নয়াদিল্লি: বিশ্বব্যাপী এক নজিরবিহীন প্রযুক্তিগত বিভ্রাটে চরম বিপর্যয়ের মুখে পড়েছে তথ্যপ্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই গোলযোগের জেরে ভারত সহ বিশ্বের প্রায় ৭৪টি দেশ ও অঞ্চলে পুরোপুরি অচল হয়ে পড়েছে আউটলুক, মাইক্রোসফট ৩৬৫ এবং মাইক্রোসফ্ট টিমস-এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি। এর ফলে বিশ্বজুড়ে লক্ষাধিক ব্যবহারকারী ইমেল পাঠানো বা ইনবক্স খোলার মতো সাধারণ কাজগুলি করতে গিয়েও মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন। বিভিন্ন বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি দফতর, স্কুল থেকে শুরু করে বিমান সংস্থাগুলির স্বাভাবিক কাজকর্মও এর জেরে ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এ প্রায় ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি ব্যবহারকারী অভিযোগ জমা দেওয়ায় স্পষ্ট হয়ে যায় যে এটি সাম্প্রতিককালের অন্যতম বড় প্রযুক্তিগত বিপর্যয়।
প্রাথমিক তদন্তে মাইক্রোসফটের তরফে জানানো হয়েছে যে, সার্ভারের কনফিগারেশনে হঠাৎ একটি পরিবর্তনের কারণেই এই বিপর্যয় ঘটেছে। এর ফলে কিছু নির্দিষ্ট সার্ভারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে সেগুলি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত সার্ভারগুলি বসে যাওয়ায় ব্যবহারকারীদের অন্য সার্ভারে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, যার জেরে অবশিষ্ট পরিকাঠামোর ওপর চাপের পরিমাণ আরও বহুগুণ বেড়ে যায়। তবে এই ঘটনার পেছনে কোনো ধরনের সাইবার হানার হাত নেই বলেই স্পষ্ট করে জানিয়েছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি; সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রক্রিয়ার ব্যর্থতা এবং পরিকাঠামোগত ত্রুটির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। মাইক্রোসফটের নিজস্ব অ্যাপ্লিকেশনের পাশাপাশি এর প্রভাব ছড়িয়ে পড়েছিল কৃত্রিম মেধা সংক্রান্ত সংস্থা ওপেনএআই এবং অ্যানথ্রপিকের ওপরও।
আরও পড়ুন : বিশ্বজুড়ে মাইক্রোসফ্টে ব্যাপক বিভ্রাট!
এদিকে, বিশ্বজুড়ে এই বিভ্রাট প্রভাব ফেলেছে ভারতীয় বিমান পরিষেবার ওপরেও। শুক্রবার সকালে দিল্লি থেকে স্পাইসজেটের তিনটি বিমান বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এর মধ্যে পুণে, লেহ এবং মুম্বইগামী বিমান যেমন ছিল, তেমনই দ্বারভাঙা ও মুম্বইগামী আরও দুটি বিমানের যাত্রা মারাত্মকভাবে বিলম্বিত হয়। তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে তাদের মূল পরিচালনায় কোনো প্রত্যক্ষ প্রভাব না পড়লেও যাত্রীদের সঙ্গে যোগাযোগের সুবিধার্থে ইমেল ট্রাফিক সাময়িক অন্য পথে ঘুরিয়ে দিতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারেরা ক্ষতিগ্রস্ত পরিকাঠামোয় ট্রাফিক সীমিত করা, সফ্টওয়্যার কনফিগারেশন রোলব্যাক করা এবং সিস্টেমের ক্ষমতা বাড়ানোর জন্য দিনরাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন।
তবে সমস্যা মেরামতির কাজ কেন এত দীর্ঘায়িত হচ্ছে, তার ব্যাখ্যাও মিলেছে বিশেষজ্ঞদের বিশ্লেষণে। সংস্থার দাবি, কিছু সার্ভারকে পুনরায় সচল করার পর ট্রাফিক আস শুরু হতেই সেগুলি ফের কাজ বন্ধ করে দিচ্ছে, যা এক জটিল ও অন্তহীন চক্র তৈরি করেছে। একক কোনো প্রযুক্তি সরবরাহকারীর ওপর বিশ্বজুড়ে এই অত্যধিক নির্ভরশীলতাই যে আধুনিক পরিকাঠামোর ক্ষেত্রে এক বিরাট ঝুঁকি, তা এই ঘটনায় আরও একবার স্পষ্ট হয়ে গেল। পরিকাঠামো পুনরুদ্ধারের পর সমস্ত ডেটা সিঙ্ক্রোনাইজ করে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ফিরতে ঠিক কত সময় লাগবে, সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি মাইক্রোসফট।
Leave a comment