কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর রাজনীতির ময়দানে আর দেখা যায়নি তাঁকে। তবে ব্যক্তিগত জীবনের একটি খবরে আবারও নতুন করে চর্চায় উঠে এসেছেন দেবাংশু ভট্টাচার্য। রবিবার সন্ধ্যায় ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ‘এনগেজড’ করলেন তিনি। আর তা ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। তবে কি এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দেবাংশু? কিন্তু পাত্রী কে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা।
একসময় বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচিত তরুণ মুখ ছিলেন দেবাংশু। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর মুখে জনপ্রিয় হয়ে উঠেছিল ‘খেলা হবে’ স্লোগান। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে দলীয় প্রচারে বরাবরই সক্রিয় ভূমিকা নিয়েছেন দেবাংশু। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও প্রকাশ্যে আনুগত্যের কথা জানিয়েছিলেন তিনি। তবে দলের কিছু সিদ্ধান্ত নিয়ে তাঁর আপত্তি জানিয়েছিলেন তিনি। বিশেষ করে দলত্যাগীদের তৃণমূলে ফেরানো নিয়ে তাঁর কড়া অবস্থান আলোচনার বিষয় হয়ে উঠেছিল।
আরও পড়ুন: ছটেও দুর্ঘটনা! পাণ্ডবেশ্বরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই রাজনীতির ময়দানে আগের মতো দেখা মেলেনি দেবাংশুর। কালীঘাট চত্বর থেকে শুরু করে সমাজমাধ্যমেও তাঁর উপস্থিতি কম। সোশ্যাল মিডিয়ায় তাঁর রাজনৈতিক পোস্ট বা মন্তব্য আগের মতো চোখে পড়ে না। ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নানা আলোচনা চলছে। এরই মধ্যে ব্যক্তিগত জীবনের ঘোষণা ঘিরে নতুন করে শিরোনামে উঠে এলেন দেবাংশু।
রবিবার সন্ধ্যায় দেবাংশুর ‘এনগেজড’ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই পাত্রীকে ঘিরে স্বাভাবিকভাবে কৌতূহল তৈরি হয়েছে। অতীতে যুব তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল। যদিও সেই বিষয়ে কখনও প্রকাশ্যে কিছুই জানাননি দু’জনের কেউই। এবারও নিজের হবু জীবনসঙ্গীর পরিচয়ও গোপন রাখলেন দেবাংশু।
Leave a comment