•
Home Top-News নিউটাউনে ওয়াচ টাওয়ারে মর্মান্তিক পরিণতি নিরাপত্তারক্ষীর! নেপথ্যে কী কারণ?
Top-Newsকলকাতা

নিউটাউনে ওয়াচ টাওয়ারে মর্মান্তিক পরিণতি নিরাপত্তারক্ষীর! নেপথ্যে কী কারণ?

Share
নিউটাউনে নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যু! ছবি: সংগৃহীত
Share

কলকাতা: শুক্রবার সকাল হতেই খাস কলকাতায় চাঞ্চল্য। নিউটাউনের সেন্ট্রাল মলের সামনে একটি ওয়াচ টাওয়ার থেকে উদ্ধার হল এক নিরাপত্তারক্ষীর মৃতদেহ। তাঁর নাম সুলগ্ন দে। কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)-এর অধীনে নিরাপত্তারক্ষীর কাজে যুক্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতেও ওই ওয়াচ টাওয়ারে পাহারার দায়িত্বে ছিলেন। প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। 

স্থানীয় সূত্রে খবর, সুলগ্ন বৃহস্পতিবার রাতে ওয়াচ টাওয়ারে ডিউটি করছিলেন। শুক্রবার ভোরবেলা বাথরুমে যাওয়ার সময় সেখানে জল না থাকায় পাম্প চালাতে যান তিনি। অভিযোগ, পাম্পের আশপাশে বিদ্যুৎ দপ্তরের একটি তার অসুরক্ষিত অবস্থায় পড়েছিল। কোনও ভাবে সেই তারের সংস্পর্শে চলে আসেন সুলগ্ন। আর তারপরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। যদিও কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। 

সকালে অন্য নিরাপত্তারক্ষীরা ডিউটিতে যোগ দিতে আসেন। তখনই তাঁকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা সুলগ্নকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। 

আরও পড়ুন: বঙ্গে নামছে পারদ, সপ্তাহান্তে শীতের আমেজে বড় ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় ‘আকভান’

পাশাপাশি, বিদ্যুৎ সংক্রান্ত বিষয়টি কতটা ঠিক তা খতিয়ে দেখতে তৎপর ডব্লুবিএসইডিসিএল। জানা গিয়েছে, তাঁদের তরফে আলাদাভাবে তদন্ত করা হবে। তবে এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়াচ টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কী ভাবে বিদ্যুতের তার খোলা অবস্থায় পড়ে ছিল? নিরাপত্তারক্ষীদের কাজের জায়গায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা কতটা ছিল, তা নিয়েও উঠছে প্রশ্ন। 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *