মুম্বই: সোশ্যাল মিডিয়ার যুগে তারকাদের ভুয়ো ও বিকৃত ছবি ছড়িয়ে পড়ার ঘটনা নতুন কিছু নয়। তবে এবার এই পরিস্থিতির শিকার হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা শত্রুঘ্নকন্যা সোনাক্ষী সিনহা। সমাজমাধ্যমে তাঁর আপত্তিকর ও বিকৃত নগ্ন ছবি ভাইরাল হতেই সরাসরি পুলিশের দ্বারস্থ হন ‘দাবাং গার্ল’। তাঁর স্পষ্ট অভিযোগ ছিল, ইচ্ছাকৃতভাবে তাঁর মানহানি করার জন্যই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। অভিনেত্রীর এই অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে পুলিশ এবং জোরকদমে তদন্ত শুরু করে। আর সেই তদন্তের সূত্র ধরেই দিল্লি থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোনাক্ষী সিনহা মুম্বইয়ের বান্দ্রা থানায় এই মর্মে একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে দিল্লি নিবাসী দীপক জৈন নামে এক ব্যক্তিকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে পুলিশ। গত শনিবার সকালে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানা সংলগ্ন অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ট্রানজিট রিমান্ডে সোজা মুম্বইয়ে নিয়ে আসা হয়। এরপর অভিযুক্তকে বান্দ্রা আদালতে পেশ করে ঘটনার সঙ্গে যুক্ত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার ও জিজ্ঞাসাবাদের স্বার্থে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় তদন্তকারী অফিসাররা।
আরও পড়ুন: টাইগার-কাণ্ডের পর ভয়ে বলিউড! নিরাপত্তা নিয়ে মুখ খুললেন অনন্যা
কিন্তু আদালতের শুনানিতেই পুরো মামলাটি অন্য মোড় নেয়। পুলিশের হেফাজতের তীব্র বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবীরা। তাঁরা আদালতকে জানান, গ্রেফতারের আগে পুলিশের পক্ষ থেকে কোনো রকম আইনি নোটিস দেওয়া হয়নি এবং ঠিক কী কারণে তাঁকে গ্রেফতার করা হচ্ছে, তাও স্পষ্ট করা হয়নি। এছাড়া দিল্লি থেকে মুম্বইয়ে স্থানান্তরের সময় স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনেও অভিযুক্তকে পেশ করা হয়নি বলে অভিযোগ তোলা হয়। প্রতিরক্ষপক্ষের দাবি, মামলার সঙ্গে একজন বড় তারকার নাম জড়িত থাকার কারণেই পুলিশ অতি উৎসাহী হয়ে এই তাড়াহুড়ো করেছে। অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তিও আদালতে দাবি করেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন।
উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মুম্বই আদালতের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত স্পষ্ট। বিচারক জানান, নিয়ম অনুযায়ী দিল্লি থেকে গ্রেফতারের পর অভিযুক্তকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো বাধ্যতামূলক ছিল, যা এখানে মানা হয়নি। শুধু তদন্তের স্বার্থে আইনের সঠিক প্রক্রিয়া লঙ্ঘন করে কাউকে আটকে রাখা যায় না। পুলিশের এই ত্রুটিপূর্ণ ও বেআইনি পদক্ষেপের কারণেই আদালত অভিযুক্তকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। তারকার মামলার মতো হাইপ্রোফাইল ঘটনায় পুলিশের এই অসতর্কতা নিয়ে এখন আইনি মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
Leave a comment