কলকাতা: টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডের খিলাড়ির সঙ্গে জুটি! রুক্মিণী মৈত্রর সফরে এবার নতুন মাইলফলক। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে বড়পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, অক্ষয়ের আগামী সায়েন্স ফিকশন ছবি ‘শামুক’-এ দেখা যেতে পারে রুক্মিণীকে। অবশেষে সেই জল্পনার অবসান। প্রযোজনা সংস্থা সানশাইন পিকচার্স এবং অভিনেত্রী নিজেই খবর প্রকাশ্যে এনেছেন। ছবির প্রথম মোশন পোস্টার ঘিরেও সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
প্রকাশিত মোশন পোস্টারের ট্যাগলাইন, ‘দ্য মিশন ইজ হিউম্যান। দ্য এনিমি ইজ নট।’ যদিও প্রায় ৩০ সেকেন্ডের এই ঝলকে রুক্মিণীকে দেখা যায়নি। নজর কেড়েছে অক্ষয় কুমারের উপস্থিতি। অন্ধকার গুহার ভিতর বন্দুক হাতে এগিয়ে যাচ্ছেন অভিনেতা। চারপাশে রহস্যময় পরিবেশ, আলো-আঁধারির খেলা ঘিরে তৈরি ছবির প্রথম ঝলকেই টানটান উত্তেজনা তৈরি হয়েছে। ছবির গল্প নিয়ে নির্মাতারা এখনও বিস্তারিত কিছু জানাননি।
আরও পড়ুন: ২০২৬-এ মিলছে না সচিবজির দেখা! পিছিয়ে গেল ‘পঞ্চায়েত ৫’?
সূত্রের খবর, ‘শামুক’-এর গল্পে বিশেষভাবে দেখা যাবে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। সেই সঙ্গে থাকছে বড় মাপের অ্যাকশন দৃশ্য। প্রযোজনা করছেন সানশাইন পিকচার্সের বিপুল শাহ। সহ-প্রযোজক আশিন শাহ। ২০২১ সালে বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ ছবির হাত ধরেই হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন রুক্মিণী। সেই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল বিদ্যুৎ জামওয়ালকে। এবার ফের বিপুল শাহের প্রযোজনায় ফিরছেন অভিনেত্রী।
বাংলা ছবিতে নিজের অভিনয়ের পরিচিতি তৈরি করেছেন রুক্মিণী। সেখানেই থেমে থাকেননি। বলিউডেও ধীরে ধীরে নিজের জায়গা পাকা করার পথে এগোচ্ছেন অভিনেত্রী। ‘সনক’-এর পর ‘শামুক’-এ অক্ষয়ের সঙ্গে তাঁকে দেখা যাবে। যদিও ছবিতে তাঁকে কোন চরিত্রে দেখা যাবে, তা স্পষ্ট নয়। এদিকে, রহস্যে মোড়া ‘শামুক’ দর্শককে কতটা চমক দেয়, এখন সেই অপেক্ষাতেই অনুরাগীরা।
Leave a comment