•
Home Top-News ফের আগুন কলকাতায়! মল্লিকবাজারে বহুতলের কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড, লড়ছে দমকল
Top-Newsকলকাতা

ফের আগুন কলকাতায়! মল্লিকবাজারে বহুতলের কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড, লড়ছে দমকল

Share
মল্লিকবাজারের বহুতল আগুন। নিজস্ব ছবি
Share

কলকাতা: শীতের আমেজ পড়তেই ফের অগ্নিকাণ্ডের আতঙ্ক ফিরল তিলোত্তমায়। 

বুধবার সকালে মধ্য কলকাতার মল্লিকবাজার সংলগ্ন ৩৫, এজেসি বোস রোডের একটি বহুতলের কাপড়ের গুদামে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। কিন্তু বহুতলটি অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং সরু গলির মধ্যে অবস্থিত হওয়ায় আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। 

শেষ পর্যন্ত বড় রাস্তায় ইঞ্জিন দাঁড় করিয়ে লম্বা পাইপের সাহায্যে ভিতরে জল পাঠিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। তবে গুদামটিতে বিপুল পরিমাণ কাপড় বোঝাই থাকায় আগুনের তীব্রতা ছিল যথেষ্ট বেশি। দমকল ও পুলিশের যৌথ তৎপরতায় বহুতলের সমস্ত বাসিন্দাকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হওয়ায় বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

স্থানীয় ও দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা গড়াতেই ৩৫, এজেসি বোস রোডের ওই বহুতলের দোতলায় অবস্থিত কাপড়ের গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা। মুহূর্তের মধ্যে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আগুনের লেলিহান শিখা বহুতলের উপরের তলাগুলিতেও ছড়িয়ে পড়ার উপক্রম হয়। 

আরও পড়ুন : শহরের গতিতে লাগাম টানতে নয়া দাওয়াই পুলিশের

আতঙ্কে বহুতলের বাসিন্দারা ছোটাছুটি শুরু করে দেন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দমকলে খবর দেন। প্রথমে একটি ইঞ্জিন এলেও আগুনের ভয়াবহতা দেখে পরপর আরও চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ।

ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই গুদামে আগুন লেগে থাকতে পারে। দমকলের এক আধিকারিক জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। 

পাশাপাশি, ঘিঞ্জি এলাকার ওই বহুতল ও কাপড়ের গুদামে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা (ফায়ার সেফটি) ছিল কি না এবং গুদামটি বৈধ অনুমতি নিয়ে চলছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হবে। অগ্নিসুরক্ষা বিধিতে কোনও গাফিলতি ধরা পড়লে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে দমকল দফতর।

উল্লেখ্য, শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। গত সপ্তাহেই পরপর দু’দিন কলকাতার দুই প্রান্তে আগুন লেগেছিল। গত বৃহস্পতিবার, ১৯ নভেম্বর পাম অ্যাভিনিউয়ের ঘিঞ্জি বস্তিতে ভয়াবহ আগুন নেভাতে দমকলের ১৪টি ইঞ্জিনকে কয়েক ঘণ্টা লড়াই করতে হয়েছিল। 

তার ঠিক আগের দিন, ১৮ নভেম্বর কালীঘাট মেট্রো স্টেশনের পাশের একটি ধাবায় আগুন লাগে, যা দু’টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া, চলতি মাসের শুরুতে মহাকরণের পিছনের একটি বাড়িতে আগুন নেভাতে দমকলের ১০টি ইঞ্জিন নামাতে হয়েছিল এবং তার কয়েক দিন আগে অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সের তিন নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগায় দমকলের সাতটি ইঞ্জিন কাজ করেছিল। ধারাবাহিক এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলি শহরের অগ্নিনির্বাপণ ও নজরদারি ব্যবস্থার কঙ্কালসার চেহারাটাই ফের প্রকাশ্যে এনে দিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *