•
Home Top-News তেরেমাসুর ফিউশন থেকে ‘কাঁচা পটল’! হটকেক ভাইফোঁটার মিষ্টির বাজার
Top-Newsকলকাতাপশ্চিমবঙ্গ

তেরেমাসুর ফিউশন থেকে ‘কাঁচা পটল’! হটকেক ভাইফোঁটার মিষ্টির বাজার

Share
ভাইফোঁটার মিষ্টি। নিজস্ব ছবি
Share

কলকাতা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ।

তার মধ্যে আজ ভাইফোঁটা। আর এই পবিত্র দিনে ভাইয়ের কপালে চন্দন-দইয়ের ফোঁটা দেওয়ার পর মিষ্টিমুখ করানোর রীতি আবহমানকালের। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে এবারও কলকাতার নামী দোকানগুলি থেকে শুরু করে জেলায় জেলায় মিষ্টির পসরায় উপচে পড়ছে ভিড়। 

তবে প্রথাগত রসগোল্লা কিংবা সন্দেশের গণ্ডি ছাড়িয়ে এবারের ভাইফোঁটায় মিষ্টান্ন জগতে এসেছে এক বিরাট বিপ্লব। তিরামিসু, বিসকফ, ত্রিলিচিস থেকে শুরু করে নদিয়ার চোখ ধাঁধানো ‘কাঁচা পটল মিষ্টি’ কিংবা কালনার আইসক্রিম চকোবার সন্দেশ। ভাই-বোনের ভালবাসার এই উৎসবে নতুনত্বের ছোঁয়ায় সরগরম গোটা রাজ্য।

কলকাতার বিভিন্ন মিষ্টির দোকানে সকাল থেকেই বোনদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। ভাইয়ের পছন্দকে প্রাধান্য দিয়ে থালায় সাজানো হচ্ছে নানা রকমের ড্রাই ফ্রুটস মিষ্টি ও ফিউশন আইটেম। কোথাও ভাইফোঁটা স্পেশাল সুদৃশ্য মিষ্টির প্যাকেট, আবার কোথাও উপহারের এক্সেক্টিভ বাক্স। বিশেষ থালায় সাজানো এই মিষ্টির উপহারের দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে, যা পৌঁছে যাচ্ছে প্রায় ২০০০ টাকা পর্যন্ত। শহরের মিষ্টি ব্যবসায়ীদের মতে, স্বাদের দুনিয়ায় ফিউশন এবং অভিনবত্বের কদর এখন তুঙ্গে।

নদিয়া ও কালনার চমক: কাঁচা পটল থেকে চকোবার সন্দেশ

শুধু কলকাতাই নয়, জেলার মিষ্টির কারিগরদের সৃষ্টিশীলতা এবার ভাইফোঁটার বাজার কাঁপিয়ে দিয়েছে। নদিয়ার একটি মিষ্টির দোকানে সন্ধান মিলেছে সম্পূর্ণ ভেষজ উপায়ে ও দক্ষ কারিগরদের হাতে তৈরি অভিনব ‘কাঁচা পটল মিষ্টি’র। 

পটল চিংড়ি বা পটলের দোলমা খাদ্যরসিকদের চিরকালের প্রিয় হলেও ভাইফোঁটায় এই মিষ্টির কাঁচা রূপ দেখে হতবাক ক্রেতারা। কোনও কৃত্রিম রং ব্যবহার না করেই তৈরি এই সুস্বাদু মিষ্টি জিভে জল এনে দিচ্ছে সকলের।

অন্যদিকে, পূর্ব বর্ধমানের কালনার মিষ্টির দোকানগুলিতেও সাজানো হয়েছে প্রায় ২৫০ রকমের হরেক কিসিমের মিষ্টি। কালনার বারুইপাড়ার ‘সপ্তম শপ’-এর অভিজিৎ মণ্ডল জানিয়েছেন, খাদ্য সুরক্ষা দফতরের কঠোর নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি মেনেই তৈরি হচ্ছে এই সমস্ত মিষ্টান্ন। 

ঐতিহ্যবাহী জলভরা তালশাঁস, কাজু বরফি, আমসত্ত্ব সন্দেশ, ক্ষীরপুরি, পোস্ত কদম, চন্দসন্দেশ ও শঙ্খ সন্দেশের ভিড়ে এবার প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘আইসক্রিম চকোবার সন্দেশ’। পাশাপাশি চকলেট, ম্যাঙ্গো ও সাধারণ  তিন স্বাদের ক্ষীরকদম এবং ক্ষীরের নারকেল নাড়ুও সমানভাবে নজর কেড়েছে ক্রেতাদের। ছানা ও চিনির চড়া দামের বাজারেও সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখে ১২ টাকা থেকে শুরু করে ১২০ টাকার মধ্যে দামের সামঞ্জস্য বজায় রেখেছেন ব্যবসায়ীরা।

সব মিলিয়ে, ভাইফোঁটার চেনা ছান্দসিক আবেগ, পারিবারিক ভালোবাসা এবং মিষ্টান্ন শিল্পের এই অভিনব বাহার, এই তিনের ত্রিবেনি সংগমে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পর কোন নতুন স্বাদের মিষ্টিতে মুখ মিষ্টি হবে, সেই সুস্বাদু লড়াইয়ে এবার বাজার মাতাল হরেক পসরায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *