লখনউ: এক দিকে ‘বজরংবলী’র শক্তির আহ্বান, অন্য দিকে পড়ুয়াদের হাতে আধুনিক ট্যাবলেট। আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর সেই মহারণের আগে রাজ্যের বিপুল সংখ্যক তরুণ ভোটার ও প্রথম বার ভোট দিতে চলা পড়ুয়াদের মন জয়ে সাংস্কৃতিক আবেগ এবং ডিজিটাল ক্ষমতায়নের মেলবন্ধন ঘটাতে চাইলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রবিবার লখনউয়ের এক অনুষ্ঠানে লখনউ, হরদই, সীতাপুর এবং উন্নাওয়ের প্রায় ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ হাজারেরও বেশি পড়ুয়ার হাতে ট্যাবলেট তুলে দিলেন তিনি। ‘স্বামী বিবেকানন্দ যুব সশক্তিকরণ যোজনা’র আওতায় আয়োজিত এই সভা থেকে যোগী বার্তা দিলেন, কেবল পরিকাঠামো উন্নয়ন নয়, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ গড়তেও বদ্ধপরিকর তাঁর সরকার।
এ দিন মঞ্চ থেকে পড়ুয়াদের উদ্দেশে বজরংবলীর শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক শিক্ষা ও প্রযুক্তি ব্যবহার করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। ২০২১ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের ৬০ লক্ষেরও বেশি তরুণ-তরুণী স্মার্টফোন ও ট্যাবলেট পেয়েছেন। যোগী ঘোষণা করেছেন, ২০২৬-২৭ অর্থবর্ষে আরও ২৫ লক্ষ ট্যাবলেট বিতরণ করা হবে, যার জন্য ২,৩৭৪.৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
পাশাপাশি, এই মঞ্চ থেকেই পূর্বতন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির সরকারগুলিকে তীব্র আক্রমণ শানান যোগী। তাঁর অভিযোগ, “আজকের যুবসমাজ নিজেদের মেধা ও পরিশ্রমের জোরে বিশ্বে এগিয়ে যেতে চায়। তাদের শুধু সুযোগ ও আধুনিক সরঞ্জামের প্রয়োজন। কিন্তু আগের সরকারগুলি উত্তরপ্রদেশের তরুণদের ভবিষ্যতের কথা না ভেবে তাদের জাতপাত, অঞ্চল এবং পরিবারতন্ত্রের রাজনীতিতে আটকে রেখেছিল।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগের প্রশংসা করে তিনি জানান, সম্পদের অভাব যেন কোনও মেধাবী পড়ুয়ার পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেটাই তাঁর সরকারের লক্ষ্য।
আরও পড়ুন : উত্তরপ্রদেশে তৃতীয় ফ্রন্ট! জোট ওয়েইসি ও চন্দ্রশেখরের, মুখ্যমন্ত্রী মুখ আজ়াদ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তরপ্রদেশের ভোট-বৈতরণী পার হতে তরুণ ভোটার এবং চাকরিপ্রার্থীদের সমর্থন অত্যন্ত নির্ণায়ক। ভোটের আগে কেবল বড় বড় প্রকল্পের প্রতিশ্রুতির বদলে সরাসরি হাতে ট্যাবলেট তুলে দিয়ে পড়ুয়াদের পরিবারের অন্দরে সরকারের উপস্থিতি জানান দিতে চাইছে বিজেপি।
লখনউয়ের ডঃ ভীমরাও অম্বেডকর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শশীকান্ত পাণ্ডের মতে, “ট্যাবলেট বিতরণের মঞ্চে বজরংবলীর শক্তির কথা বলে যোগী আদিত্যনাথ আসলে সাংস্কৃতিক পরিচয় ও আধুনিকীকরণের ভাষাকে এক সূত্রে বাঁধতে চেয়েছেন। এর ফলে তরুণদের আবেগ এবং উচ্চাকাঙ্ক্ষা— দুই জায়গাতেই পৌঁছনো সম্ভব হচ্ছে।”
তবে এই কৌশল ভোটবাক্সে কতটা ফসল ফলাবে, তা নিয়ে প্রশ্নও থাকছে। শশীকান্তবাবুর কথায়, “সাংস্কৃতিক আবেগ সাময়িক একাত্মতা তৈরি করলেও, ভোটের ময়দানে তরুণরা সরকারকে বিচার করবে কর্মসংস্থান, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা এবং উচ্চশিক্ষার সুযোগের নিরিখে।”
যদিও রাজ্য সরকারের দাবি, এই ট্যাবলেটগুলি নিছক গেজেট নয়। ‘ইনফোসিস স্প্রিংবোর্ড’, ‘অধ্যয়ন’ এবং ‘যুব সাথী’ অ্যাপের মাধ্যমে প্রায় ১৮ হাজার কোর্স, এআই-ভিত্তিক পড়াশোনা এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের সুযোগ পাবেন পড়ুয়ারা। তবুও, নিয়োগে দীর্ঘসূত্রতা ও বেকারত্বের মতো জ্বলন্ত ইস্যু ছাপিয়ে যোগীর এই ‘হিন্দুত্ব ও ট্যাবলেট’ দাওয়াই শেষ পর্যন্ত তরুণ প্রজন্মের মন কাড়তে পারে কি না, এখন সেটাই দেখার।
Leave a comment