মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর গুলি চালানোর ঘটনার তদন্ত ক্রমশ এগোচ্ছে। আর সেখানেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের তদন্তে উঠে এসেছে, এই হামলার পরিকল্পনার সঙ্গে বলিউডের আরও কয়েক জন অভিনেতার নাম জড়িয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার এবং সলমন খান। তবে তাঁদের প্রধান টার্গেট ছিল আমির খান, এমনই অভিযোগে উঠে এসেছে। কিন্তু পরিকল্পনা বদল করে টাইগারকে লক্ষ্য করা হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আমিরকে ঘিরে এই ঘটনা নতুন নয়। সূত্রের দাবি, গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্ক এবং তৃতীয় বিয়ে নিয়ে আলোচনার সময় লরেন্স বিশ্নোই গোষ্ঠীর তরফে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। আমিরের বিরুদ্ধে ‘লভ জিহাদ’-এর প্রচারের অভিযোগ তুলে হুঁশিয়ারি দেওয়া হয়। এর আগেও জুলাই মাসে অভিনেতা হুমকি পেয়েছিলেন। তবে তদন্তকারীদের অনুমান, আমিরের তুলনায় টাইগারকে প্রকাশ্যে বেশি দেখা যায়। তাই তিনিই ছিলেন মূল টার্গেট। তবে ঠিক কী কারণে লক্ষ্য বদল করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পর টাইগারেরর বক্তব্য রেকর্ড করতে বাড়িতে গিয়েছিলেন মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিকরা। কিন্তু অভিনেতা জানিয়েছেন, “আমি গোটা ঘটনায় প্রচণ্ড ধাক্কা খেয়েছি। এই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় নেই। কে আমার উপর এমন প্রাণঘাতী হামলা করতে চাইবে, আর কেনই বা করবে? কারও সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। তা হলে আমার উপর হামলা চালানো হল কেন?” পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত টাইগারের গাড়িচালক ফিরদৌস বালোচ এবং ভ্লগার উমেশ চৌহানের বয়ান নথিভুক্ত করেছে।
Leave a comment