নয়াদিল্লি: দল ভাঙার পর প্রতীক ও তহবিলের অধিকার কার হাতে থাকবে, তা নিয়ে নির্বাচন কমিশনে মুখোমুখি হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। প্রথম দিনের শুনানি শেষ হলেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি, আগামী দিনে ফের শুনানি চলবে। শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একে অপরকে নিশানা করেন দুই পক্ষের প্রতিনিধিরা।
শুনানিতে ঋতব্রত শিবির নতুন কিছু নথি জমা দিতে চাইলে তীব্র আপত্তি তোলেন মমতা শিবিরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চার সপ্তাহের মধ্যে নথি জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গেছে এবং সময়সীমা বাড়ানোর ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও দাবি করেন, আদালতের নির্দেশ মতো কাউন্টার অ্যাফিডেভিট জমা না দিয়ে কেবল রিটেন সাবমিশন দেওয়া হয়েছে, যার কোনও আইনি প্লিডিং হয় না। এমনকি যে পিটিশনের উল্লেখ রয়েছে, সেটিও ফাইল করা হয়নি বলে দাবি করেন তিনি। পুরনো জমা দেওয়া নথির বাইরে নতুন নথি দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করে ওদের ‘আচ্ছে দিন’ শেষ হয়ে গেছে বলে কটাক্ষ করেন কল্যাণ।
অন্যদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে পাল্টা কটাক্ষ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, আজকের পারফরম্যান্সের পর পরবর্তী শুনানিতে কল্যাণকে দিয়ে আর সওয়াল করানো হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। নতুন নথি প্রসঙ্গে ঋতব্রত জানান, একাধিক বিধায়ককে ভুল বুঝিয়ে ও ভয় দেখিয়ে সই করানো হয়েছিল এবং সে বিষয়ে দায়ের হওয়া এফআইআর ও অভিযোগের তথ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নেতাকর্মীদের অভিযোগ ও নথি জমা পড়ায় এখন নতুন নথি জমা দিতে অসুবিধা নেই বলে জানান তিনি।
মমতা শিবিরের বক্তব্য, ইতিমধ্যে জমা পড়া নথির ভিত্তিতেই দল, প্রতীক ও তহবিলের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত। তবে শুনানি এখনও জারি রয়েছে এবং পরবর্তী শুনানির পর কমিশন রায় দেবে বলে জানান কল্যাণ। পাল্টা ডেমোক্র্যাটিক দলের দাবি, সাম্প্রতিক নির্বাচনে জয়ী বিধায়করা তাঁদের সঙ্গে থাকায় দল, প্রতীক ও তহবিলের অধিকার তাদেরই প্রাপ্য। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী, এক মাসের মধ্যে নথি জমা নেওয়ার পর তিন মাসের মধ্যে প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা কমিশনের।
Leave a comment