কলকাতা: মুখের সাজে ছোট্ট একটা নাকছাবিই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় আকর্ষণ। কখনও ছোট্ট একটা পাথর বসানো নাকছাবি, কখনও আবার গোলাকার নোজ রিং! পছন্দের তালিকা এক এক জনের এক এক রকম। কিন্তু গয়না কিনতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন। অনলাইন শপিংয়ের দুনিয়ায় নাকছাবি, স্টাড আর নাকের রিং-এর নানা ধরনের কালেকশন চোখে পড়ে। কিন্তু আপনার মুখে কোনটা মানাবে, তা আপনি বুঝতে পারছেন না। নাকছাবি বা নোজ পিন এবং স্টাডের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তাই কেনার আগে শুধু নকশা নয়, কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
পছন্দের নাকছাবি কিনে হারিয়ে ফেলার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর অন্যতম কারণ নাকছাবির পিছনের আটকানোর পদ্ধতি। স্ক্রু-ব্যাক নাকছাবি প্যাঁচ দিয়ে আটকানো হয়। ফলে সহজে খুলে যাওয়ার আশঙ্কা তুলনামূলক কম। তবে পরানোর সময় একটু বেশি যত্ন নিতে হয়। এ ছাড়াও রয়েছে এল-শেপ, বোন এবং সোজা পিনের নকশা। যাঁরা নাক ফোঁড়াতে চান না, তাঁদের জন্য রয়েছে ক্লিপ-অন নোজ পিন। নাক ফোঁড়ানোর পরই ভারী নথ পরবেন না। এতে সংক্রমণ বা ক্ষত তৈরি হওয়ার ঝুঁকি থাকে। তাই শুরুতে হালকা ও ছোট স্টাড পরাই ভাল। ধাতু নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকুন। চিকিৎসকের পরামর্শ মেনে ইমপ্ল্যান্ট-গ্রেড টাইটেনিয়াম বা উপযুক্ত মানের সোনা বেছে নিন।
মুখের গড়ন অনুযায়ী বেছে নিন নাকের গয়না
নাকের গয়না কেনার সময় শুধু নকশা আর দাম দেখলে চলবে না। আপনার মুখের গড়নের সঙ্গে কোনটা মানাচ্ছে, তেমন গয়না বেছে নিলে সাজ আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
গোল বা চৌকো মুখ: মুখের গড়ন গোল বা চৌকো হলে খুব ভারী নকশার দিকে যাবেন না। সরু হুপ বা ছোট পাথর বসানো স্টাড বেছে নিতে পারেন। এতে সাজে একটা ভারসাম্য আসে।
লম্বাটে মুখ: লম্বাটে মুখে একটু বড় মাপের স্টাড, ফুলের নকশার নাকছাবি কিংবা নজরকাড়া নথ ভাল মানায়। খুব ছোট নাকছাবি অনেক সময় ভালভাবে চোখেই পড়ে না।
ডিম্বাকৃতি মুখ: এই ধরনের মুখে নাকের গয়নার অনেকরকম নকশাই ভাল লাগে। ছোট স্টাড, পাতলা রিং কিংবা বড় নথ, সবই মানিয়ে যেতে পারে। পোশাক ও সাজের ধরন অনুযায়ী বেছে নিন।
ছোট মুখ: ছোট মুখে অতিরিক্ত ভারী গয়না পরলে অতিরিক্ত লাগতে পারে। তাই বেছে নিতে পারেন ছোট্ট পাথরের স্টাড, সোনার বিন্দি কিংবা সরু হাফ-হুপ।
আরও পড়ুন: শীতের ফ্যাশনে বাজিমাত! ওয়ার্ড্রোবে রাখুন এই ১০ পোশাক
কোন অনুষ্ঠানে কেমন নাকের গয়না?
রোজকার ব্যবহারের জন্য ছোট সোনার নাকছাবি বা পাথর বসানো স্টাড ব্যবহার করুন। অফিসে বা কলেজে সব কিছুর সঙ্গেই এগুলি মানিয়ে যায়। অন্য দিকে, ঘুরতে যাওয়ার সময়ে সরু নোজ রিং বা হুপ পরতে পারেন। বিয়েবাড়ি কিংবা বিশেষ অনুষ্ঠানে শাড়ির সঙ্গে পরতে পারেন বড় নথ। নিজের স্বাচ্ছন্দ্য, মুখের গড়ন বুঝেই বেছে নিন পছন্দের নাকছাবি।
Leave a comment