•
Home কলকাতা শূন্যে তাণ্ডব! কালীপুজোর রাতে সরশুনায় বন্দুক উঁচিয়ে এলোপাথাড়ি গুলি যুবকের, গ্রেফতার ১
কলকাতা

শূন্যে তাণ্ডব! কালীপুজোর রাতে সরশুনায় বন্দুক উঁচিয়ে এলোপাথাড়ি গুলি যুবকের, গ্রেফতার ১

Share
হিডেন স্টোরিজ নিউজ
প্রতীকী ছবি
Share

কলকাতা: কালীপুজোর রাতে আলোর উৎসবের মাঝে হঠাৎই গুলির শব্দে কেঁপে উঠল বেহালার সরশুনার রক্ষিত পাড়া এলাকা। অভিযোগ, উৎসবের আনন্দে মেতে উঠে পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে শূন্যে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন এক যুবক। দীপাবলির রাতে প্রকাশ্য রাস্তায় এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র তাঁর হাতে এল এবং এর নেপথ্যে অন্য কোনো বড় কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে সরশুনার ওই মণ্ডপের সামনে দাঁড়িয়ে কয়েকজন যুবক মিলে দেদার বাজি পোড়াচ্ছিলেন। সেই ভিড়ের মধ্যেই আচমকা রাম পাল নামে ওই ব্যক্তি বন্দুক উঁচিয়ে শূন্যে গুলি চালাতে শুরু করেন। এই আকস্মিক ঘটনায় প্রাণভয়ে হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। এলাকার লোকজনই দ্রুত সাহস সঞ্চয় করে খবর দেন থানায়। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্ত রাম পালকে হাতেনাতে ধরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের একটা বড় অংশের দাবি, মদ্যপ অবস্থায় বাজি পোড়ানোর উত্তেজনায় নেহাত ‘ফূর্তি’ করতেই ওই যুবক শূন্যে গুলি চালিয়েছিল। ঘটনার পর তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে গুলির তাজা খোল উদ্ধার করলেও এখনও পর্যন্ত মূল অস্ত্রটির সন্ধান মেলেনি।

আরও পড়ুন : কাঁচির কোপে খুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার!

এদিকে রবিবার বিকেল গড়াতেই তিলোত্তমার বিভিন্ন প্রান্তে রমরমিয়ে চলেছে নিষিদ্ধ শব্দবাজির দাপট। সেই বেআইনি কারবার ও বিশৃঙ্খলা রুখতে শহরজুড়ে ব্যাপক অভিযান চালায় লালবাজার। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র রবিবার কালীপুজোর রাতেই নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, অসংযত ও উশৃঙ্খল আচরণ করার অপরাধে খাঁচায় পুরেছে আরও ৩৮৭ জনকে। সবমিলিয়ে কালীপুজোর ওই বিশেষ রাতে কলকাতার আইনশৃঙ্খলা বজায় রাখতে মোট ৫৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে গোটা দিন ধরে অভিযান চালিয়ে শহরজুড়ে প্রায় ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬ লিটার বেআইনি মদও বাজেয়াপ্ত করেছে প্রশাসন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *