কলকাতা: কর্মব্যস্ত দিনে শহর ও শহরতলির নিত্যযাত্রীদের সবচেয়ে বড় ভরসার জায়গা কলকাতা মেট্রো। বিশেষত রাতের শহরে মহিলা যাত্রীদের নিরাপদ যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবেই পরিচিত পাতালরেল।
কিন্তু সেই সুরক্ষিত পরিবহণ ব্যবস্থার অন্দরেই এ বার ভয়ঙ্কর ও ন্যক্কারজনক অভিজ্ঞতার শিকার হলেন এক মহিলা সাংবাদিক। অফিস থেকে বাড়ি ফেরার পথে ভিড়ে ঠাসা মেট্রোর কামরায়, তা-ও আবার মহিলাদের জন্য সংরক্ষিত আসনের ঠিক পাশেই দাঁড়িয়ে ওই তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক মত্ত যুবকের বিরুদ্ধে।
শুধু তা-ই নয়, গন্তব্য স্টেশনে নেমে মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে সেখানে কেউ কোনও আমল দেননি বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন নিগৃহীতা। শেষ পর্যন্ত শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্তে নেমে মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে কলকাতা পুলিশ।
পুলিশ ও অভিযোগকারিণী সূত্রে জানা গিয়েছে, নিগৃহীতা পেশায় এক জন সাংবাদিক। তাঁর কর্মস্থল চাঁদনি চক এলাকায় এবং বাড়ি গড়িয়ায়। প্রতিদিনের মতোই কাজ সেরে রাত পৌনে ন’টা থেকে ন’টা নাগাদ (রাত ৮টা ৪৭ থেকে ৮টা ৫৭ মিনিটের মধ্যে) চাঁদনি চক স্টেশন থেকে দক্ষিণমুখী (কবি সুভাষ/কবি নজরুলগামী) মেট্রোয় ওঠেন তিনি।
কামরার ভিতরে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। পরের স্টেশন এসপ্ল্যানেডে মেট্রো পৌঁছতেই কামরায় স্বাভাবিক ভাবেই যাত্রীদের ভিড় বেড়ে যায়। অভিযোগ, সেই ভিড়ের সুযোগ নিয়েই এসপ্ল্যানেড থেকে ওঠা এক মত্ত যুবক ঠিক ওই মহিলা সাংবাদিকের পিছনে গিয়ে দাঁড়ান।
আরও খবর: ইন্দ্রনীল-ব্রাত্যর বিরুদ্ধে এফআইআর বাগুইআটি থানায়
মেট্রো ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই তরুণী অনুভব করেন, তাঁর পিছনে অস্বস্তিকর কিছু ঘটছে এবং একটি হাত তাঁর পিঠ বেয়ে ক্রমশ নীচের দিকে নামছে। বিষয়টি টের পেয়েই তিনি তীব্র প্রতিবাদ করেন। কিন্তু তাতেও ওই যুবক সরে যাননি।
অভিযোগকারিণীর কথায়, “এসপ্ল্যানেড স্টেশন ছাড়ার পর ভিড় বেশ বেড়ে গিয়েছিল। আমি মহিলাদের সিটের সামনেই দাঁড়িয়েছিলাম। কেউ অশালীন ভাবে স্পর্শ করছে বুঝতে পেরে ঘুরে তাকাতেই দেখি, একটা হাত পিঠ থেকে ধীরে ধীরে নীচে নামছে। আর যিনি এই কুকীর্তি করছেন, তাঁর প্যান্টের চেন খোলা অবস্থায় রয়েছে!”
এই দৃশ্য দেখে আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে চিৎকার করে ওঠেন ওই মহিলা সাংবাদিক। তাঁর চেঁচামেচি শুনে কামরার অন্যান্য সহযাত্রীরাও বিষয়টি বুঝতে পারেন এবং একজোট হয়ে ওই মত্ত যুবকের উপর চড়াও হয়ে প্রতিবাদ জানান। কামরার ভিতরে তীব্র অশান্তি ও বচসার মধ্যেই মেট্রো রবীন্দ্র সদন স্টেশনে ঢুকতেই কয়েক জন সহযাত্রী ওই যুবককে কামরা থেকে নামিয়ে দেন এবং অভিযুক্তও ভিড়ের সুযোগে স্টেশন ছেড়ে চম্পট দেয়।
ঘটনার আকস্মিকতায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন নিগৃহীতা। রাত ৯টা ২৪ মিনিট নাগাদ গন্তব্য স্টেশন কবি নজরুলে নেমে তিনি মেট্রো কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাতে এবং অভিযোগ দায়ের করতে যান। কিন্তু অভিযোগ, সেখানে কর্তব্যরত কর্মীদের কাছ থেকে কোনও সহযোগিতা বা সাহায্য পাননি তিনি। যদিও মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে পাল্টা দাবি করা হয়েছে, তাঁদের কাছে লিখিত ভাবে কোনও অভিযোগপত্র জমা পড়েনি। তবে পুলিশের তরফে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে এবং তদন্তের স্বার্থে পুলিশকে সব রকম সহযোগিতা করা হচ্ছে।
মেট্রো স্টেশনে সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত শেক্সপিয়র সরণি থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা সাংবাদিক। তাঁর কথায়, “ভিড় মেট্রোতেই যদি এই অবস্থা হয়, তবে কামরা ফাঁকা থাকলে কী ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত, তা ভেবেই শিউরে উঠছি।”
ইতিমধ্যেই এসপ্ল্যানেড ও রবীন্দ্র সদন স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। রাতের মেট্রোয় মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল এই ঘটনা।
Leave a comment