পটনা: বিয়েবাড়িতে যেতে নিমন্ত্রণপত্র লাগবে না! এমনই ঘোষণা বিহারের মকামার বিধায়ক অনন্ত সিংয়ের। তাঁর সাফ কথা, ‘‘এটা তো কোনও সিনেমা নয় যে টিকিট কেটে ঢুকতে হবে!’ এমনকি যাঁরা বিয়ের কার্ড পাননি, চাইলে তাঁরাও অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন। তবে আমন্ত্রণের পরিধি কি শুধু বিহারেই সীমাবদ্ধ? উত্তরে অনন্ত সিং জানান, ‘‘হিন্দুস্তান, পাকিস্তান সবাই আসতে পারেন।’’ আর তাঁর এই মন্তব্যের পর থেকেই তাঁর ছোট মেয়ের বিয়ে নিয়ে কৌতূহল আরও বেড়েছে।
বিহারের রাজনৈতিক মহলে অনন্ত সিং পরিচিত ‘ছোটে সরকার’ বা ‘দাদা’ নামে। তাঁর চালচলন, পোশাক থেকে শুরু করে নানা কর্মকাণ্ড বেশ চর্চায় থাকে। তবে এবার চর্চার কেন্দ্রে, তাঁর মেয়ের বিয়ে। আগামী ২৫ নভেম্বর অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে পটনা জেলার নিজের পৈতৃক গ্রাম লাদওয়ানে বিয়ের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি চলছে জোরকদমে। অনুষ্ঠানের প্রস্তুতি থেকে অতিথিদের আনাগোনা, প্রতিটি খুঁটিনাটিই নানা ভিডিয়ো ও প্রতিবেদনে উঠে আসছে।
আরও পড়ুন: ‘হোয়াটসঅ্যাপ ওয়েব’ লগ-ইন রেখে ভুলে যান? সর্বস্বান্ত হতে পারেন মুহূর্তে!
বিতর্ক, রাজনৈতিক কর্মকাণ্ড এবং ব্যতিক্রমী জীবনযাপনের জন্য খবরের শিরোনামে থেকেছেন অনন্ত। একসময় ঘোড়ায় টানা গাড়িতে চেপে বিধানসভায় পৌঁছেও নজর কেড়েছিলেন এই বিধায়ক। পরিচিত সানগ্লাসের বদলে এখন সোনালি ফ্রেমের চশমা, কখনও নীল মখমলের মতো পোশাক, আবার কখনও মাথায় কাউবয় টুপি। হাসিমুখে বিয়ের প্রস্তুতি নিয়ে তাঁর সংক্ষিপ্ত উত্তর, ‘বঢ়িয়া’।
বিয়ের আয়োজনের খবর প্রকাশ্যে আসতেই সংবাদমাধ্যমের পাশাপাশি সমাজমাধ্যমের কনটেন্ট নির্মাতারাও কার্যত মাঠে নেমে পড়েছেন। এক দেওঘর-ভিত্তিক কনটেন্ট নির্মাতার দাবি, প্রথমে এক দিনের জন্য লাদওয়ানে গিয়েছিলেন। পরে তাঁদের দলের একজনকে সেখানে রেখে দেওয়া হয়েছে। তিনি নিয়মিত বিয়ের প্রস্তুতির খবর পাঠাচ্ছেন। ২৫ নভেম্বর বিয়ের অনুষ্ঠান কভার করতে নিজেও আবার সেখানে যাবেন।
তবে শুধু কনের বাবা নন, হবু জামাইয়ের পরিবারের সদস্যরাও এখন চর্চায়। শিবাঙ্গীর হবু শ্বশুর রণবিজয় কুমার সিং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী বা সিআরপিএফের কমান্ড্যান্ট। পটনার দানাপুর এলাকায় তাঁর নতুন বাড়িতেও সাংবাদিকরা ভিড় জমাচ্ছেন।
Leave a comment