পটনা: পুজোর মরশুম শেষে এখন দেশজুড়ে বিয়ের মরশুম। আর বিয়েতে এলাহি আয়োজন থাকবে না, তা আবার হয় নাকি! তবে বিহারের এক বিধায়কের মেয়ে বিয়ের প্রস্তুতি যেন সবকিছুকেই ছাপিয়ে গেছে। বিয়ের রাজকীয় আয়োজন দেখে তাজ্জব নেটপাড়া। কোথাও বিশালাকার তাঁবু, কোথাও সারি সারি উনুনে চলছে রান্না। অতিথিদের জন্য তৈরি হচ্ছে লক্ষ লক্ষ গুলাব জামুন। এমনকী থাকছে ঘোড়দৌড়ের প্রতিযোগিতা। বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে থাকছে আস্ত একটি এসইউভি গাড়ি। সব মিলিয়ে আয়োজনের বহর দেখে হার মানবে বলিউডের বিগ ফ্যাট ওয়েডিংও।
বিহারের বিধায়ক অনন্ত সিং এলাকায় ‘ছোটে সরকার’ নামে পরিচিত। তাঁর সাজপোশাক থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড সবকিছুই চর্চা থাকে। তাঁর মেয়ের বিয়েতে আড়ম্বরের কোনও খামতি থাকবে না, তার ইঙ্গিত মিলেছে প্রস্তুতি দেখেই। ২৫ নভেম্বর, বুধবার পটনার লাডমা গ্রামে তাঁদের পৈতৃক বাড়িতে বিয়ের আসর বসতে চলেছে। অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গীর সঙ্গে ঋষিকেশ কুমারের বিয়ে হচ্ছে। তিনি কম্যান্ড্যান্ট রণবিজয় কুমারের ছেলে। বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান ঘিরেও ছিল বিপুল আয়োজন।
আরও পড়ুন: নিমন্ত্রণ না পেলেও আসুন! মেয়ের বিয়েতে কী বললেন ‘ছোটে সরকার’?
কী কী থাকছে এলাহি ভোজে?
জানা যাচ্ছে, বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় চার লক্ষ। অতিথি আপ্যায়নের জন্য তৈরি হচ্ছে ১৫০টিরও বেশি পদ। বিশেষ নজর কেড়েছে ৫০ লক্ষ গুলাব জামুন তৈরির আয়োজন। বিশালাকার উনুনে একের পর এক কড়াইয়ে চলছে মিষ্টি তৈরির কাজ। শুধুমাত্র রান্নার জন্যই তৈরি হয়েছে ১২টি আলাদা তাঁবু। মিষ্টি তৈরির জন্য ১০ হাজার কেজির ট্যাঙ্কারে করে আনা হচ্ছে দুধ।
মেনুতেও থাকছে একাধিক পদ। তালিকায় রয়েছে বিহারের জনপ্রিয় লিট্টি-চোখা থেকে পুরি-সবজি, পোলাও, ডাল, তন্দুরি রুটি, নান। পাশাপাশি থাকছে শাহি কোফতা, বিভিন্ন ধরনের পনিরের পদ, ডাল মাখানি এবং কাশ্মীরি পোলাও। মিষ্টির তালিকায় রয়েছে গুলাব জামুন, রসগোল্লা, দই, দেশি ঘিয়ের মালপোয়া, বালুশাহি, সিলাও খাজা ও কাজু বরফি।
তবে শুধু খাওয়াদাওয়া নয়, বিয়ের অন্যতম আকর্ষণ হতে চলেছে ঘোড়দৌড়। তার জন্য প্রায় ১২ বিঘা জমি প্রস্তুত করা হয়েছে। বিজয়ীর হাতে পুরস্কার হিসাবে একটি এসইউভি গাড়ি তুলে দেওয়া হবে। দ্বিতীয় স্থানাধিকারী পাবেন একটি বাইক এবং তৃতীয় জনের জন্য থাকছে স্কুটার।
এখানেই শেষ নয়। মালাবদলের জন্য তৈরি হচ্ছে জয়পুরের রাজপ্রাসাদের আদলে বিশেষ মঞ্চ সাজসজ্জার জন্য ফুল আনা হচ্ছে চিন থেকে। ভিভিআইপি অতিথিদের কথা মাথায় রেখে হাইওয়ের পাশেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে। মেয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে আয়োজনে কোনও খামতি রাখতে চাইছেন না বিধায়ক অনন্ত সিং।
Leave a comment