মুম্বই: বলিউডে ফের পুরনো জুটির প্রত্যাবর্তন। বড়পর্দায় ফের একসঙ্গে শাহরুখ খান ও করিনা কাপুর খান। তাঁদের ঘিরে দর্শকের উন্মাদনা যে তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য। ‘কিং’ ছবির হাত ধরে ফের জুটি বাঁধলেন ‘বেবো’ ও ‘বাদশা’। প্রকাশ্যে এল ছবির নতুন গান ‘ড্যাডি কুল’। অক্টোবরের শুরুর দিক থেকেই এই জুটিকে ঘুরে জল্পনা চলছিল। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হল ‘কিং’-এর বহু চর্চিত গান।
গানজুড়ে রয়েছে সত্তরের দশকের ডিস্কো মেজাজ। একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন বলিউড বাদশা। অন্যদিকে, নিজের চেনা বোল্ড অবতারে নজর কেড়েছেন বেবো। ডিস্কোর ছন্দে দু’জনের যুগলবন্দি দেখে ইতিমধ্যেই নস্টালজিয়ায় ভাসছেন অনুরাগীরা। ১৯৭৬ সালে বনি এমের গাওয়া জনপ্রিয় ডিস্কো গান ‘ড্যাডি কুল’-এর আবহকেই নতুন করে সাজিয়েছেন শচীন-জিগর। সূত্রের খবর, অক্টোবরের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিন ধরে এই গানের শুটিং হয়েছিল।
আরও পড়ুন: দুবাইয়ের হোটেলে শ্রীদেবীর সঙ্গে কী ঘটেছিল? আট বছর পর প্রকাশ্যে অজানা তথ্য
দীর্ঘ ১৫ বছর! শাহরুখ এবং করিনাকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল ২০১১ সালে ‘রা ওয়ান’ ছবিতে। সেই ছবির জনপ্রিয় গান ‘ছম্মক ছল্লো’ গান আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। তারপর কেটে গিয়েছে দেড় দশক। মাঝের দীর্ঘ সময়ে একাধিক ছবিতে কাজ করেছেন দুজনেই। তবে একসঙ্গে বড়পর্দায় দেখা মেলেনি এই জুটির। তাই ‘কিং’-এর গানে তাঁদের প্রত্যাবর্তন ঘিরে প্রত্যাশাও ছিল তুঙ্গে। দর্শকরাও তাঁদের দেখতে মুখিয়ে ছিলেন।
শুধু করিনাই নন, ‘কিং’-এ রয়েছেন বলিউডের একাধিক প্রথম সারির অভিনেত্রী। শাহরুখের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। পাশাপাশি রানি মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়েও জল্পনা চলছে। ছবিতে সুহানা খানের মায়ের ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে। সব মিলিয়ে ছবির কাস্টিং নিয়ে দর্শকের আগ্রহ ক্রমশ বাড়ছে। তার মধ্যেই প্রকাশ পেল ছবির নতুন গান ‘ড্যাডি কুল’। আর সেখানে করিনার বিশেষ উপস্থিতি নিঃসন্দেহে ছবির অন্যতম বড় আকর্ষণ। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’।
Leave a comment