কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই বড়সড় বিপত্তির মুখে উত্তর কলকাতা। আচমকাই ফেটে গেল ঐতিহাসিক টালা ট্যাঙ্কের মাটির তলার পানীয় জলের প্রধান সরবরাহকারী পাইপ। মুহূর্তের মধ্যে হু হু করে জল বেরিয়ে ভেসে গেল গোটা টালা এলাকা। আচমকা এই জলপ্লাবনে একদিকে যেমন জলমগ্ন হয়ে পড়েছে রাস্তাঘাট, তেমনই রেললাইনে জল জমে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে চক্ররেল চলাচল। বেশ কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ পরিষেবাও বিচ্ছিন্ন রাখতে হয়েছে। কাজের দিনে এমন বিপর্যয়ে চরম দুর্ভোগের মুখে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা।
ঘটনার গুরুত্ব বুঝতে পেরে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুরসভার পুরকমিশনার স্মিতা পাণ্ডে। পরিস্থিতি খতিয়ে দেখতে স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদারকি শুরু করেন তিনি। সেখান থেকেই একাধিক দফতরে ফোন করে দ্রত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুরকমিশনার জানান, মাটির তলায় পাইপটি ফাটার পাশাপাশি ওই এলাকায় রেলট্র্যাক থাকার কারণে জল নিকাশির বিষয়টি জটিল হয়ে পড়েছে। ওই এলাকার নিকাশির দায়িত্ব রেলের হলেও সঠিক সময়ে নালাগুলির দিকে জলের গতিমুখ ঘোরানো সম্ভব হয়নি। ফলে খুব দ্রুত জল জমে গিয়ে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: কালী পুজোর রাতে বাজি ফাটিয়ে পুলিশের জালে ২০৫!
পুরকর্মীরা ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা করছেন। তবে সমস্ত কিছু মেরামত করে জল সরবরাহ এবং অন্যান্য পরিষেবা কখন পুরোদমে স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে এখনও কিছু জানানো সম্ভব হয়নি। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে যে কিছুটা সময় লাগবে, তা স্পষ্ট করে দিয়েছেন পুরকমিশনার নিজেই।
টালা ট্যাঙ্ক থেকেই মূলত সমগ্র উত্তর কলকাতায় পানীয় জল সরবরাহ করা হয়। ফলে এই বিশালাকার পাইপ ফেটে যাওয়ার কারণে আগামী কয়েক দিন উত্তর কলকাতার এক বিশাল অংশে পানীয় জলের তীব্র সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি জমা জলে বিষাক্ত বর্জ্য মিশে জলবাহিত রোগ ও দূষণ ছড়ানোর আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন এলাকার বাসিন্দারা। কতক্ষণে এই জটিল সমস্যার স্থায়ী সমাধান মেলে, এখন সেদিকেই সাগ্রহে তাকিয়ে তিলোত্তমা।
Leave a comment