গড়িয়া: ইনস্টাগ্রামে অন্য তরুণীর ছবিতে ‘লাইক’ দেওয়া আর সমাজমাধ্যমে নতুন কাউকে ‘ফলো’ করা, এই নিয়েই শুরু হয়েছিল বচসা। আর সেই অন্ধ সন্দেহ ও অতিরিক্ত অধিকারবোধের পরিণতি যে এতটা নৃশংস হতে পারে, তা ভাবতেও পারেননি প্রতিবেশীরা।
দক্ষিণ ২৪ পরগনার গড়িয়ার ফরতাবাদের এক ভাড়া ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সল্টলেকের সেক্টর ফাইভের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সার্থক সরকারের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল বারুইপুর জেলা পুলিশ।
প্রেমিকাকে সন্দেহ করার মাশুল দিতে হল নিজের প্রাণ দিয়ে। কাঁচির ক্রমাগত কোপে রক্তাক্ত সার্থকের মৃত্যুতে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে তাঁর লিভ-ইন সঙ্গিনী সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে।
মঙ্গলবার বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া এক সাংবাদিক বৈঠকে জানান, এই চরম অপরাধের মূল কারণ ছিল সঞ্চালিকার ‘ওভার পজেসিভনেস’ বা মাত্রাতিরিক্ত অধিকারবোধ।
বারাসতের বাসিন্দা সার্থক এবং টেকনো ইন্ডিয়ার ছাত্রী সঞ্চালিকার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। দু’জনেই একে অপরের প্রতি অত্যন্ত সন্দেহপ্রবণ ছিলেন। এমনকি সোশাল মিডিয়ায় বিপরীত লিঙ্গের কাউকে ফলো করা বা কারও ছবিতে রিয়্যাক্ট দেওয়া নিয়েও নিত্যদিন অশান্তি হতো তাঁদের মধ্যে।
গত শনিবার চম্পাহাটিতে একসঙ্গে বাজি কিনতে গিয়েছিলেন দু’জনে। সেখান থেকে ফিরে নিজেদের ফ্ল্যাটে রান্না ও খাওয়া-দাওয়া সারেন। কিন্তু খাওয়া শেষ হতেই আবার শুরু হয় সোশাল মিডিয়া সংক্রান্ত পুরনো কাসুন্দি ও তর্কাতর্কি।
কথা কাটাকাটি চরম আকার ধারণ করলে একপর্যায়ে মেজাজ হারিয়ে সার্থকের ওপর কাঁচি নিয়ে চড়াও হন সঞ্চালিকা। যন্ত্রণায় সার্থক চিৎকার করে উঠলে ভয় পেয়ে যান সঞ্চালিকা ও তাঁর মা মৌমিতা। পরে প্রতিবেশীদের ডেকে এনে জলঘোলা করার চেষ্টা করেন তাঁরা।
রক্তাক্ত সার্থককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, যুবকের কাঁধ ও শরীরের বিভিন্ন অংশে ধারালো কাঁচির গভীর ক্ষতচিহ্ন মিলেছে।
মঙ্গলবার সকালে ধৃত সঞ্চালিকা ও তাঁর মাকে সঙ্গে নিয়ে ফর্তাবাদের ওই ফ্ল্যাটে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও ফরেনসিক দল। সেখানে পুরো ঘটনাটির পুনর্নির্মাণ করা হয়। ধৃতদের বয়ানের সঙ্গে অকুস্থলের প্রমাণের মিল রয়েছে কি না এবং খুনের পেছনে রক্তসম্পর্কহীন দত্তক-মা মৌমিতার প্রত্যক্ষ হাত ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, প্রথম থেকেই তদন্তকারীদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ঘটনাটিকে ‘আত্মহত্যা’ বা ‘দুর্ঘটনা’ বলে চালানোর চেষ্টা করেছিলেন মৌমিতা।
গড়িয়ার এই শান্ত আবাসিক এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। প্রতিবেশীদের কাছে সার্থক ছিলেন পরিচিত মুখ, কারণ সপ্তাহে অন্তত চার দিন তিনি এই লিভ-ইন ফ্ল্যাটেই কাটাতেন।
ভালবাসার সম্পর্কে অতিরিক্ত সন্দেহ এবং ভার্চুয়াল দুনিয়ার লাইক-কমেন্ট কীভাবে একজন প্রতিশ্রুতিমান ইঞ্জিনিয়ারের জীবন প্রদীপ নিভিয়ে দিল, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। আপাতত ধৃত মা-মেয়েকে হেফাজতে নিয়ে তদন্তের গতি আরও বাড়াতে চায় পুলিশ।
Leave a comment