কলকাতা: শীতকাল মানেই ত্বকের শুষ্কতা, ঠোঁট ফাটার মতো একাধিক সমস্যা। তবে এই মরশুমে ত্বক ছাড়াও চুলের বাড়তি যত্ন প্রয়োজন। শীত এলেই ঠাণ্ডা হাওয়া ও বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। ফলে মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। এর প্রভাব পড়ে চুলেও। খুশকি, চুলের আগা ফাটা, রুক্ষতা থেকে শুরু করে চুল পড়ার মতো নানা সমস্যা এসে হাজির হয়। অনেকেই দামি শ্যাম্পু, কন্ডিশনার কিংবা হেয়ার লোশন ব্যবহার করেও সমস্যার সমধান করতে পারেন না। আয়ুর্বেদে রয়েছে কয়েকটি ঘরোয়া উপায়ের হদিস।
শীতকালে চুল পড়ার পিছনে শুধু আবহাওয়াই দায়ী নয়। শরীরে পুষ্টির ঘাটতি, হরমোনের ভারসাম্যহীনতা কিংবা থাইরয়েডের সমস্যার কারণেও চুল পড়তে পারে। ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব থাকলেও তা চুলের স্বাস্থ্যে প্রভাব ফেলে। তাই বাইরে থেকে চুলের যত্ন নেওয়ার পাশাপাশি খাবারের দিকেও নজর দেওয়া জরুরি।
আরও পড়ুন: বাতাসে বিষ, ফুসফুসে বিপদ! ক্যানসারের ঝুঁকি বুঝতে কোন পরীক্ষার কথা বলছেন চিকিৎসকেরা?
আয়ুর্বেদে চুলের যত্নে আমলকী ও ত্রিফলার ব্যবহারের উল্লেখ রয়েছে। হরিতকী, বহেরা ও আমলকী এই তিন ভেষজের মিশ্রণে ত্রিফলা তৈরি হয়। চুলের স্বাস্থ্য ভাল রাখতে আমলকী খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এর পাশাপাশি তা দিয়ে পেস্ট তৈরি করে মাথার ত্বকে লাগানোর কথাও বলেন চিকিৎসকেরা।
কীভাবে ব্যবহার করবেন?
প্রথমে গরম জলে আমলকী ভিজিয়ে রাখুন। নরম হয়ে এলে তা বেটে পেস্ট তৈরি করে নিন। স্নানের আগে চুলের গোড়া ও মাথার ত্বকে লাগিয়ে নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, এই পেস্ট লাগিয়ে দেড় থেকে দু’ঘণ্টা রোদে বসে থাকার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রায় দেড় মাস নিয়মিত এই পদ্ধতি মেনে চললে চুল পড়ার সমস্যা কমে যেতে পারে। তবে ফলাফল ব্যক্তি বিশেষে আলাদা হতে পারে।
এছাড়াও শীতকালে চ্যবনপ্রাশ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চ্যবনপ্রাশ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করতে পারে। চুলের স্বাস্থ্য ভাল রাখার ক্ষেত্রেও সুষম খাবার ও পর্যাপ্ত পুষ্টির বিশেষ গুরুত্ব রয়েছে। তবে চুল পড়ার সমস্যা হঠাৎ বেড়ে গেলে শুধু ঘরোয়া টোটকার উপর নির্ভর করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভাল।
Leave a comment