নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ফিরবেন?
ফিরলেও তিনি কী ভাবে ফিরবেন? এই দুটি প্রশ্নের সামনে এখন কূটনৈতিক মহল। আর এই পরিস্থিতিতে হাসিনা ঢাকা ফিরলে তাতে নয়াদিল্লির ‘মৌন সম্মতি’ ও কূটনৈতিক সক্রিয়তা রয়েছে বলে দাবি করল বিবিসি বাংলা।
ভারতীয় বিদেশ মন্ত্রক এবং সামরিক মহলের শীর্ষ সূত্র উদ্ধৃত করে প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দিল্লি নীতিগত ভাবে রাজি হলেও, তার আগে ঢাকার কাছ থেকে দু’টি প্রধান শর্তের নিশ্চয়তা আদায় করতে চাইছে।
শর্ত দু’টি হল, হাসিনার পূর্ণ নিরাপত্তা এবং তাঁর বিরুদ্ধে চলা মামলার পুনর্বিচার ও মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ। যদিও শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই সংক্রান্ত প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি। তবে দুই দেশের কূটনৈতিক ও সামরিক মহলে পর্দার আড়ালে যে জোরদার তৎপরতা শুরু হয়েছে, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।
২০২৪ সালের ৫ অগস্ট গণঅভ্যুত্থানের জেরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে চেপে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। দু’বছরেরও বেশি সময় ধরে তিনি ভারতের আতিথেয়তায় রয়েছেন।
এর মধ্যে দুর্নীতির মামলায় বাংলাদেশের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। এবং তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বারবার হাসিনার প্রত্যর্পণ দাবি করে আসছে। কিন্তু দীর্ঘদিনের মিত্র ও প্রাক্তন রাষ্ট্রপ্রধানকে ‘ফাঁসির মঞ্চে’ ঠেলে দিতে নারাজ নয়াদিল্লি।
ভারতীয় বিদেশ মন্ত্রকের এক আধিকারিকের কথায়, ‘‘জেনেশুনে আমরা তাঁকে ফাঁসিতে ঝোলার জন্য হাতে তুলে দিতে পারি না। বরং আমরা চাই, আন্তর্জাতিক মহল ও বিশ্ব সংবাদমাধ্যমের নজরদারিতে তাঁর বিরুদ্ধে ওঠা জুলাই গণহত্যার অভিযোগের নতুন করে এবং স্বচ্ছ বিচার হোক।’’
আরও পড়ুন : ‘ভারতে লিখিত আবেদন করুন, প্রত্যর্পণ চুক্তিতে ফিরুন!’ হাসিনাকে বিস্ফোরক ‘পরামর্শ’ ঢাকার
বিবিসি বাংলার খবর, হাসিনার প্রত্যাবর্তনের পথ মসৃণ করতে গত কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে নেপথ্যে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। ভারতের প্রথম শর্ত হল, ২০২৪-এর অগস্টে যে ভাবে বাংলাদেশ সেনাবাহিনী তাঁকে ভারতে পৌঁছে দিয়েছিল, ঠিক সেই ভাবেই সেনাবাহিনীকে তাঁর প্রত্যাবর্তনের দায়িত্ব নিতে হবে।
দিল্লি থেকে বাংলাদেশের সামরিক বিমান পাঠিয়ে অথবা স্থলসীমান্তের কোনও নির্দিষ্ট পয়েন্টে বাংলাদেশ সেনার হাতে তাঁকে তুলে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। দিল্লির নীতিনির্ধারকদের মতে, হাসিনার নিরাপত্তার দায়িত্ব এই মুহূর্তে ভারতের কাঁধে রয়েছে এবং সামরিক স্তরের যোগাযোগের মাধ্যমেই তা নিশ্চিত করা সম্ভব।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে এসে ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছিলেন। সামরিক সূত্রের ইঙ্গিত, ওই বৈঠকের অন্যতম মূল আলোচ্য বিষয় ছিল হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
অন্য দিকে, ভারতের নীতিনির্ধারকেরা মনে করছেন, বাংলাদেশে আওয়ামি লিগের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে হাসিনার সশরীরে দেশে ফিরে দলের হাল ধরা অত্যন্ত জরুরি। দিল্লিতে বিদেশি অতিথিদের সঙ্গে নিয়মিত ‘ডিব্রিফিং’ বৈঠকে ভারতের এই অবস্থানের কথা হাসিনাকে জানানো হয়েছিল। দুই পক্ষের মধ্যে বোঝাপড়া হওয়ার পরেই হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার কথা ঘোষণা করেন এবং গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও ভ্রমণ নথির জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান। প্রাক্তন ভারতীয় কূটনীতিক বীণা সিক্রি এবং ঢাকার প্রবীণ সাংবাদিক স্বদেশ রায়ের মতে, পাসপোর্টের আবেদন জানিয়ে হাসিনা আসলে ঢাকার কোর্টেই প্রথম রাজনৈতিক বলটি ঠেলে দিয়েছেন।
তবে দিল্লির সমস্ত চেষ্টা সত্ত্বেও ডিসেম্বরে হাসিনার ঢাকা ফেরা আদৌ সম্ভব কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক শুক্রবার সমাজমাধ্যমে দাবি করেছেন, ব্রিটেন, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি বা সৌদি আরবের মতো কোনও দেশই হাসিনাকে আশ্রয় দিতে রাজি না হওয়ায় তিনি ‘শেষ উপায়’ হিসেবে দেশে ফিরতে চাইছেন।
সাউথ ব্লকের একটি সূত্রের মতে, বর্তমান অভ্যন্তরীণ সঙ্কটের মধ্যে ঢাকা মুখে প্রত্যর্পণের কথা বললেও বাস্তবে হাসিনাকে ফিরিয়ে নিয়ে নতুন করে অস্থিরতা বাড়াতে চায় না। তবে এতে ভারতের হারানোর কিছু নেই। কারণ, শেষ পর্যন্ত ঢাকা নানা অজুহাতে হাসিনাকে না ফেরালে, দিল্লি আন্তর্জাতিক মহলে অন্তত এই বার্তা দিতে পারবে যে, হাসিনা নিজে ফিরতে চাইলেও বাংলাদেশ সরকারই তাঁকে গ্রহণ করেনি।
Leave a comment