ইসলামাবাদ: শোয়ার ঘরের মেঝে ভেসে যাচ্ছে রক্তে।
ঠিক পাশেই হাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছেন খোদ স্বামী। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক জনপ্রিয় সংবাদ পরিবেশক তথা সাংবাদিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে শুরু হল মারাত্মক বিতর্ক ও তীব্র শোরগোল।
মৃত পাকিস্তানি অ্যাঙ্করের নাম রাবিয়া এহসান (৪১)। গত রবিবার নিজের বাড়িতেই গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর দেহ। এই চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই নিহতের স্বামী এহসান তাহিরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে খুনে ব্যবহৃত সন্দেহভাজন পিস্তলটিও। এই ঘটনার পর দেশজুড়ে কর্মজীবী মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের মারাত্মক প্রশ্ন উঠতে শুরু করেছে।
সামাজিক মাধ্যমে ছড়ি়য়ে পড়া এফআইআর (FIR) ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বেলা প্রায় তিনটে নাগাদ রাওয়ালপিন্ডিতে নিজের বাড়িতেই রহস্যজনক ভাবে গুলিবিদ্ধ হন রাবিয়া। ঘটনার সময় তাঁর বৃদ্ধা মা এবং বোন বাড়ির সামনের লনে বসেছিলেন।
হঠাৎই ওপরতলার শোয়ার ঘর থেকে গুলির বিকট শব্দ ভেসে আসে। শব্দ শুনে রাবিয়ার বোন আলবিনা তড়িঘড়ি তিনতলার শোয়ার ঘরে ছুটে যান। ঘরে ঢুকতেই তিনি দেখেন, মেঝের ওপর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছেন রাবিয়া। আর ঠিক তাঁর পাশেই আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন তাঁর স্বামী এহসান তাহির।
আরও পড়ুন : দিল্লি থেকে সরাসরি ট্রাইব্যুনালে সারেন্ডার? নতুন চালে ভারত ছাড়ার তোড়জোড় মুজিবকন্যার!
খবর পেয়েই অকুস্থলে পৌঁছায় স্থানীয় থানার বিশাল পুলিশবাহিনী। অপরাধস্থলের প্রাথমিক শরীরবৃত্তীয় পরীক্ষা ও প্রাথমিক অনুসন্ধানের পর তদন্তকারীরা জানান, ৪১ বছর বয়সী রাবিয়ার ঘাড়ের ঠিক নিচে একটি গভীর গুলির ক্ষত রয়েছে। পাশাপাশি তাঁর পিঠের ডান দিকেও একটি মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে ‘দ্য পঞ্জাব ফরেন্সিক সায়েন্স অথরিটি’ (PFSA)-র বিশেষজ্ঞরা ১টি পয়েন্ট ৩০ বোরের পিস্তল এবং বেশ কিছু তাজা গুলি উদ্ধার করেছেন।
পুলিশি জেরায় ঘটনা নতুন মোড় নেয়। জানা গিয়েছে, ঘটনার ঠিক পরই ওই বাড়ির এক পুরুষ পরিচারক পুলিশকে জানান, তাহিরের দাবি অনুযায়ী নাকি ভুলবশত বা অসাবধানতাবশত এই গুলি চলেছে! অর্থাৎ ঘটনাটি নেহাতই একটি ‘দুর্ঘটনা’ বলে চালানোর চেষ্টা করেছিলেন নিহত অ্যাঙ্করের স্বামী।
তবে পুলিশি জেরার মুখে ওই আগ্নেয়াস্ত্রের কোনও বৈধ লাইসেন্স বা ব্যবহারের ছাড়পত্র দেখাতে পারেননি এহসান তাহির। সমস্ত তথ্যপ্রমাণ এবং পরিবারের জবানবন্দির ওপর ভিত্তি করে পাকিস্তান দণ্ডবিধির (PPC) ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে তাহিরের বিরুদ্ধে।
ধৃত এহসান তাহির ওভারসিজ পাকিস্তানিজ ফাউন্ডেশন (OPF)-এর কর্মরত। আর নিহত রাবিয়া এহসান দেশের নামী সংবাদমাধ্যম ‘৯২ নিউজ’-এ দীর্ঘ দিন ধরে অ্যাঙ্কর হিসেবে কাজ করছিলেন। দুই কন্যাসন্তানের জননী রাবিয়ার এই নৃশংস মৃত্যুতে পাক সংবাদমাধ্যমে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এই হত্যাকাণ্ডের জেরে আন্তর্জাতিক ও রাজনৈতিক অলিন্দেও তীব্র ক্ষোভ ছড়িয়েছে। পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি এই হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
রাষ্ট্রপতির দফতর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সাংবাদিক রাবিয়া এহসানের হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছেন ফার্স্ট লেডি। ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করতে একটি পুঙ্খানুপুঙ্খ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।’’
এর পাশাপাশি মাত্র তিন মাস আগের অন্য এক কর্মজীবী নারী হিনা জাভেদের হত্যাকাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছেন ফার্স্ট লেডি। আসিফা ভুট্টো আক্ষেপ প্রকাশ করে জানান, ‘‘তিন মাস পেরিয়ে গেলেও হিনা জাভেদ হত্যাকাণ্ডের তদন্তের পরিণতি এখনও মেলেনি। কর্মক্ষেত্রে এবং পরিবারে নারীদের ভয়হীন ভাবে বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই ধরনের ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত।’’
রাওয়ালপিন্ডি পুলিশ আপাতত ধৃত এহসান তাহিরকে রিমান্ডে নিয়ে জেরা করছে এবং খুনের পেছনে পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও গভীর চক্রান্ত লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত জারি রেখেছে।
Leave a comment