কলকাতা: দুর্গাপুজোর প্রথম সপ্তমীর রাতে চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর কলকাতা মেডিক্যাল কলেজের পরিকাঠামো এবং জীবনদায়ী ওষুধের অভাব নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিক বৈঠক করেছিলেন একদল ইন্টার্ন চিকিৎসক।
এ বার সেই ঘটনার জেরে কড়া প্রশাসনিক পদক্ষেপ করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবনের নির্দেশে কলকাতা মেডিক্যাল কলেজের আট জন ইন্টার্ন চিকিৎসককে শোকজ় করা হল। ওই তালিকায় সৌম্যদীপ দে, আয়ুষ ঝা এবং অজিঙ্কা কুমার বর্মা-সহ আট জনের নাম রয়েছে। শুধু শোকজ় চিঠি ধরানোই নয়, অধ্যক্ষের দফতর থেকে ওই আট জন ইন্টার্নের অভিভাবকদের কাছেও গোটা বিষয়টি জানিয়ে ইমেল পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে শোকজ়ের জবাব তলব করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর, প্রথম সপ্তমীর রাতে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্টের ঘটনার পর জখমদের প্রাথমিক ভাবে কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয়েছিল। কিন্তু মৃত্যুর সংখ্যা যাতে আর না বাড়ে এবং আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ওই রাতেই মেডিক্যাল কলেজের একদল জুনিয়র চিকিৎসক ও ইন্টার্ন সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তোলেন, রাজ্যের শীর্ষস্তরের একটি সরকারি হাসপাতাল থেকে কেন রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠানো হল? পাশাপাশি, হাসপাতালে রক্তক্ষরণ বন্ধের ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জাম অমিল ছিল বলেও বিস্ফোরক অভিযোগ তোলেন তাঁরা।
আরও পড়ুন: ১৯ জনের মৃত্যুর নেপথ্যে কী? বিপর্যয়ের কারণ খুঁজতে এবার মণ্ডপশিল্পীকে তলব লালবাজারের
বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক চাপানউতোর শুরু হয়। নবমীর দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছিলেন, কাজের সময় ওয়ার্ডে না থেকে ইন্টার্ন চিকিৎসকেরা সাংবাদিক বৈঠক করছিলেন কি না, তা খতিয়ে দেখতে।
কারণ, কর্তব্যরত অবস্থায় এ ভাবে সংবাদমাধ্যমে বিবৃতি দেওয়া ‘রুল বুক’-এর পরিপন্থী। এর পরেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় মেডিক্যাল কলেজের প্রশাসকদের সঙ্গে বৈঠক করে কড়া পদক্ষেপের নির্দেশ দেন এবং জানান, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সে দিন হাসপাতালে পর্যাপ্ত ওষুধ মজুত ছিল।
হাসপাতাল সূত্রে খবর, শোকজ়ের চিঠি এবং অভিভাবকদের পাঠানো ইমেলে মূলত দু’টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রথমত, সংশ্লিষ্ট আট জন ইন্টার্ন সে দিন ডিউটিতে থাকা সত্ত্বেও নিজের কাজ ফেলে সাংবাদিক বৈঠক করেছেন। দ্বিতীয়ত, হাসপাতালে মজুত ওষুধ নিয়ে তাঁরা যে তথ্য দিয়েছিলেন, যাচাই করে দেখা গিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
মেডিক্যাল কলেজের এক কর্তা জানান, “স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনেই অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-এর গাইডলাইন মেনে কেন তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে না, তিন দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।”
তবে কর্তৃপক্ষের এই অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত ইন্টার্নেরা। নাম প্রকাশ না করার শর্তে শোকজ় প্রাপ্ত এক ইন্টার্ন দাবি করেন, “সাংবাদিক বৈঠকের সময় আমি মোটেই ডিউটিতে ছিলাম না। রাত ৮টা-সাড়ে ৮টা নাগাদ আমার ‘ওটি ডে’-র ডিউটি শেষ হয়ে গিয়েছিল এবং পিজিটি-র অনুমতি নিয়েই বাইরে গিয়েছিলাম।”
ওষুধ না থাকার অভিযোগ প্রসঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, “বাস্তব পরিস্থিতি এখানকার সব ডাক্তারই জানেন। রাজ্য বা প্রশাসন তাদের কথা বলেছে।” নিজেদের মধ্যে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ স্থির করবেন বলে জানিয়েছেন ওই জুনিয়র চিকিৎসকেরা।
Leave a comment