‘খোলা হাত’ দেওয়া হয়েছে।
পুলিশ ও তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রায়গঞ্জের কমলাবাড়ি এলাকা থেকে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল ১২ বছরের ওই কিশোরী। দীর্ঘ খোঁজাখুঁজির পর গত বৃহস্পতিবার বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে কুলিকের জঙ্গল থেকে তার বিবস্ত্র ও পচাগলা দেহ উদ্ধার হয়।
আরও পড়ুন: কুলিকের জঙ্গলে নাবালিকাকে ‘ধর্ষণ-খুন’, বাংলা-বিহার সীমানায় পুলিশের গুলিতে খতম অভিযুক্ত ‘জেঠু’
প্রাথমিক তদন্তে ধর্ষণের পাশাপাশি গলায় ফাঁস লাগিয়ে তাকে নৃশংসভাবে খুন করার প্রমাণ মেলে। ঘটনার তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। তাতেই দেখা যায়, প্রতিবেশী তথা সম্পর্কে ওই কিশোরীর ‘জেঠু’ দিলীপ রায়ের সঙ্গে সে সাইকেলে করে যাচ্ছিল। পরবর্তীতে কর্ণজোড়ার একটি ভাঙা লোহালক্করের দোকান থেকে মৃতার সাইকেলটি উদ্ধার হয় এবং সিসিটিভিতে দিলীপকে ওই সাইকেল নিয়ে যেতে দেখা যায়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পেশায় রাজমিস্ত্রির সহকারী এই দিলীপ রায়ের বিরুদ্ধে এর আগেও অন্তত দু’বার যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছিল। তিন-চার বছর আগে কামতাবাড়ি-২ এবং পরবর্তীতে শিয়ালমনি এলাকার কুলিক জঙ্গলের ভেতরেও এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
তবে তৎকালীন সময়ে স্থানীয় স্তরে সালিশি সভার মাধ্যমে সেই সমস্ত অপরাধ ধামাচাপা পড়ে যাওয়ায় পুলিশের নাগাল এড়িয়ে গিয়েছিলেন দিলীপ। এ বারও অপরাধের পর গা ঢাকা দিয়েছিলেন তিনি। এমনকী, কিশোরী নিখোঁজ থাকার দিনগুলিতে পুলিশের সঙ্গে তল্লাশিতে অংশ নেওয়া থেকে শুরু করে পুলিশ ফাঁড়িতে গিয়ে পথ অবরোধের হুমকি দিয়ে নাটকও করেছিলেন অভিযুক্ত।
অবশেষে মোবাইল টাওয়ার লোকেশন ও গোপন সূত্রের খবরের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পারেন যে, দিলীপ বিহার সীমান্ত দিয়ে ভিন্রাজ্যে পালানোর ছক কষছেন। রবিবার গভীর রাতে বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তদন্তকারীদের লক্ষ্য করে গুলি চালান দিলীপ। পুলিশের গাড়ির টায়ারে গুলি লাগে। এর পরই আত্মরক্ষার্থে এবং বাধ্য হয়ে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অভিযুক্ত। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এই ঘটনার পরেই দিঘায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতি আয়োজিত কালীপুজোয় এসে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্মসূচি ও জনসভা থেকে মুখ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় জানান, অপরাধীদের দমনে পুলিশকে কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের এই কঠোর অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বন্দুক কি পুলিশের পকেটে রাখার জিনিস? পুলিশকে আক্রমণ করলে তারা তো জবাব দেবেই। ধর্ষক-খুনি, নেশাজাত দ্রব্য পাচারকারী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। এ জন্য সুপিরিয়রের অনুমতিও নিতে হবে না। পুলিশকে খোলা হাত দিয়ে এসেছি।’’
একই সঙ্গে রাজ্যে বিগত আমলের নানা দুর্নীতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, তোলাবাজি বা সিন্ডিকেটবাজি বরদাস্ত করা হবে না। যারা এখনও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে, রায়গঞ্জের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্তের এনকাউন্টার এবং মুখ্যমন্ত্রীর এই কঠোর হুঁশিয়ারি বাংলাজুড়ে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
Leave a comment