•
Home বিনোদন করিনার গলায় ৩০ ক্যারেটে পান্না! সইফিনায় জমকালো ভোপাল রাজবাড়ি
বিনোদন

করিনার গলায় ৩০ ক্যারেটে পান্না! সইফিনায় জমকালো ভোপাল রাজবাড়ি

Share
দীপের আলোয় অন্য় করিনা। ছবি: ইনস্টা
Share

মুম্বই: ফ্যাশনের দরবারে করিনা কাপুর কাপুর খান মানেই এক নতুন রূপকথা। 

ফ্যাশন বুকের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে কী ভাবে লিখিয়ে নিতে হয়, তা বোধহয় ‘বেগম সাহেবা’র চেয়ে ভাল আর কেউ জানেন না। চলতি বছরের দীপাবলির উৎসবেও তার অন্যথা হলো না। স্বামী সাইফ আলি খানের রাজকীয় গ্ল্যামারের সঙ্গে তাল মিলিয়ে রাজকীয় ফ্যাশন গোলের এক অনন্য নজির গড়ে তুললেন করিনা। 

তবে পিঙ্ক সিটি জয়পুরের বিখ্যাত ডিজাইনার পুনীত বলানার নকশা করা খাঁটি রূপোর কাজের (চান্দি ওয়ার্ক) কাফতান আর মাথায় বাঁধা রাজকীয় পাগড়িতে (টারবান) যখন সমাজমাধ্যম তোলপাড়, ঠিক তখনই নেটিজেনদের চোখ এড়িয়ে যাওয়া এক অতি ক্ষুদ্র অথচ ঐতিহাসিক উপাদানকে আলোকবৃত্তে নিয়ে এলেন খ্যাতনামা সেলিব্রিটি স্টাইলিস্ট রিয়া কাপুর।

রিয়া কাপুরের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টেই প্রকাশ্যে এসেছে করিনা কাপুরের পরা সেই অনন্য রত্নখচিত লকেটের অবিশ্বাস্য ইতিহাস। নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে করিনার একাধিক রাজকীয় ছবি শেয়ার করে রিয়া ক্যাপশনে লিখেছেন, “আসল মুভি স্টার, আসল চাঁদি, আসল হেরিটেজ ও খাঁটি ব্যক্তিগত স্টাইল।” কিন্তু এই সামান্য কয়েক শব্দের ওপারেই লুকিয়ে ছিল নবাবী জমানার এক অমূল্য সম্পদ।

আসলে, এই উৎসবে কাফতান ও টারবানের সঙ্গে করিনা যে লকেটটি পরেছিলেন, সেটা সাধারণ কোনও অলঙ্কার নয়। সেটা হলো একটি সুবিশাল ৩০ ক্যারেটের পান্না (এমারেল্ড) দিয়ে তৈরি লকেট। যার গায়ে সূক্ষ্মভাবে খোদাই করা রয়েছে পবিত্র কোরানের দ্বিতীয় অধ্যায় ‘সূরা আল-বাকারা’-র ২৫৫ নম্বর আয়াত, অর্থাৎ অত্যন্ত পবিত্র ‘আয়াত আল-কুরসি’। 

এই ঐতিহাসিক পান্নার লকেটটি আদতে ভোপালের বেগম সাহেবার নিজস্ব অলঙ্কার ছিল, যা সাইফ আলি খানের সঙ্গে বিবাহের সূত্রে রাজকীয় উত্তরাধিকার হিসেবে হস্তান্তরিত হয়েছে ‘জব উই মেট’ তারকার হাতে। শুধু এই পান্নার লকেটই নয়, করিনার মাথার সুসজ্জিত টারবানে শোভা পাচ্ছিল প্রায় ২০০ বছরের পুরনো একটি বিরল ‘কালগী’। এটি সেই একই অলঙ্কার, যা ২০১২ সালে তাঁদের রাজকীয় বিয়ের দিনে পরেছিলেন নবাব সাইফ আলি খান নিজেই।

উত্তরাধিকার সূত্রে পাওয়া এই রাজকীয় গহনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে স্টাইলিস্ট রিয়া লেখেন, “ভোপালের নবাব রাজপরিবারের এই অমূল্য ঐতিহ্য এখন করিনার নিজস্ব সম্পদ। গহনাগুলি সাইফের পরিবারের দিক থেকে প্রাপ্ত। সাইফের ঠাকুমা সজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ ক্ষমতাসীন নবাবের কন্যা।”

এ বারের দীপাবলিতে রূপোলি ঝলকে মোড়ানো বেইজ রঙের এম্বেলিশড কাফতানে সেজে নেটদুনিয়ায় গ্ল্যামারের আলো ছড়িয়ে দিয়েছেন করিনা কাপুর খান। পুনীত বলানার ডিজাইনে তৈরি পুরো পোশাকটিতে জুড়ে ছিল খাঁটি চান্দি অর্থাৎ রূপোর কাজ। 

কাটওয়ার্ক আর গভীর ভি-নেকলাইনের সঙ্গে ফুল স্লিভসের পোশাকটিতে অপূর্ব আভিজাত্য ফুটে উঠছিল। মাথায় টারবান এবং গলায় এই ঐতিহাসিক লকেটের কম্বিনেশনে চোখ ফেরানো ছিল দায়। চুল খোলা রেখে, নিজের ট্রেডমার্ক সিগনেচার কাজল-টানা চোখ, স্মোকি আইশ্যাডো, গালে হালকা গোলাপি ব্লাশ এবং নিউড পিঙ্ক লিপস্টিকে নিজের রূপ ফুটিয়ে তুলেছিলেন ‘ওমকারা’র দেশদেমোনা।

অন্যদিকে, পাতৌদির নবাব সাইফ আলি খান বেছে নিয়েছিলেন এক নিখাদ অল-ব্ল্যাক কারুকার্যময় কুর্তা সেট। তার সঙ্গে পরনে কালো জুতো, আর গোঁফ-সহ একেবারে নিটোল ক্লিন-শেভড নওয়াবি লুক। পিছিয়ে ছিল না খুদেরাও। 

জ্যেষ্ঠ পুত্র তৈমুর কুড়োলো প্রশংসা সিল্কের কুর্তা আর সাদা পায়জামায়, অন্যদিকে সর্বকনিষ্ঠ পুত্র জেহ-কে দেখা গেল লাল সিল্কের কুর্তা ও সাদা বটমে। সব মিলিয়ে পাতৌদি পরিবারের এই ঐতিহ্যবাহী ও নওয়াবি দীপাবলি যাপন ফ্যাশন দুনিয়ায় এক নতুন ইতিহাসের জন্ম দিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *