কলকাতা: শালবনি জমি দুর্নীতি মামলায় জামিন খারিজ হওয়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী বা পিএ সুমিত রায়ের আইনি অস্বস্তি আরও বাড়ল। পুলিশের হাতে স্বামীর ভুয়ো এনকাউন্টার হতে পারে—এমন চাঞ্চল্যকর ও চরম আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়ের স্ত্রী। তবে মঙ্গলবার সেই মামলার জরুরি ও দ্রুত শুনানির আর্জি সরাসরি খারিজ করে দিয়েছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালতের এই পদক্ষেপে আপাতত কোনো তাৎক্ষণিক আইনি সুরক্ষা পেলেন না অভিযুক্ত সুমিত রায়।
মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সুমিত রায়ের পক্ষে আইনজীবীরা মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। কিন্তু আদালত পরিষ্কার জানিয়ে দেয় যে, এই মুহূর্তে এই মামলা বিশেষ গুরুত্ব দিয়ে তড়িঘড়ি শোনা হবে না। নির্ধারিত নিয়ম মেনেই মামলাটিকে নিয়মিত শুনানির বেঞ্চে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ফলে আইনি লড়াইয়ে কিছুটা হলেও বড় ধাক্কা খেল সুমিতের পরিবার।
আরও পড়ুন: কপালে লাল টিকা, হাতে ফাইল! জামিনের পরেই মঙ্গলের বারবেলায় সল্টলেকের ইডি দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আইনজীবী মহল সূত্রে জানা গেছে, শালবনি জমি দুর্নীতির মামলায় অভিযুক্ত সুমিতের জামিনের আবেদন আগেই খারিজ হয়ে গিয়েছিল। এর পরেই তাঁর স্ত্রী উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন যে, রাজ্য পুলিশের হেফাজতে বা গ্রেপ্তারি অভিযানের নাম করে তাঁর স্বামীকে ভুয়ো এনকাউন্টার করে মেরে ফেলা হতে পারে। এর আগে সংবাদমাধ্যমের সামনেও তিনি দাবি করেছিলেন যে, একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে সুমিতকে। পাশাপাশি পুলিশি হেফাজতে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে জোরপূর্বক ও মারধর করে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টে সিবিআই তদন্ত কিংবা কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠনের আর্জি জানানো হয়েছিল।
তবে ডিভিশন বেঞ্চ জরুরি শুনানির আবেদন নাকচ করে দেওয়ায় মামলাটি এখন নিয়মমাফিক বেঞ্চেই উঠবে। স্বাভাবিক নিয়মে কবে মামলার শুনানি হবে এবং আদালত সুমিত রায়ের সুরক্ষার আর্জি আদৌ কবুল করে কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক ও আইনি মহল।
Leave a comment