কলকাতা: পর্দার ‘চাঁদনি’ আর নেই! খবর প্রকাশ্যে আসার পর কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। দিনটা ছিল ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। আট বছর আগের সেই মৃত্যু আজও বলিউডের অন্যতম আলোচিত ঘটনা। দুবাইয়ের একটি হোটেলে বাথটাব থেকে উদ্ধার হয়েছিল শ্রীদেবীর নিথর দেহ। সেই আকস্মিক মৃত্যুকে ঘিরে সংবাদমাধ্যমে শুরু হয়েছিল বিস্তর জল্পনা। দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, উঠেছিল নানা প্রশ্ন। এবার সেই বিতর্কিত সময়ের অভিজ্ঞতা সামনে আনলেন সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি।
২০১৮ সালে UAE-তে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন নবদীপ সিং সুরি। শ্রীদেবীর মৃত্যুর পর তাঁর দেহ দেশে ফিরিয়ে আনার সময় দুবাই প্রশাসন এবং অভিনেত্রীর পরিবারের মধ্যেসমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই সময়ের কথা উঠে আসে। তাঁর উত্তরে নবদীপ সিং সুরি বলেন, সংবাদমাধ্যমে একের পর এক জল্পনা ছড়াতে থাকায় দুবাই প্রশাসনও বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেছিল। তাঁর দাবি, শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় অপরাধমূলক কোনও ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি। বরং সেই সময় ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলির সংবাদ পরিবেশনের ধরন নিয়েই ক্ষোভ উগরে দেন তিনি।
আরও পড়ুন: ‘আজ আমার পৃথিবী শূন্য’, মাকে হারিয়ে ভেঙে পড়লেন জিৎ গঙ্গোপাধ্যায়
তিনি বলেন, তদন্তের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সমস্ত নিয়ম মেনেই এগিয়েছিল। ময়নাতদন্ত, সংগ্রহ করা হয়েছিল ভিসেরা নমুনা। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়। সেই তালিকায় ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুরও। তবে তদন্তের পরেও অভিনেত্রীর মৃত্যুর নেপথ্যে কোনও ষড়যন্ত্রের প্রমাণ তাঁর নজরে আসেনি বলেই জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রদূত।
সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও তাঁর অসন্তোষ ছিল প্রবল। নবদীপ সিং সুরির মতে, একজন জনপ্রিয় অভিনেত্রীর মৃত্যুর মতো সংবেদনশীল ঘটনাকে কেন্দ্র করে টেলিভিশনের একাংশ যে ধরনের আলোচনা শুরু করেছিল, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি কাটাতে তাঁকে নিজেকেই প্রকাশ্যে এসে বক্তব্য জানাতে হয়েছিল বলে জানান তিনি।
Leave a comment