•
Home Top-News গুরুতর অসুস্থ রেখা! কলকাতার হাসপাতালে ভর্তি বিধায়ক
Top-Newsকলকাতাপশ্চিমবঙ্গ

গুরুতর অসুস্থ রেখা! কলকাতার হাসপাতালে ভর্তি বিধায়ক

Share
রেখা পাত্র
Share

কলকাতা: শরীরে বিষক্রিয়া! 

গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জে নিজের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। 

তড়িঘড়ি তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালের সিসিইউ (CCU)-তে ভর্তি করানো হয়। তবে সেখানে টানা চার ঘণ্টা চিকিৎসা চলার পরেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে বন্ডে সই করে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যেরা। বর্তমানে ইএম বাইপাসের ধারের একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ঠিক কী কারণে এবং কী ভাবে বিধায়কের শরীরে বিষক্রিয়া হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। রবিবার সকাল পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বা বিজেপির তরফে বিষক্রিয়ার প্রকৃত কারণ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

জেলা বিজেপি নেতৃত্বও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। তবে দলের একটি সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার সকালের দিকে বিধায়কের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা স্থিতিশীল হলেও চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। অন্য দিকে, হাসপাতাল সূত্রে বিধায়কের অবস্থা যথেষ্ট উদ্বেগজনক বলেই ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন : কলকাতা মেডিক্যালে অশান্তির জের, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কড়া নির্দেশিকা রাজ্যের

উল্লেখ্য, পূর্বতন শাসকদল তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে গড়ে ওঠা ঐতিহাসিক গণ-আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন রেখা পাত্র। সেই আন্দোলনের পরিচিতিকে সামনে রেখেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। সে বার পরাজিত হলেও, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দল তাঁকে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে টিকিট দেয় এবং জয়ী হয়ে বিধানসভায় পা রাখেন রেখা।

তবে বিধায়ক নির্বাচিত হওয়ার আগে ও পরে একাধিক বার নানা বিতর্কে জড়িয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। কখনও দল ও প্রশাসনের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য, কখনও বাড়িভাড়ার টাকা বকেয়া রাখার অভিযোগ, আবার কখনও কর্তব্যরত পুলিশকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে জামার কলার ধরে হেনস্থা করার মতো গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। 

সাম্প্রতিক সময়ে দলের অন্দরেও তাঁর সঙ্গে বসিরহাট সাংগঠনিক জেলার নেতৃত্বের দূরত্ব প্রকাশ্যে চলে এসেছিল। কিছু দিন আগেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে রেখা জানিয়েছিলেন, জেলা নেতৃত্বের তরফে কোনও সহযোগিতা না পাওয়ার কারণেই তিনি দলের জেলা স্তরের কর্মসূচি এড়িয়ে চলেন এবং কেবল নিজের বিধানসভা এলাকার কাজেই মন দিয়েছেন।

এ হেন রাজনৈতিক টানাপোড়েন ও ব্যক্তিগত বিতর্কের আবহেই শনিবার রাতে বিধায়কের শরীরে বিষক্রিয়ার ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই নানা মহলে জল্পনা শুরু হয়েছে।  নিছকই খাদ্যে বিষক্রিয়া (ফুড পয়জনিং), নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। আপাতত বাইপাসের বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা চালাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *