গুয়াহাটি: ফের এক মর্মান্তিক রেল দুর্ঘটনা। বুধবার সকালে অসমের গুয়াহাটির কাছে লাইনচ্যুত হয়ে গেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। মঙ্গলবার সকালে কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাওয়া এই ট্রেনটি মিজ়োরামের সাইরাঙে পৌঁছোনোর কথা ছিল বুধবার বিকেলে। কিন্তু তার আগেই অসমে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি।
রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ গুয়াহাটি স্টেশন থেকে ছাড়ার কিছুক্ষণ পরে দিগারুর কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রথমে এক্সপ্রেসের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। সেই প্রবল অভিঘাতে পরের পাঁচটি কামড়াও বেলাইন হয়ে যায়। দুর্ঘটনার জেরে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই দুর্ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে দাবি, আহতদের মধ্যে কয়েক জনের আঘাত বেশ গুরুতর। খবর পাওয়া মাত্রই রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে যাত্রীদের একাংশের অভিযোগ, উদ্ধারকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে।
আরও পড়ুন: হাওড়ায় ছটপুজো করবেন মুখ্যমন্ত্রী! প্রস্তুতি দেখলেন স্বাস্থ্যমন্ত্রী
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রেলের প্রাথমিক অনুমান, ট্রেনটি এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে এই বিপত্তি ঘটে থাকতে পারে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেও এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং আটকে থাকা যাত্রীদের অন্য একটি বিশেষ ট্রেনে করে গন্তব্যে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
Leave a comment