কলকাতা: রান্নাঘরে কত ধরনের যে মশলা থাকে, তার হিসাব রাখা মুশকিল। প্রতিটি মশলারই নিজস্ব স্বাদ ও গন্ধ রয়েছে। তবে রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি কিছু মশলার বেশ কিছু স্বাস্থ্যগুণও রয়েছে। তেমনই একটি পরিচিত মশলা হল লবঙ্গ। চা হোক কিংবা পোলাও, মাংসের ঝোল বা অন্য পদ সব রান্নার স্বাদ আরও বাড়িয়ে তোলে লবঙ্গ। আয়ুর্বেদিক চিকিৎসায় লবঙ্গের ব্যবহার প্রাচীন। লবঙ্গে থাকা ইউজেনল নামের প্রাকৃতিক উপাদানের অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং প্রদাহনাশক বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে রোজ একটি লবঙ্গ চিবিয়ে খেলে শরীরে কী কী পরিবর্তন আসতে পারে?
প্রথমত, লবঙ্গ মুখের দুর্গন্ধ কমাতে কিছুটা সাহায্য করতে পারে। মুখের ভিতরে থাকা কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার ক্ষমতা রয়েছে ইউজেনলের। খাবার খাওয়ার পর একটি লবঙ্গ চিবিয়ে খেলে মুখে সাময়িক সতেজ অনুভূতি হতে পারে।
দ্বিতীয়ত, হজমের ক্ষেত্রেও সহায়ক লবঙ্গ। বহু দিন ধরেই পেট ফাঁপা, গ্যাস বা হজমজনিত অস্বস্তি কমাতে লবঙ্গ ব্যবহার করা হয়। লবঙ্গ চিবিয়ে খেলে লালারস নিঃসরণ বাড়তে পারে, যা হজমের প্রাথমিক প্রক্রিয়ায় সাহায্য করে। তবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তৃতীয়ত, শরীরের প্রদাহ কমাতেও লবঙ্গের কিছু সম্ভাব্য উপকারিতা রয়েছে। এর মধ্যে থাকা ইউজেনলের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে। এই উপাদান প্রদাহের সঙ্গে যুক্ত কিছু প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তবে লবঙ্গ খেলেই শরীরের সমস্ত প্রদাহ কমে যাবে, তা বলা যায় না।
আরও পড়ুন: ভাজাভুজির পর কড়াইয়ে থাকা তেল ফেলবেন না! ঘরের কাজে লাগান এই ৩ উপায়ে
চতুর্থত, দাঁতের ব্যথা সাময়িকভাবে কমাতে লবঙ্গের ব্যবহার প্রচলিত। এর ইউজেনল উপাদান স্থানীয়ভাবে ব্যথা কমাতে সাহায্য করতে পারে। তবে দাঁতে সংক্রমণ, ক্ষয় বা মাড়ির সমস্যা থাকলে লবঙ্গের উপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নিন।
পঞ্চমত, অ্যান্টিঅক্সিড্যান্টের একটি ভাল উৎস হল লবঙ্গ। শরীরে প্রতিনিয়ত তৈরি হওয়া ফ্রি র্যাডিক্যাল কোষের ক্ষতি করতে পারে। লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট এই সকল অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে কাজ করে থাকে।
তবে উপকার হবে ভেবে অতিরিক্ত লবঙ্গ খাওয়ার অভ্যাস তৈরি করবেন না। বেশি পরিমাণে খেলে মুখ, গলা কিংবা পেটে অস্বস্তি হতে পারে। বিশেষ করে লবঙ্গের তেল সরাসরি খাওয়া উচিত নয়। প্র্যজনে লবঙ্গ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
Leave a comment