•
Home Top-News প্রথমে হাত কেটে, তারপর গুলি করে জামিনে মুক্ত আসামিকে ‘খুন’, পুণের আদালত চত্বরে উত্তেজনা!
Top-Newsদেশ

প্রথমে হাত কেটে, তারপর গুলি করে জামিনে মুক্ত আসামিকে ‘খুন’, পুণের আদালত চত্বরে উত্তেজনা!

Share
নিহত মন্দার
Share

পুণে: দিনদুপুরে খাস আদালত চত্বরে প্রকাশ্য রাস্তায় নৃশংস হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রের পুণেতে। বুধবার দুপুরে পুণের শিবাজিনগর জেলা আদালতের ৪ নম্বর গেটের ঠিক বাইরে এক খুনের মামলায় অভিযুক্ত যুবককে ধারালো চপার দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে, তাঁর একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে এবং লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিল ছয় থেকে সাত জনের এক সশস্ত্র দুষ্কৃতী দল। রক্তাক্ত অবস্থায় ফুটপাথে লুটিয়ে পড়া ওই যুবকের নাম মন্দার মারুতি কিওয়ালে। 

মাত্র চার দিন আগেই, গত শনিবার জামিনে জেল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি এবং এ দিন মামলার শুনানিতে হাজিরা দিতেই আদালতে এসেছিলেন। গোটা ঘটনার হাড়হিম করা ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ ভর্তি একটি ম্যাগাজ়িন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পরই পুণের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পওয়ার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে মন্দার কিওয়ালে শিবাজিনগর আদালতের ৪ নম্বর গেটের বাইরে পৌঁছনোমাত্রই দু’টি স্কুটারে চেপে আসা ছয়-সাত জন দুষ্কৃতী তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। মোবাইলে ধরা পড়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, অন্তত দুই হামলাকারী ধারালো চপার দিয়ে মন্দারকে নৃশংস ভাবে কোপাতে থাকে। 

হামলার তীব্রতায় তাঁর একটি হাত কব্জি থেকে পুরোপুরি কেটে আলাদা হয়ে যায়। পাশাপাশি তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মন্দার উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করলেও পরক্ষণেই যন্ত্রণায় ফুটপাথে লুটিয়ে পড়েন। সেই সময় আতঙ্কিত পথচারীদের অসহায় ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হামলা চালানোর পর দু’টি স্কুটারে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা। একটি স্কুটারে চার জন এবং অন্যটিতে দু’জনকে পালাতে দেখা গিয়েছে ভিডিওতে। হামলার পর মন্দার জীবিত রয়েছেন কি না, তা তাৎক্ষণিক ভাবে স্পষ্ট হয়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে পুরনো শত্রুতা ও প্রতিশোধের তত্ত্ব। ২০২৫ সালের ২০ এপ্রিল পুণের কাতরাজ এলাকার সন্তোষনগরে জমি ও আর্থিক বিবাদের জেরে শুভম সুভাষ চহ্বান নামে এক যুবক খুন হয়েছিলেন। 

সেই খুনের মামলাতেই গ্রেফতার হয়ে জেলে ছিলেন মন্দার মারুতি কিওয়ালে। গত শনিবার জামিনে মুক্তি পাওয়ার ঠিক চার দিনের মাথায় আদালত চত্বরে তাঁর উপর এই প্রাণঘাতী হামলা চালানো হল। ২০২৫-এর সেই খুনের বদলা নিতেই এই হামলা কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এদিকে, আদালত চত্বরে এই ঘটনায় রাজ্যের শাসক জোটকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এনসিপি (শরদ পওয়ার) সাংসদ সুপ্রিয়া সুলে। তাঁর প্রশ্ন, “আদালত সাধারণ মানুষের কাছে ন্যায়ের মন্দির। যে পবিত্র প্রতিষ্ঠানে মানুষ বিচার ও সুরক্ষার আশায় আসেন, সেখানেই যদি দিনদুপুরে রক্ত ঝরে, তবে পুণের সাধারণ মানুষ কোথায় যাবেন?” 

সুপ্রিয়ার অভিযোগ, পুণেতে ‘কোয়তা গ্যাং’-এর দৌরাত্ম্য, প্রকাশ্য রাস্তায় গুলিচালনা, খুন এবং নারীদের উপর অপরাধ ভয়াবহ ভাবে বেড়ে গিয়েছে এবং শহরের আইনশৃঙ্খলা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।

ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজ়িন বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়েছে পুণে পুলিশ। স্থানীয়দের তোলা মোবাইল ভিডিও এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পলাতক দুষ্কৃতীদের খোঁজে শহরে চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *