মুম্বই: ফওয়াদ খান, মাহিরা খান এবং হানিয়া আমিরের মতো প্রথম সারির পাকিস্তানি তারকাদের অভিনীত আসন্ন ওয়েব সিরিজ় ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’-র মুক্তি ঘিরে ভারতে তীব্র বিতর্ক দানা বাঁধল।
আগামী ৪ ডিসেম্বর, ২০২৬ বিশ্ব জুড়ে ওটিটি মঞ্চ নেটফ্লিক্সে সিরিজ়টি মুক্তি পাওয়ার কথা থাকলেও, ভারতে এই সিরিজ কোনও ভাবেই স্ট্রিম করা যাবে না বলে নেটফ্লিক্সকে কড়া ভাষায় জানালকেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
সরকারি সূত্রে খবর, পহেলগাম জঙ্গি হামলার পর ২০২৫ সালের ৮ মে মন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তা অক্ষরে অক্ষরে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে ওই স্ট্রিমিং জায়ান্টকে। পাশাপাশি, বলিউড ও ভারতীয় চলচ্চিত্র জগতের দু’টি শীর্ষস্থানীয় কর্মী সংগঠন, ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ) এবং ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়’ (এফডব্লিউআইসিই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অবিলম্বে এই সিরিজ় নিষিদ্ধ করার পাশাপাশি ভারতে পাকিস্তানি শিল্পী ও কনটেন্ট চিরতরে নিষিদ্ধ করতে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে এবং মোমিনা দুরাইদের পরিচালনায় নির্মিত ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার মৌলিক সিরিজ়। ছ’টি পরস্পর সংযুক্ত প্রেমের গল্প নিয়ে তৈরি এই সিরিজ়ে ফওয়াদ খান ও মাহিরা খান ছাড়াও অভিনয় করেছেন আহাদ রাজা মীর, ইকরা আজিজ় এবং সনম সঈদ।
আরও পড়ুন : নেটফ্লিক্সে ফওয়াদ-মাহিরার সিরিজ ঘিরে বিতর্ক, ভারতে সম্প্রচার বন্ধের দাবি সংগঠনের
ভারতে সিরিজ়টি মুক্তি পেতে পারে, এমন আশঙ্কায় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে একাধিক অভিযোগ জমা পড়ার পরই নড়েচড়ে বসে কেন্দ্র। সূত্রের খবর, ২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স কেন্দ্রকে লিখিত ভাবে জানিয়েছিল যে, তারা ভারতীয় গ্রাহকদের জন্য পাকিস্তান থেকে উদ্ভূত কোনও সিনেমা বা সিরিজ় উপলব্ধ রাখেনি। এ বার মন্ত্রকের তরফে নেটফ্লিক্সকে সেই পুরনো প্রতিশ্রুতি ও অবস্থান বজায় রাখার কড়া বার্তা দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই এই ইস্যুতে সুর চড়িয়েছে ভারতীয় চলচ্চিত্র জগতের সংগঠনগুলি। গত ২৪ নভেম্বর এআইসিডব্লিউএ-র সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সিরিজ়টির উপর নিষেধাজ্ঞা জারির দাবি জানান।
সংগঠনের স্পষ্ট বক্তব্য, “ভারতীয় পর্দায় কোনও পাকিস্তানি মুখ, কণ্ঠস্বর বা গল্পের কোনও স্থান নেই।” তাদের অভিযোগ, ওই সিরিজ়ের বেশ কয়েক জন অভিনেতা অতীতে ভারত-পাক উত্তেজনার সময় ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন।
তাই সিনেমা হল, টেলিভিশন চ্যানেল এবং সমস্ত ওটিটি প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট ও শিল্পীদের স্থায়ী ভাবে নিষিদ্ধ করতে কঠোর শাস্তিমূলক আইন আনার দাবি জানিয়েছে এআইসিডব্লিউএ। তার ঠিক এক দিন পর, ২৫ নভেম্বর এফডব্লিউআইসিই-ও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানায়, ভারতে বাণিজ্যিক ভাবে পাকিস্তানি বিনোদন প্রদর্শন সরকারি নির্দেশিকা এবং ভারতীয় চলচ্চিত্র জগতের ভাবাবেগের পরিপন্থী।
প্রসঙ্গত, গত বছর জম্মু-কাশ্মীরের পহেলগামে হিন্দু পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত-পাক সম্পর্কের চরম অবনতি ঘটে। সেই প্রেক্ষিতেই জাতীয় নিরাপত্তার স্বার্থে ২০২৫ সালের ৮ মে সমস্ত ওটিটি ও ডিজিটাল মাধ্যমকে পাকিস্তানি কনটেন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। যদিও ইউটিউবে এখনও কিছু পাকিস্তানি ধারাবাহিক দেখা যায়, তবে প্রধান স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে তা বন্ধ রয়েছে।
এদিকে, পাকিস্তানি বিনোদন ঘিরে ক্ষোভের আঁচ ছড়িয়েছে দক্ষিণের শহর বেঙ্গালুরুতেও। সমাজমাধ্যমে তীব্র প্রতিবাদের জেরে আগামী ২৮ নভেম্বর এবং ৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে আয়োজিত ‘দর-এ-নিজাত’ নামে আর একটি পাকিস্তানি নাটকের দু’টি ব্যক্তিগত প্রদর্শনীও বাতিল করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা। ভারতে নেটফ্লিক্সের প্রায় ২ কোটি গ্রাহক থাকা সত্ত্বেও, কেন্দ্রের কড়া বার্তা ও চলচ্চিত্র সংগঠনগুলির প্রবল চাপের মুখে নেটফ্লিক্স কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
Leave a comment