মুম্বই: পর্দার শাহরুখ খানকে সামনে থেকে দেখার স্বপ্ন কার থাকে না! তেমনই স্বপ্ন ছিল বাংলার টেলি অভিনেতা নীল ভট্টাচার্যেরও। বলিউডের বাদশাকে দেখেই অভিনয় জগতে পা রাখেন তিনি। অবশেষে মুম্বইয়ের এক অনুষ্ঠানে স্বপ্নের নায়কের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিলেন নীল। কথাবার্তার পাশাপাশি ‘কিং’ ছবির সংলাপ বাংলায় শুনিয়েও নজর কেড়েছেন তিনি। মুগ্ধ হয়েছেন শাহরুখও। শেষ পর্যন্ত অভিনেতাকে বুকে টেনে নিলেন তিনি। সেই মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা।
‘কিং’ ছবির প্রচারের আবহেই ২৮ নভেম্বর, শুক্রবার বিশেষ চমক দেন বলিউড বাদশা। ‘বিগ ফ্রাইডে’ উপলক্ষে প্রকাশ্যে আনেন ‘কিং’ ছবির নতুন গান ‘ড্যাডি কুল’। মেটা আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রায় ৯০০ জন নেটপ্রভাবী। বাংলা থেকে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন নীল ভট্টাচার্য। অনুষ্ঠানে কয়েক জনের শাহরুখের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার সুযোগ হয়। সেখানেই স্বয়ং শাহরুখের সঙ্গে মঞ্চে সময় কাটানোর সুযোগ পান তিনি। প্রিয় তারকার সামনে দাঁড়িয়ে বাংলায় ‘কিং’-এর সংলাপও বলেন নীল।
শাহরুখের পাশে দাঁড়িয়ে নীল বাংলায় বলেন, “আমি খুনি না বাবুমশাই, আমি প্রেমিক। আর আমার চোখ শুধু সোনাকে খোঁজে। আর যেই প্রেমিক বুকে আগুনই না লাগাতে পারে, সে আবার কীসের প্রেমিক রে পাগলা?” ‘কিং’ ছবির সংলাপই বাংলায় আউড়ে দেন তিনি। কলকাতার প্রতি শাহরুখের টান কারও অজানা নয়। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। নীলের মুখে বাংলা শুনে ‘কেকেআর’ বলে উচ্ছ্বাস প্রকাশ করেন বাদশা। তারপরেই অভিনেতাকে জড়িয়ে ধরেন তিনি।
আরও পড়ুন: ১৫ বছর পর শাহরুখের সঙ্গে বেবো, ‘ড্যাডি কুল’-এ ফিরল ‘ছম্মক ছল্লো’ ম্যাজিক!
বাদশার আলিঙ্গনের মুহূর্তটিও নীলের কাছে কার্যত ‘ফ্যান বয়’ মোমেন্ট। অভিনেতা জানিয়েছেন, সেই সময় তিনি কার্যত বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। বন্ধুরা পরে শাহরুখের সুগন্ধি থেকে শুরু করে নানা বিষয় জানতে চাইলেও, নীলের মনে তখন শুধু সেই মুহূর্তটাই ঘুরছিল। আলিঙ্গনের সময় শাহরুখ তাঁর কাছে জানতে চান, তিনি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন কি না। তার পর বাংলায় সংলাপ বলার সুযোগ পান নীল।
এখনও সেই সাক্ষাতের রেশ কাটেনি নীলের। সব শেষে তিনি বলেন, “এখন তো কয়েক দিন এই ঘোরেই থাকব। বন্ধুরা বলেছে, কয়েক দিন স্নান না করতে! আবার কেউ কেউ বলেছে, যে জামাটা পরে শাহরুখকে জড়িয়ে ধরেছি, সেটা যেন না ধুয়ে ফেলি। আর ওই আলিঙ্গনের ছবিটা তো নিজের বাড়িতে বাঁধিয়ে রাখবই।”
Leave a comment