•
Home Top-News আসানসোলে প্রতাপের সঙ্গে খণ্ডযুদ্ধ পুলিশের, পায়ে গুলি লেগে গ্রেফতার সাইবার প্রতারক
Top-Newsপশ্চিমবঙ্গ

আসানসোলে প্রতাপের সঙ্গে খণ্ডযুদ্ধ পুলিশের, পায়ে গুলি লেগে গ্রেফতার সাইবার প্রতারক

Share
আসানসোলেও ‘এনকাউন্টার’
Share

আসানসোল: বুধবার গ্রেফতারের আশঙ্কায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দিয়েছিল সাইবার প্রতারক প্রতাপ দাস। তারপর থেকেই জোরদার তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শুক্রবার ভোরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ইসমাইল এলাকায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে ডেরা থেকে অভিযুক্তকে খুঁজে বের করেন তদন্তকারীরা। ফের পালাতে আগ্নেয়াস্ত্রকেই হাতিয়ার করে সে। পুলিশকে লক্ষ্য করে পুনরায় গুলি চালানোর চেষ্টা করে প্রতাপ। কিন্তু এবার আর রেহাই মেলেনি, পুলিশের এনকাউন্টারে জখম হয় সে। তার পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই আহত অবস্থায় তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারণা সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত প্রতাপ দাস ওরফে প্যাও। পুজোর আগেই জেল থেকে ছাড়া পেয়েছিল অভিযুক্ত। মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত গায়েব ছিল সে। হীরাপুর থানার আওতায় আসানসোল ইসমাইল এলাকায় প্রতাপের পরিবার একটি বাড়িতে ভাড়া থাকত। দীর্ঘদিন পলাতক থাকার পর গত বুধবারই সে বাড়ি ফিরেছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। এরপরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশ বাড়ি ঘিরে ফেলেছে বুঝতে পেরেই পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছাড়ে অভিযুক্ত।

আরও পড়ুন: পশ্চিমের জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রি, জোড়া ঘূর্ণাবর্তের আশঙ্কায় ফের বদলাতে পারে আবহাওয়া?

সেই ঘটনার পর থেকেই তার খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ। শুক্রবার ভোররাতে খবর আসে, ইসমাইল এলাকার গোপন ডেরায় ফিরে এসেছে প্রতাপ। দেরি না করে ইসমাইলে হানা দেয় পুলিশের বিশাল বাহিনী। এলাকার অলিগলিতে চলে জোরদার সার্চ অপারেশন। তাতেই শেষমেশ হদিশ মেলে প্রতাপের। ফের পালাতে আগ্নেয়াস্ত্র বের করে সে, কিন্তু এবার আর তার ছক সফল হয়নি। রাজ্যে ফের পুলিশের এনকাউন্টারের ঘটনা ঘটল। পালানোর চেষ্টা করায় প্রতাপের পা লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলিতে জখম হয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে প্রতাপ। এরপর জখম অবস্থায় তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *