কলকাতা: শীতের আমেজ তো চলেই এল। আর শীতের সন্ধ্যায় প্রেক্ষাগৃহে না গিয়ে বাড়িতে বসেই পছন্দের ছবি কিংবা সিরিজ দেখার মজাই আলাদা। হাতে এক কাপ গরম চা আর বিনোদনের স্বাদ নিতে চাইলে নজর রাখতে পারেন ওটিটি প্ল্যাটফর্মগুলিতে। নভেম্বরের শেষ সপ্তাহে দর্শকের জন্য আসতে চলেছে একগুচ্ছ ছবি-সিরিজ। রহস্য, রোমাঞ্চ, প্রেম থেকে শুরু করে অপরাধের নানা কাহিনি নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় স্ট্রিমিং সংস্থাগুলি। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিয়ো, জি৫ থেকে জিয়োহটস্টার, কোথায় কী দেখবেন? রইল তার হদিস।
১. দ্য হান্টিং ওয়াইভস (সিজন ২)
প্রথম সিজনের রহস্য ও খুনের ঘটনা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। নতুন সিজনে সেই উত্তেজনার পারদ আরও বাড়বে। সোফি ও মার্গোর সম্পর্ক এখন তলানিতে। অন্য দিকে, মার্গোর ভাইয়ের মৃত্যুর আড়ালে কোন সত্য লুকিয়ে রয়েছে, তা সোফিকে ভিতরে ভিতরে কুরে কুরে খাচ্ছে। অপরাধবোধ, অবিশ্বাস আর সম্পর্কের টানাপড়েনের মধ্যে শেষ পর্যন্ত গল্পের কাহিনি কোন দিকে মোড় নেয়, সেটাই দ্বিতীয় সিজনে দেখা যাবে। আগামী ২৬ নভেম্বর থেকে নেটফ্লিক্সে এই সিরিজ দেখা যাবে।
২. স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে
মার্ভেল ভক্তদের জন্য ফিরছে পিটার পার্কারের নতুন অভিযান। ফের স্পাইডার-ম্যানের ভূমিকায় দেখা যাবে টম হল্যান্ডকে। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পরের সময়কে কেন্দ্র করে ছবির গল্প এগোবে। নিজের পরিচয় আড়াল করেই অপরাধীদের বিরুদ্ধে পিটারের লড়াই চালানোর কাহিনি তুলে ধরা হবে। ২৬ নভেম্বর থেকে ছবিটি নেটফ্লিক্সে দেখা যাবে।
৩. দৃশ্যম: দ্য কনক্লুশন
আবারও ফিরছে বিজয় সালগাঁওকর। আপাতত পুলিশের চোখে ধুলো দিয়ে নিশ্চিন্তে দিন কাটাচ্ছিলেন বিজয় (অজয় দেবগন)। কিন্তু পুরনো মামলা তাঁর জীবনে ফের বিপদ ডেকে আনে। মৃত স্যামের বাবা-মা মীরা (তব্বু) ও মহেশ দেশমুখ (রজত কপূর) মামলাটি ফের খোলার উদ্যোগ নেন। তাঁদের সাহায্য করছেন পুলিশকর্তা রাজবীর সিংহ তোমর (জয়দীপ অহলাওয়াত)। অন্য দিকে, বিজয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে মরিয়া আইনজীবী ইন্দ্রজিৎ শেট্টী (প্রকাশ রাজ)। শেষ পর্যন্ত কি নিজের পরিবারকে বাঁচাতে পারবেন বিজয়? ছবিটি ২৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে।
আরও পড়ুন: তিলোত্তমায় সলমন খান? ভাইজানের টানে ভিক্টোরিয়ায় বাড়ছে আসন
৪. নাইন টু সিক্স
কাজই তাঁর জীবনের একমাত্র অগ্রাধিকার। পেশাগত সাফল্যের পথে প্রেম কিংবা ব্যক্তিগত সম্পর্ককে কখনও গুরুত্ব দেননি কাং ই-জি। কিন্তু জীবনের এই চেনা ছক সব সময় কি একই রকম থাকবে? কাজের প্রতি একাগ্র এক নারীর ব্যক্তিগত জীবনে প্রেমের প্রবেশ কীভাবে বদলে দেয় সব হিসাব, সেই গল্পই বলবে কোরিয়ান সিরিজটি। ২৫ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাচ্ছে।
৫. দিল্লি ২০২১
করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত রাজধানী। এমন কঠিন সময়ে মানুষের প্রাণ বাঁচাতে স্বাস্থ্যকর্মীরা দিনরাত লড়াই চালিয়ে যান। কঠিন পরিস্থিতির মধ্যেই নিজের দায়িত্ব পালন করে চলেন নার্স মনজ্যোৎ। অতিমারির ভয়াবহতা, অসহায় মানুষের লড়াই এবং এক নার্সের কর্তব্যবোধকে কেন্দ্র করেই এই সিরিজ তৈরি করা হয়েছে। ২৫ নভেম্বর থেকে এটি দেখা যাচ্ছে জি৫-এ।
৬. ঢাই চাল
কলেজের প্রথম দিনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে ময়ূর ভরদ্বাজ। আর সেই একটি ঘটনাই তাঁর রাজনীতিতে আসার কারণ হয়ে দাঁড়ায়। যে রাঘবেন্দ্র শর্মাকে এক সময় ময়ূর নিজের পথপ্রদর্শক বলে মনে করত, পরবর্তীতে তিনিই হয়ে ওঠেন তার প্রধান প্রতিপক্ষ। ২৭ নভেম্বর থেকে জিয়োহটস্টার দেখা যাবে ‘ঢাই চাল’।
৭. হনুমান অংশ
মাকে হারিয়ে একরত্তি শিশুর জীবনে নেমে আসে অন্ধকার। মাকে ফের দেখার আশায় ভারতভ্রমণে বেরিয়ে পড়ে সে। সেই যাত্রাপথে তাঁর জীবন বদলে যায়। নানা অলৌকিক অভিজ্ঞতা, ভক্তি এবং নিঃস্বার্থ সেবা ঘিরে এগোয় তাঁর জীবন। এক সময় সেই শিশুই হয়ে ওঠে আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবা। আগামী ২৭ নভেম্বর থেকে সনি লিভ-এ দেখা যাবে ছবিটি।
Leave a comment