•
Home Top-News সাহারনপুর থেকে রাহুলের মিশন উত্তরপ্রদেশ! ১৫ ডিসেম্বরের আসন সমঝোতা
Top-Newsদেশ

সাহারনপুর থেকে রাহুলের মিশন উত্তরপ্রদেশ! ১৫ ডিসেম্বরের আসন সমঝোতা

Share
কটা আসন পাবে কংগ্রেস? ফাইল ছবি
Share

লখনউ: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। 

আর সেই মহারণের আগে এক দিকে জোটের জট কাটাতে, অন্য দিকে ময়দানে নেমে সাংগঠনিক শক্তি প্রদর্শনে কোমর বেঁধে নামল কংগ্রেস। সূত্রের খবর, সমাজবাদী পার্টি (সপা)-র সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করার জন্য আগামী ১৫ ডিসেম্বরকে চূড়ান্ত সময়সীমা হিসেবে স্থির করেছে হাত শিবির।

পাশাপাশি, ডিসেম্বরের মাঝামাঝি সময়েই পশ্চিম উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ কেন্দ্র সাহারানপুর থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মেগা জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ‘মিশন ইউপি’র প্রচার শুরু করতে চলেছে কংগ্রেস।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচার শুরুর মঞ্চ হিসেবে সাহারানপুরকে বেছে নেওয়া কংগ্রেসের অত্যন্ত সুচিন্তিত কৌশল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি ইমরান মাসুদ। 

উত্তরপ্রদেশের উত্তর প্রান্তে অবস্থিত এই জেলা পশ্চিম উত্তরপ্রদেশের দরজা হিসেবে পরিচিত এবং এখানে সংখ্যালঘু মুসলিম ও দলিত ভোটব্যাঙ্ক অত্যন্ত নির্ণায়ক। চন্দ্রশেখর আজাদের ‘আজাদ সমাজ পার্টি (কাঁসিরাম)’ এবং আসাদউদ্দিন ওয়াইসির ‘এআইএমআইএম’ (AIMIM)-এর জোট যে ভাবে দলিত ও মুসলিম ভোটে থাবা বসানোর চেষ্টা করছে।

আরও পড়ুন : ‘জিটিএ ৬’ লঞ্চ হতেই মিম-যুদ্ধ! রাহুল-মমতা-কেজরীওয়ালকে নিশানা বিজেপির

তার মোকাবিলায় শুরুতেই নিজেদের শক্ত ঘাঁটি থেকে কর্মীদের চাঙ্গা করতে চাইছে কংগ্রেস। উল্লেখ্য, সপার কাছে কংগ্রেস যে ১৮১টি আসনের তালিকা জমা দিয়েছে, তার মধ্যে সাহারানপুর নগর এবং সাহারানপুর দেহাত, দু’টি বিধানসভা কেন্দ্রই রয়েছে।

তবে জোটের অন্দরে আসন সংখ্যা নিয়ে টানাপোড়েন এখনও পুরোপুরি কাটেনি। কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রের দাবি, দল অন্তত ১০০টিরও বেশি ‘জেতার মতো’ (উইনেবল) আসনে লড়তে চায়। অন্য দিকে, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে সমাজবাদী পার্টির একটি বড় অংশ কংগ্রেসকে অনেক কম আসন ছাড়ার পক্ষে সওয়াল করছে। আসন বণ্টন নিয়ে প্রকাশ্য মতবিরোধে যাতে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের ঐক্য ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রদেশ নেতৃত্বকে সপার বিরুদ্ধে কোনও বিরূপ মন্তব্য না করার কড়া নির্দেশ দিয়েছে কংগ্রেস হাইকমান্ড।

ইতিমধ্যে আনুষ্ঠানিক বৈঠক কিছুটা পিছিয়ে যাওয়ায় সমঝোতা প্রক্রিয়াকে মসৃণ করতে নতুন পথ বেছে নিয়েছেন শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি সনিয়া গান্ধীর বই প্রকাশ অনুষ্ঠানে অখিলেশ যাদব, ডিম্পল যাদব, রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢরার মধ্যে একান্তে অনানুষ্ঠানিক আলোচনা হয়। সেখানেই সরাসরি আসন বণ্টনের আলোচনার আগে একটি আনুষ্ঠানিক ‘সমন্বয় কমিটি’ (কো-অর্ডিনেশন কমিটি) গঠনের প্রস্তাব দেন সপা প্রধান অখিলেশ যাদব। সেই প্রস্তাবে সম্মতি জানান রাহুল গান্ধীও।

জোটের আলোচনা এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যেই প্রিয়ঙ্কা গান্ধী বঢরার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষ প্যানেল গঠন করেছে কংগ্রেস। এই কমিটিতে প্রিয়ঙ্কা ছাড়াও রয়েছেন দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, রাজেন্দ্র পাল গৌতম, আরাধনা মিশ্র এবং ইমরান মাসুদ। কংগ্রেস নেতৃত্বের আশা, ১৫ ডিসেম্বরের মধ্যে এই কমিটির মাধ্যমে সপার সঙ্গে সম্মানজনক আসন সমঝোতা সেরে ফেলে পূর্ণ শক্তিতে যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে ঝাঁপাতে পারবে দল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *