•
Home Top-News ‘বহুরানি’ বনাম ‘ছোটি বহু’! কেমন ছিল ১০ জনপদের অন্দরে সম্পর্ক?
Top-Newsদেশ

‘বহুরানি’ বনাম ‘ছোটি বহু’! কেমন ছিল ১০ জনপদের অন্দরে সম্পর্ক?

Share
ছবি : সংগৃহীত
Share

নয়াদিল্লি: গান্ধী পরিবারের চার দেয়ালের অন্দরে দীর্ঘ দশক ধরে চলে আসা সম্পর্কের টানাপোড়েন ও তিক্ততা অবশেষে প্রকাশ্যে এল। সদ্য প্রকাশিত কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর বহুল আলোচিত আত্মজীবনী ‘বিলোংগিং: আ জার্নি অফ লাভ’-এ উঠে এসেছে তাঁর ছোট জা তথা সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা গান্ধীর সঙ্গে সংঘাতের চাঞ্চল্যকর সব তথ্য। 

একসময়ে ১০ জনপথের পরিবারে হাসিখুশি ও প্রাণোচ্ছল মেয়ে হিসেবে মানেকার আগমন ঘটলেও, ক্ষমতার মোহ, মতপার্থক্য এবং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষ কীভাবে ধীরে ধীরে সেই পারিবারিক সম্পর্কে বিষাক্ত দেওয়াল তুলে দিয়েছিল, তার এক রুদ্ধশ্বাস ও না বলা কাহিনীর পর্দাফাঁস করেছেন খোদ সনিয়া।

১৯৭৩ সালের শেষের দিকে মাত্র আঠারো বছর বয়সে সঞ্জয় গান্ধীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে ‘ছোট বহু’ হিসেবে গান্ধী পরিবারে পা রেখেছিলেন মানেকা আনন্দ। স্মৃতিকথার পাতা উলটে সনিয়া লিখেছেন, শুরুর দিনগুলিতে মানেকা ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, হাসিখুশি এবং চঞ্চল এক তরুণী। 

পরিবারের বড় পুত্রবধূ অর্থাৎ ‘বহুরানি’ হিসেবে সনিয়ার কাছে সেই তরুণীর সান্নিধ্য প্রথমে বেশ সতেজ ও আনন্দদায়কই ঠেকেছিল। ছোট জায়ের সঙ্গে কাটানো সেই সুদিনের স্মৃতিচারণ করে সনিয়া লিখেছেন, মাঝেমাঝেই আন্টির ঘর থেকে মানেকার হাসির রোল ভেসে আসত। কৌতূহলী হয়ে তিনি সেখানে গিয়ে দেখতেন মানেকা বই বা তাঁর বন্ধুদের গল্প শুনিয়ে ছোট মেয়ে প্রিয়াঙ্কাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছায় প্রণবের ভুল কোথায় ছিল? সনিয়াকে পাল্টা কটাক্ষ শর্মিষ্ঠার

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মিষ্টি সম্পর্কের সমীকরণ কীভাবে পালটে যেতে শুরু করেছিল, তার নির্মম বিবরণ রয়েছে বইটিতে। ছোট বহু ও বড় বউ এই সম্বোধনগত পার্থক্যের শুরু থেকেই মানেকার মনে এক ধরনের ক্ষোভের সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন সনিয়া। 

পরিবারে তাঁদের দুজনকে সমান চোখে দেখা হলেও, মানেকা নাকি এই পদমর্যাদাকে নিজের প্রতি এক ধরনের অবমূল্যায়ন বা ‘পুটডাউন’ হিসেবে ধরে নিয়েছিলেন। এর ফলেই শুরু হয় নিত্যদিনের অশান্তি। রাগের বশে মানেকা এমন সব অশালীন ও কর্কশ ভাষা বা গালিগালাজ ব্যবহার করতেন, যা ইন্দিরা গান্ধীর মতো কঠোর অনুশাসনের পরিবারে ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। ঘরের অন্দরে সেই অভব্য আচরণ কেবল সঞ্জয় গান্ধীকে নয়, গোটা পরিবারকে বাকরুদ্ধ ও লজ্জিত করেছিল।

ধীরে ধীরে সেই পারিবারিক কলহ শুধু চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না থেকে রাজনীতির আঙিনায় ছড়িয়ে পড়ে। বিশেষ করে ১৯৭৭ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি এবং ইন্দিরা-সঞ্জয়ের পরাজয়ের পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 

সনিয়ার অভিযোগ, স্বামী সঞ্জয়কে রাজনীতির ময়দানে নানা ভুল ও অপরিপক্ব সিদ্ধান্তে ইন্ধন জুগিয়ে যাচ্ছিলেন মানেকা। দলের প্রবীণ নেতা ও খোদ ইন্দিরা গান্ধীও বুঝতে পেরেছিলেন যে মানেকার উচ্চাকাঙ্ক্ষা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তৎকালীন ক্যাবিনেট সচিব পি এন ধরকে একবার ইন্দিরা গান্ধী বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, “উসকে আভি সে পার নিকলনে লাগে হ্যায়” (ওর এখনই ডানা গজাতে শুরু করেছে)।

আরও পড়ুন : ইতিহাস বিকৃত করেছেন সনিয়া! আত্মজীবনী নিয়ে খোঁচা বিজেপির

স্বামী সঞ্জয় গান্ধীর মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর মানেকার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে ওঠে। মাত্র ২৩ বছর বয়সে একটি তিন মাসের সন্তান কোলে থাকা সত্ত্বেও মানেকা রাজনৈতিক ময়দানে বড় কোনও পদের জন্য তদ্বির শুরু করেছিলেন। 

কিন্তু ইন্দিরা গান্ধী মনে করতেন মানেকা তখন রাজনীতির জন্য অত্যন্ত অপরিপক্ব এবং তাঁর সন্তানকে সময় দেওয়া উচিত। এর মধ্যেই ১৯৮১ সালের মার্চ মাসে বিরোধী নেত্রী তথা জনসংঘের নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বাড়িতে ছেলে বরুণ গান্ধীর প্রথম অন্নপ্রাশন বা জন্মদিন পালন করে পরিবারে নতুন করে বোমা ফাটান মানেকা। এরপর ইন্দিরা গান্ধী বিদেশ সফরে থাকাকালীনই নিজের সমস্ত জিনিসপত্র ১০ জনপথ থেকে সরিয়ে নিতে শুরু করেন তিনি।

সনিয়ার আত্মজীবনী অনুযায়ী, মানেকার বিদায়ের সেই পুরো পর্বটি অত্যন্ত সুকৌশলে ও পরিকল্পিতভাবে এক রাজনৈতিক ‘রিয়ালিটি শো’-র রূপ দেওয়া হয়েছিল, যার সমস্ত দোষ পরে অনৈতিকভাবে চাপানো হয়েছিল রাহুল ও সোনিয়ার ঘাড়ে। 

শুধু তাই নয়, সোনিয়া ও রাজীব দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এমন মিথ্যা ও বানোয়াট গল্পও সে সময় সংবাদমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ছোট নাতি বরুণ গান্ধীর সঙ্গে দেখা করার অধিকার নিয়ে আদালতের দীর্ঘ আইনি লড়াইতেও নামতে বাধ্য হয়েছিল গান্ধী পরিবার। দীর্ঘ চার দশক ধরে সযত্নে আড়াল করে রাখা এই পারিবারিক বিবাদের আসল সত্য উন্মোচন করে সনিয়ার এই আত্মজীবনী ভারতীয় রাজনীতির ইতিহাসে এক নতুন ঝড় তুলে দিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *