•
Home Top-News শান্তিনিকেতনের পর আসানসোল, পুলিশকে গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীর, চলছে তল্লাশি
Top-Newsপশ্চিমবঙ্গ

শান্তিনিকেতনের পর আসানসোল, পুলিশকে গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীর, চলছে তল্লাশি

Share
প্রতাপের বাড়ির সামনে পুলিশ। নিজস্ব ছবি
Share

আসানসোল: বীরভূমের শান্তিনিকেতনের রেশ কাটতে না কাটতেই এ বার শিল্পাঞ্চল আসানসোলে পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে পালিয়ে গেল এক দুষ্কৃতী। বুধবার আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত ইসমাইলের মাদার টেরেজা সরণিতে সাইবার প্রতারণা, ডাকাতি ও খুন-সহ একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত প্রতাপ দাস ওরফে ‘প্যাও’-কে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। 

কিন্তু পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে আঁচ করতে পেরেই অভিযানকারী দলকে লক্ষ্য করে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় প্রতাপ। সৌভাগ্যবশত গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি দেওয়ালে গিয়ে লাগায় কোনও পুলিশকর্মী আহত হননি। এই ঘটনার পরই গোটা শিল্পাঞ্চলে চরম চাঞ্চল্য ছড়িয়েছে। পলাতক প্রতাপের খোঁজে আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ এবং হীরাপুর থানার পুলিশ একযোগে চিরুনি তল্লাশি শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর ঠিক আগেই জেল থেকে জামিনে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়েছিল প্রতাপ দাস। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার সে ইসমাইল এলাকার ভাড়াবাড়িতে ফিরেছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। 

আসানসোল দক্ষিণ থানায় দায়ের হওয়া একটি সাইবার প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় হানা দেয়। উল্লেখযোগ্য ভাবে, এ দিনই নিমচা ফাঁড়ি থেকে বদলি হয়ে হীরাপুর থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন নাসরিন সুলতানা, আর সে দিনই এই গুলিবর্ষণের ঘটনা ঘটল।

আরও পড়ুন : বর্গার জমি হাতিয়ে বাংলাদেশিদের, কোচবিহারে বামেদের তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

পুলিশের দাবি, বাহিনী বাড়ির কাছাকাছি পৌঁছতেই বিপদ বুঝে আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে প্রতাপ। আচমকা গুলিবর্ষণে পুলিশকর্মীরা সাময়িক ভাবে হতচকিত হয়ে পড়লে সেই সুযোগে এলাকা ছেড়ে পালায় সে। 

আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার প্রণব কুমার বলেন, “আসানসোল দক্ষিণ থানার পুলিশ এক অভিযুক্তকে ধরতে গেলে সে গুলি চালিয়ে পালিয়ে যায়। কোনও পুলিশকর্মীর গায়ে গুলি লাগেনি। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করার চেষ্টা চলছে।”

তবে পুলিশের এই বয়ানের পাল্টা দাবি করেছেন প্রতাপের স্ত্রী রিনা দাস। তাঁর বক্তব্য, “প্রতাপের বিরুদ্ধে কোনও মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল না। পুলিশ এসে গেটে ধাক্কা দিয়ে ওকে ডাকতে বলে, সঙ্গে কোনও মহিলা পুলিশও ছিল না। পুলিশের ভয়ে ও দৌড়ে পালিয়েছে। গুলি চালিয়েছে কি না আমি দেখিনি, কারণ আমি ঘরের ভিতরে ছিলাম।” 

যদিও স্বামীর বিরুদ্ধে আগেও একাধিকবার থানায় অভিযোগ দায়ের হওয়া এবং পুলিশের বাড়িতে আসার কথা স্বীকার করেছেন তিনি। ইতিমধ্যেই প্রতাপের বাড়িতে ঢুকে তল্লাশি চালানোর পাশাপাশি তার কাছে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে, তা জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পুলিশ রেকর্ড বলছে, প্রতাপ দাস ওরফে প্যাও এলাকার একজন দাগি দুষ্কৃতী। অতীতে সালানপুরে পেট্রোল পাম্পে ডাকাতি, পুরুলিয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিচালনা এবং আসানসোল বাজার এলাকায় ভাই-বোনকে খুনের ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়ার মতো গুরুতর মামলায় নাম জড়িয়েছে তার। বারবার গ্রেফতার হয়েও জামিনে বেরিয়ে ফের অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে সে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় শান্তিনিকেতনের লায়েকবাজার এলাকায় দুষ্কৃতী রতন শেখকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন কনস্টেবল বিশ্বজিৎ দাস। পরবর্তীতে ১৫ নভেম্বর নানুরের একটি ইটভাটায় অস্ত্র উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে ‘এনকাউন্টারে’ নিহত হয় রতন। বোলপুরের সেই ঘটনার রেশ মিলিয়ে যাওয়ার আগেই আসানসোলে ঠিক একই কায়দায় পুলিশকে গুলি করে দুষ্কৃতীর পালিয়ে যাওয়ার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধীদের দুঃসাহস নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *