মির্জাপুর: উত্তরপ্রদেশের মির্জাপুরে রেললাইনে আচমকা ভয়াবহ ধস নামায় স্তব্ধ হয়ে গেল ট্রেন চলাচল। এই দুর্ঘটনার জেরে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসের মতো একাধিক দূরপাল্লার গুরুত্বপূর্ণ ট্রেন আটকে পড়ে চরম চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ যাত্রীরা। একইসঙ্গে কয়েকটি ট্রেন বাতিল এবং বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ মির্জাপুর-ঝিংগুরা সেকশনে আচমকাই ঘটনাটি ঘটে। সেখানে নতুন লাইন নির্মাণের কাজ চলাকালীন আচমকা বড় সড় মাটি ধসে পড়ে বিপত্তি দেখা দেয়। নিমেষের মধ্যে ব্যাহত হয়ে পড়ে ব্যস্ততম এই রুটের ট্রেন পরিষেবা। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা বড় ধরণের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের দল।
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ডাউন লাইনে তৎক্ষণাৎ সমস্ত ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। যদিও আপ লাইনে পরিষেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, লাইন মেরামতি ও মাটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ এখনও যুদ্ধকালীন তৎপরতায় চলছে। গোটা পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন রেলের শীর্ষ আধিকারিকরা।
আরও পড়ুন: মমতার জন্যই জেলে গিয়েছিলাম! দল ছাড়তেই ‘ধৃতরাষ্ট্র’ বলে তোপ দাগলেন বিস্ফোরক অনুব্রত
রেল সূত্রের খবর, ধসের অভিঘাতে একের পর এক ট্রেন আটকে পড়ায় বহু ট্রেনের রুট ঘুরিয়ে দিতে হয়েছে। বিশেষ করে ১২২৭৪, ১২৩৯৮, ১২৩৬৮ এবং ১২৯৪৭ নম্বর ট্রেনগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। সেগুলিকে প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, বারাণসী জংশন এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে বিকল্প পথে গন্তব্যের দিকে পাঠানো হচ্ছে। পাশাপাশি ২৬৫০৫ ও ১২১৬৭ নম্বর ট্রেন দুটিকেও প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ এবং বারাণসী হয়ে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে। আকস্মিক এই লাইনে ধসের ফলে সময়সূচি এলোমেলো হওয়ায় দূরদূরান্তের যাত্রীদের স্টেশনে স্টেশনে দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
Leave a comment