•
Home খেলা ওয়েলিংটনে বুমরাই টানলেন! প্রথম দিনে বাকিরা স্রেফ দর্শক
খেলা

ওয়েলিংটনে বুমরাই টানলেন! প্রথম দিনে বাকিরা স্রেফ দর্শক

Share
ওয়েলিংটনে উজ্জ্বল বুমরা। ছবি : বিসিসিআই
Share

ওয়েলিংটন: সকালের সেশনে এর চেয়ে ভাল শুরু আর হতে পারত না ভারতের জন্য। সবুজ ঘাসের বেসিন রিজার্ভের পিচ, ঝোড়ো হাওয়া এবং জসপ্রীত বুমরাহর বিধ্বংসী সুইংস এই ত্রিফলা আক্রমণে মাত্র ৭০ রানের মধ্যেই নিউ জিল্যান্ডের পাঁচটি উইকেট তুলে নিয়ে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছিল শুভমন গিলের দল। 

কিন্তু লাঞ্চের পরই বদলে গেল ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের ছবি। বুমরাহর অনুপস্থিতিতে ভারতের অনভিজ্ঞ পেস আক্রমণের সুযোগ নিয়ে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুললেন হেনরি নিকোলস এবং গ্লেন ফিলিপস। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ১৭৩ রানের জুটিতে ভর করে বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ৫ উইকেটে ২৪৩ রান তুলে চালকের আসনে বসে গেল আয়োজক নিউ জিল্যান্ড। নিকোলস ১১৩ রানে (কেরিয়ারের দ্বাদশ এবং ভারতের বিরুদ্ধে প্রথম শতরান) এবং ফিলিপস ৯৪ রানে অপরাজিত রয়েছেন।

এ দিন টস জিতে ১৫ মিলিমিটার ঘাসযুক্ত পিচে প্রথমে বোলিং করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি ভারত অধিনায়ক শুভমন গিল। ইনিংসের তৃতীয় বলেই কিউয়ি অধিনায়ক টম ল্যাথামের অফ-স্টাম্প ছিটকে দিয়ে ভারতকে স্বপ্নের শুরু এনে দেন বুমরাহ। এরপর অংশুল কম্বোজের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডেভন কনওয়ে। 

আরও পড়ুন : ধোনির পর ১৭ বছর! অধরা কিউয়ি-দুর্গ, ইতিহাস বদলাতে তৈরি শুভমনের ভারত

আকাশ দীপ ফেরান রচিন রবীন্দ্রকে এবং শর্ট লেগে যশস্বী জয়সওয়ালের দুরন্ত ক্যাচে ড্যারিল মিচেলকে আউট করেন বুমরাহ। লাঞ্চের ঠিক পরেই টম ব্লান্ডেলকে বুমরাহ ফিরিয়ে দিলে ৭০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নিউ জিল্যান্ড। প্রথম একাদশে মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজাকে বসিয়ে চার পেসার ও ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত তখন একদম সঠিক বলেই মনে হচ্ছিল।

কিন্তু এর পরই শুরু হয় কিউয়িদের পাল্টা লড়াই। প্রথম ওভারেই ব্যাট করতে নামা ৩৫ বছরের হেনরি নিকোলস। ভারতের বিরুদ্ধে যাঁর টেস্ট গড় ছিল মাত্র ১৩.৫৫। শুরুতে বুমরাহর বিরুদ্ধে রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার পর অফ-স্টাম্পের বাইরের বল ছেড়ে খেলতে থাকেন তিনি। অন্য দিকে, গ্লেন ফিলিপস বেছে নেন পাল্টা আক্রমণের পথ। দুপুরের রোদে পিচের আর্দ্রতা শুকিয়ে যেতেই বলের সুইং কমতে থাকে, আর ঠিক তখনই ফুটে ওঠে ভারতের পেস আক্রমণের অনভিজ্ঞতা।

দলে বুমরাহ ছাড়া বাকি তিন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ ও অংশুল কম্বোজের সম্মিলিত টেস্ট উইকেট সংখ্যা মাত্র ১০২। প্রসিদ্ধ কৃষ্ণ (০/৫৮) সঠিক লেন্থ খুঁজে না পাওয়ায় অনায়াসেই রান তুলতে থাকেন ফিলিপস ও নিকোলস। আকাশ দীপ (১/৩৩) ও কম্বোজ (১/৫৭) ভালো বল করলেও চাপ ধরে রাখতে পারেননি। বুমরাহ আক্রমণ থেকে সরে গেলেই আলগা হয়ে যাচ্ছিল ভারতের বোলিং।

চা-বিরতির পর ১০২ রানের মাথায় প্রসিদ্ধ কৃষ্ণর শর্ট বলে ক্যাচ তুলেছিলেন নিকোলস। কিন্তু ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে ঋষভ পন্থ ও দেবদত্ত পাড়িক্কলের মধ্যে বোঝাপড়ার অভাবে সহজ ক্যাচ ফস্কান পাড়িক্কল। 

সেই জীবনদান কাজে লাগিয়ে বেসিন রিজার্ভে নিজের পঞ্চম টেস্ট শতরান পূর্ণ করে জন রাইট ও ব্রেন্ডন ম্যাকালামের রেকর্ড স্পর্শ করেন নিকোলস। অন্য প্রান্তে ৯১.৮ শতাংশ কন্ট্রোল রেখে মাত্র ৬ রান দূরে থাকা শতরানের অপেক্ষায় দিন শেষ করেন ফিলিপস। সব মিলিয়ে, বুমরাহর দাপটে শুরু হওয়া দিনটি শেষ পর্যন্ত হতাশা এবং হাতছাড়া সুযোগের আক্ষেপেই শেষ হল ভারতের জন্য।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *