কোচবিহার: উত্তরবঙ্গ সফরে এসে ঐতিহ্যবাহী কোচবিহারের রাস মেলার উদ্বোধনের দিনেই অতীতের বর্গা ও ভূমি সংস্কার আইন নিয়ে বামেদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার কোচবিহারে রাজবংশী ও কামতাপুরী সমাজের বিভিন্ন সংগঠন এবং এর আগে উত্তরকন্যায় রাজবংশী সমাজের বিশিষ্টজনদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অতীতে ভূমি সংস্কার ও বর্গা আইন কার্যকর করার নাম করে তৎকালীন বামফ্রন্ট সরকার এখানকার মূলনিবাসীদের জমি কেড়ে নিয়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছিল।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে। যদিও শুভেন্দু অধিকারীর এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা কাগজপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
বুধবার রাস মেলার কর্মসূচিতে যোগ দেওয়ার আগে রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, লেখক, চিকিৎসক, বুদ্ধিজীবী এবং বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের জানান, আলোচনায় রাজবংশী সমাজের জমি বেহাত হয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে এবং অনেকেই দুঃখপ্রকাশ করে জানিয়েছেন যে, এক সময় যে জমির মালিক তাঁরা ছিলেন, তার অধিকাংশই এখন বেদখল হয়ে গিয়েছে।
আরও পড়ুন : জেলাতেই ম্যারাথন জেরা ‘পাথর সম্রাট’কে! সিআইডি তলব এড়ালেন টুলু
এর জন্য সরাসরি সিপিএম-কে দায়ী করে মুখ্যমন্ত্রী বলেন, “বর্গা ও ভূমি সংস্কার আইন কার্যকর করতে গিয়ে মূলবাসীদের জমি কাড়িয়ে নেওয়া হয়েছিল এবং বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে প্রচুর জমি তুলে দেওয়ার কাজ করেছিল সিপিএম। এর ফলে রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের মানুষ চরম বঞ্চিত হয়েছেন। এখনই হয়তো রাতারাতি সেগুলি ঠিক করা যাবে না, কিন্তু পরবর্তী সময়ে যা করার তা অবশ্যই করব।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সীমান্তবর্তী এলাকায় জনবিন্যাস বদল এবং ‘ল্যান্ড জিহাদ’ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সুরই এ দিন প্রতিধ্বনিত হয়েছে মুখ্যমন্ত্রীর গলায়।
পাশাপাশি, রাজবংশী ও কামতাপুরী সমাজের উন্নয়নে বর্তমান রাজ্য সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, দলের সংকল্পপত্রে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতিই অক্ষরে অক্ষরে পালন করা হবে।
রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা, হেরিটেজ কমিশন গঠন, স্কুলগুলিতে অর্থ বরাদ্দ, পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা এবং লোকশিল্পীদের ভাতা দেওয়ার মতো বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানান, অষ্টম তফসিলের বিষয়টি নিয়ে গত ১৯ তারিখ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান রাজ্য মন্ত্রিসভায় অতীতের সিপিএম বা তৃণমূল সরকারের তুলনায় অনেক বেশি সংখ্যায় রাজবংশী সমাজের প্রতিনিধিকে জায়গা দেওয়া হয়েছে বলেও খতিয়ান দেন তিনি।
অন্য দিকে, মুখ্যমন্ত্রীর তোলা জমি বেহাত হওয়ার অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রীর এই কথার মধ্যে সত্যের লেশমাত্র নেই। উনি যদি এমনটা মনে করেন, তা হলে তথ্যপ্রমাণ ও কাগজপত্র বের করুন। আপনার আগের দলের আগের মুখ্যমন্ত্রীও অনেক কিছু করবেন বলেছিলেন, কিন্তু পারেননি। দরকারে ওই কমিশনগুলিই আবার চালু করুন। শুধু দয়া করে বলে দেবেন, আগের কমিশনগুলি কেন রিপোর্ট দিতে পারেনি।”
রাস মেলার আবহে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে জমি ও ভূমিপুত্রদের অধিকার নিয়ে শাসক ও বাম শিবিরের এই তরজা যে আগামী দিনে উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।
Leave a comment