•
Home খেলা উইকেটহীন বুমরাহ, ব্যাটিংয়ে ধস! কিউয়িদের দাপটে কোণঠাসা ভারত 
খেলা

উইকেটহীন বুমরাহ, ব্যাটিংয়ে ধস! কিউয়িদের দাপটে কোণঠাসা ভারত 

Share
কিউয়িদের দাপটে দিশেহারা ভারত! ছবি: সংগৃহীত
Share

ক্রাইস্টচার্চ: বল হাতে দুরন্ত পারফরম্যান্স আকাশ দীপের, কিন্তু ব্যাট হাতে চূড়ান্ত হতাশার মুখে টিম ইন্ডিয়া। ক্রাইস্টচার্চ টেস্টে দ্বিতীয় দিনেই মহাবিপদে ভারত। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নামে ভারত। মাত্র ১১৬ রানেই ৬ উইকেট হারিয়েছে ভারত। দিন শেষে কিউয়িদের থেকে এখনও ২৪০ রানে পিছিয়ে ভারত। ফলে তৃতীয় দিনের শুরুতেই ফলোঅন এড়ানোর লড়াইয়ের মুখে ভারতীয় শিবির। 

তবে দিনের শুরুতে বল হাতে আকাশ দীপের পারফরম্যান্স আশার আলো দেখিয়েছিল ভারতীয় শিবিরকে। তাঁর দুরন্ত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ৩৫৬ রানেই থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৯৯ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন এই পেসার। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের এক ইনিংসেই পাঁচ উইকেট নেওয়া ভারতীয় পেসারদের তালিকাতেও জায়গা করে নিলেন আকাশ। এর আগে এই নজির গড়েছিলেন মদনলাল, জাভাগল শ্রীনাথ, জাহির খান ও ইশান্ত শর্মা। তবে তাঁর এই বোলিংয়ের পরেও ব্যাট হাতে ঘুরে দাঁড়াতে পারল না ভারত। 

আরও পড়ুন: হিটম্যান ইজ ব্যাক! মুম্বইয়ের ‘রাজা’ আবার রোহিত

শনিবার সকালে পাঁচ উইকেটে ২৪৬ রান নিয়ে নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল। দিনের দ্বিতীয় ওভারেই অনশুল কম্বোজের বলে মাঠ ছাড়েন গ্লেন ফিলিপস। অন্যদিকে, ক্রিজে টিকে থাকা টম বান্ডেল দুর্দান্ত ব্যাটিং করে ৮৯ রান করেন। শেষ পর্যন্ত ৩৫৬ রানে শেষ হয় কিউয়িদের প্রথম ইনিংস। আকাশের পাঁচ উইকেটের পাশাপাশি গুরনুর ব্রার ও কম্বোজ দু’টি করে এবং ওয়াশিংটন সুন্দর একটি উইকেট নেন।

তবে উইকেট শূন্য জসপ্রীত বুমরাহ, যা ভারতের উদ্বেগ বাড়িয়েছে। ২৬ ওভার বল করে ৪৯ রান দিলেও উইকেট নিতে পারেননি। ছ’টি মেডেন ওভারও করেছেন। টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসে ২৬ ওভার বল করেও উইকেট না পাওয়ার ঘটনা তাঁর কেরিয়ারে এই নিয়ে তৃতীয়বার। এদিকে, নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ভারতীয় বোলাররা ১৩টি নো বল করেছেন, যা ঘিরেও প্রশ্ন উঠছে। 

এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে ভারত। প্রথম ওভারেই ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে ফিরে যান যশস্বী জয়সওয়াল। এরপর লোকেশ রাহুল ও দেবদত্ত পাড়িক্কল কিছুটা সামালে দেওয়ার চেষ্টা করলেও তাঁদের জুটি ভেঙে যায় মাত্র ৩৩ রানেই। এরপর জেমিসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে অধিনায়ক শুভমন গিল করেন মাত্র ১৭ রান। চায়ের বিরতির আগেই তিন উইকেট হারিয়ে কার্যত চাপে পড়ে ভারত।

বিরতির পরেও ঘুরে দাঁড়াতে পারেনি দল। জ্যাকব ডাফির বলে কাইল জেমিসনের হাতে আউট হয়ে যান ঋষভ পন্থ। তাঁর সংগ্রহ ২৩ রান। কিছুক্ষণ পর ডাফির বলেই ফেরেন লোকেশ রাহুল (২৫)। দিনের শেষ দিকে ওয়াশিংটন সুন্দরও ১০ রান করে আউট হন। ফলে ছয় উইকেট হারিয়ে আরও সংকটের মুখে পড়ে ভারত। দিনের শেষে ক্রিজে রয়েছেন ধ্রুব জুরেল। সব মিলিয়ে তৃতীয় দিনের শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে টিম ইন্ডিয়া।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *