•
Home Top-News ইংরেজিতেও রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’! ঘোষণা শুভেন্দুর
Top-Newsকলকাতাপশ্চিমবঙ্গ

ইংরেজিতেও রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’! ঘোষণা শুভেন্দুর

Share
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী।
Share

কলকাতা: রাজ্যের প্রশাসনিক সংস্কার, কর্মসংস্থান এবং নামকরণ নিয়ে একগুচ্ছ বড়সড় সিদ্ধান্তে সিলমোহর দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এ বার থেকে ইংরেজি-সহ সমস্ত ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ (Paschimbanga) লেখা হবে। 

প্রাক্তন তৃণমূল সরকারের ‘বাংলা’ নামকরণের প্রস্তাবকে কার্যত খারিজ করে দিয়ে শুভেন্দু জানান, আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে আগামী ৯ ডিসেম্বর এই সংক্রান্ত সরকারি প্রস্তাব আনা হবে। এর পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষার আবেদন ফি সম্পূর্ণ মকুব, স্বাস্থ্য-সহ বিভিন্ন দফতরে ১০ হাজার ১৪৭টি পদে নিয়োগ, বেকার ভাতার অঙ্ক বৃদ্ধি এবং রাজ্যে গোহত্যা রুখতে কড়া আইন আনার কথাও এ দিন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

নামকরণের যুক্তি ব্যাখ্যা করে শুভেন্দু অধিকারী জানান, ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ (West Bengal) হওয়ায় আদ্যক্ষর ‘W’ অনুযায়ী সর্বভারতীয় যে কোনও প্রশাসনিক তালিকায় রাজ্যের নাম একেবারে নীচের দিকে থাকত। 

আগেও এই নিয়ে সমস্যার কথা উঠেছিল এবং বিগত সরকার রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর মতে, ‘পশ্চিমবঙ্গ’ নামের সঙ্গে রাজ্যের দীর্ঘ ইতিহাস ও আবেগ জড়িয়ে রয়েছে, যা মুছে ফেলা সম্ভব নয়। তাই ইংরেজিতেও নাম ‘পশ্চিমবঙ্গ’ হলে আদ্যক্ষর ‘P’ অনুযায়ী তালিকায় রাজ্য কিছুটা উপরে উঠে আসবে এবং ঐতিহাসিক নামটিও অক্ষুণ্ণ থাকবে।

কর্মসংস্থান ও যুবসমাজের জন্য এ দিন নবান্ন থেকে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এ বার থেকে রাজ্যের কোনও সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের আর এক পয়সাও ফি দিতে হবে না। 

কলেজ সার্ভিস কমিশন বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মতো পরীক্ষার সমস্ত আবেদন ফি বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর মন্তব্য, “চাকরির নামে বেকার যুবক-যুবতীদের থেকে টাকা নেওয়া অপরাধ এবং সঙ্কীর্ণতার পরিচয়।” 

উল্লেখ্য, এর আগেই প্রথম ক্যাবিনেট বৈঠকে চাকরির বয়সসীমা ৫ বছর বাড়িয়ে গ্রুপ-এ পদের জন্য ৪১, গ্রুপ-বি-র জন্য ৪৪ এবং গ্রুপ-সি ও ডি-র জন্য ৪৫ বছর করেছিল সরকার। এ দিন মুখ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্য-সহ বিভিন্ন দফতরে মোট ১০ হাজার ১৪৭ জন কর্মী নিয়োগ করা হবে এবং আগামী ডিসেম্বরেই ১ হাজার ৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। 

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানুয়ারির মধ্যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে মোট ১ লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলেও জানান তিনি।

পাশাপাশি, পূর্বতন সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের নাম বদলে ‘ভরসা’ প্রকল্প চালু করে ভাতার অঙ্ক বাড়ানোর ঘোষণাও করেছেন শুভেন্দু। ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মধ্যে স্নাতকেরা মাসে ৩ হাজার টাকা, আইটিআই পড়ুয়ারা মাসে ২ হাজার টাকা এবং অন্যান্যরা মাসে দেড় হাজার টাকা করে পাবেন। 

বিগত জমানায় ভাতা পাওয়া ৫৪ লক্ষ উপভোক্তার তথ্য ডিসেম্বর পর্যন্ত যাচাই চলবে এবং জানুয়ারি থেকে নতুন বর্ধিত হারে টাকা দেওয়া শুরু হবে। তবে অন্নপূর্ণা যোজনার মতোই একটি পরিবারে সর্বোচ্চ দু’জন এই সুবিধা পাবেন এবং যাঁরা অন্নপূর্ণা যোজনার ভাতা পান, তাঁরা ‘ভরসা’ প্রকল্পের আওতায় আসবেন না।

এ দিনের সাংবাদিক বৈঠকে রাজ্যে গোহত্যা রোধেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন এবং কলকাতা হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের কোথাও কোথাও লুকিয়ে গোহত্যা চলছে। 

রাজ্যে ‘গোমাতা’ হত্যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এই সংক্রান্ত কঠোর বিল বিধানসভায় আনা হবে বলে জানান তিনি। তবে অনুমোদিত স্লটার হাউসে নিয়ম মেনে পশু জবাইয়ের ক্ষেত্রে আইনি সংস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। 

একই সঙ্গে, বয়স্ক গরুদের লালন-পালনের জন্য রাজ্যের গোশালাগুলিকে বছরে ১ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সব মিলিয়ে, বিধানসভার আসন্ন অধিবেশনের আগে নবান্নের এই একগুচ্ছ সিদ্ধান্ত বঙ্গ রাজনীতিতে নয়া মাত্রা যোগ করল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *