মুম্বই: আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসতে চলেছে আইপিএল ২০২৭-এর মিনি নিলামের আসর।
আর সেই নিলামকে ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে পারদ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রকাশিত প্রাথমিক নিলাম তালিকায় নাম নথিভুক্ত করেছেন মোট ১,২২০ জন ক্রিকেটার, যাঁদের মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি।
দশটি ফ্র্যাঞ্চাইজ়ির হাতে রয়েছে সর্বোচ্চ ৬৬টি শূন্যপদ, যার মধ্যে ২৫টি বিদেশি ক্রিকেটারের জায়গা। প্রাথমিক এই তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবং অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ৩৫ বছর বয়সি স্টোকস এবং গত বারের নিলামে অবিক্রীত থাকা ওয়ার্নার দু’জনেই সর্বোচ্চ ২ কোটি টাকার বেস প্রাইস বা ন্যূনতম মূল্যে নিলামে নাম লিখিয়েছেন। পাশাপাশি, ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেওয়াগে ছেলে আর্যবীরের নিলামে নাম নথিভুক্তি ঘিরেও তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে শেষ বার আইপিএল খেলেছিলেন বেন স্টোকস। পুণে, রাজস্থান এবং চেন্নাইয়ের হয়ে মোট ৪৫টি ম্যাচে ৯৩৫ রান ও ২৮টি উইকেট নেওয়া এই ইংরেজ অলরাউন্ডার চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
আরও পড়ুন : ৫২ বলে ডবল সেঞ্চুরি! এক ম্যাচে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক, তাণ্ডব বেবি বসের
অন্যদিকে, ২০২৬-এর নিলামে দল না পেয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলা ডেভিড ওয়ার্নার ফের আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তনের জন্য মরিয়া। ২ কোটি টাকার সর্বোচ্চ ক্যাটাগরিতে স্টোকস ও ওয়ার্নারের পাশাপাশি রয়েছেন নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ট্রেন্ট বোল্ট, অস্ট্রেলিয়ার জেক ফ্রেজ়ার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন, ঝাই রিচার্ডসন, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, টম কারান, দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্ৎজে, জেরাল্ড কোয়েৎজ়ে এবং শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ও ওয়ানিন্দু হাসরঙ্গার মতো একঝাঁক তারকা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ২ কোটির তালিকায় জায়গা পেয়েছেন দুই পেসার আবেশ খান এবং দীপক চাহার।
এ বারের নিলাম তালিকায় ভারতীয় তরুণ প্রতিভাদের মধ্যে আলাদা নজর কেড়েছেন বীরেন্দ্র শেওয়াগের ছেলে আর্যবীর। সম্প্রতি ওমানে ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ হয়েছিলেন আর্যবীর। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ১ উইকেটে জয়ের অন্যতম কারিগর মোহিত উলভা এবং কাব্যন পটেলও নিলামে নাম লিখিয়েছেন। এই তিন তরুণ তুর্কির প্রত্যেকেরই ন্যূনতম দাম ধার্য হয়েছে ৩০ লক্ষ টাকা।
অন্য দিকে, বাংলাদেশ থেকে মোট ১১ জন ক্রিকেটার প্রাথমিক তালিকায় জায়গা পেলেও বাদ পড়েছেন সে দেশের তিন বড় নাম, শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। উল্লেখ্য, গত মরশুমের আগে বিসিসিআই-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এ বার বাংলাদেশের যে ১১ জন নিলামে থাকছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য তৌহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজ়িম হাসান সাকিব, রিশাদ হোসেন (১ কোটি বেস প্রাইস) এবং হাসান মাহমুদ।
এ ছাড়া ১.৫০ কোটির তালিকায় রয়েছেন রাসি ভ্যান ডার ডুসেন, ড্যানিয়েল স্যামস, রাইলি মেরেডিথ, আল্লাহ মহম্মদ গজনফর।
১.২৫ কোটির তালিকায় অ্যাস্টন অ্যাগার ও কাইল মেয়ার্স এবং ১ কোটির তালিকায় আকাশ দীপ, উমেশ যাদব, জয়দেব উনাদকট, তুষার দেশপান্ডে, মহম্মদ নবি, কুশল মেন্ডিস ও মাহিশ থিকশানার মতো পরিচিত মুখেরা। ফ্র্যাঞ্চাইজ়িগুলির পছন্দের তালিকা জমা পড়ার পর শীঘ্রই চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করবে বোর্ড।
Leave a comment