চেন্নাই: এ যেন এক রূপকথার সমাপ্তি!
যা কোনও আনুষ্ঠানিকতার তোয়াক্কা করেনি! ২০২০ সালে ঠিক যেমন একটি ইনস্টাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানিয়েছিলেন, আইপিএল থেকে খেলোয়াড় হিসেবে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটাও ঠিক ততটাই নিঃশব্দে ও নিরুত্তাপ ভঙ্গিতে জানালেন মহেন্দ্র সিংহ ধোনি।
মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) তরফে তাঁকে ‘টিম মেন্টর’ হিসেবে ঘোষণা করার পর সেই নেপথ্য কাহিনিই প্রকাশ্যে আনলেন ফ্র্যাঞ্চাইজি মালিক রূপা গুরুনাথ। জানালেন, শনিবার রিটেনশন তালিকা চূড়ান্ত করার সময় একটি ভিডিও কলে ধোনি নিজেই অত্যন্ত শান্ত গলায় সিইও কাশী বিশ্বনাথনকে বলেছিলেন, দল থেকে বাদ পড়া বা ‘রিলিজ়’ তালিকায় তাঁর নামটাও জুড়ে দিতে!
মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজির তরফে প্রকাশিত একটি ভিডিওতে সেই আবেগঘন মুহূর্তের স্মৃতিচারণ করেছেন রূপা গুরুনাথ। তিনি জানান, কয়েক মাস আগে ধোনির সঙ্গে দেখা হওয়ার সময়েই ৪৫ বছরের প্রাক্তন অধিনায়ক ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী মরশুমে তাঁর পক্ষে মাঠে নামা অনিশ্চিত।
চোট-আঘাতের কারণে গত মরশুমে একটি ম্যাচেও খেলতে পারেননি তিনি। রূপা বলেন, “শনিবার আমরা ভিডিও কলে আগামী মরশুমের পরিকল্পনা ও রিলিজ় তালিকা নিয়ে আলোচনা করছিলাম। আলোচনার একদম শেষে কাশী যখন রিলিজ় হওয়া ক্রিকেটারদের নাম পড়ছিলেন, তখন অত্যন্ত শান্ত ভাবে এমএস বলে উঠলেন ‘হয়তো আমার নামটাও এর মধ্যে জুড়ে দেওয়া উচিত’। বিশ্বাস করবেন না, ঠিক সেই মুহূর্তেই আমাদের ভিডিও কলটি কেটে যায়! আমি আবার ফোন করে ওদের বলি, জান তো, ইন্টারনেটও বোধহয় মেনে নিতে পারছে না যে তুমি পরের মরশুমে আর খেলবে না!”
আরও পড়ুন : বাইশ গজে ‘থালা’ অধ্যায়ের ইতি! আইপিএলকে বিদায় ধোনির, এবার নতুন ভূমিকায়
২০০৮ সালে আইপিএলের প্রথম নিলাম থেকেই চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছিলেন ধোনি। রূপা স্মৃতিচারণ করে জানান, তাঁর বাবা এন শ্রীনিবাসন যখন সিএসকে দল কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তাঁর একমাত্র শর্ত ছিল, দলের অধিনায়ক হবেন মহেন্দ্র সিংহ ধোনি। রূপার কথায়, “গত প্রায় ২০ বছর ধরে চেন্নাই সুপার কিংস এবং এমএস ধোনি সমস্ত ওঠাপড়ার মধ্যে দিয়ে হাতে হাত রেখে পথ চলেছে। আমরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ধোনি এমনই এক মানুষ, যিনি দলকে নিজের ২০০ শতাংশ দিতে না পারলে কখনও মাঠে নামেন না। দলের বোঝা হয়ে থাকতে চান না বলেই সঠিক সময়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।”
চিপকের গ্যালারি আর দেখতে পাবে না ধোনির সেই চেনা ‘হেলিকপ্টার শট’, উইকেটের পিছনে বিদ্যুৎগতির স্টাম্পিং কিংবা স্রেফ আঙুলের একটি সূক্ষ্ম ইশারায় ফিল্ডিং সাজিয়ে ম্যাচের রং বদলে দেওয়ার জাদু! রূপা অকপটেই স্বীকার করেছেন, মাঠে ধোনিকে আর খেলতে দেখা যাবে না, এই সত্যটা মেনে নেওয়া তাঁদের এবং কোটি কোটি সমর্থকের কাছে অত্যন্ত কঠিন।
তবে খেলোয়াড়-জীবনের যবনিকা পড়লেও চেন্নাইয়ের ‘ঘরের ছেলে’ চেন্নাইয়েই থাকছেন। আগামী ২০২৭ মরশুমে সিএসকে-র মেন্টর হিসেবে নতুন ইনিংস শুরু করবেন ধোনি। বর্তমানে পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে চেন্নাই শিবির, গড়ে তোলা হচ্ছে এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে নতুন দল।
রূপার বিশ্বাস, মাঠ ও মাঠের বাইরে তরুণ প্রজন্মের কাছে ধোনির উপস্থিতিই হবে সবচেয়ে বড় পাঠশালা। “প্রথম দিন থেকে এমএস আমাদের সঙ্গে ছিলেন, আগামী দিনেও ‘সুপার কিং’ হয়েই থাকবেন। নতুন অবতারে আমাদের মেন্টর হিসেবে ওঁকে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি,” আশাবাদী রূপা গুরুনাথ।
Leave a comment