মুম্বই: বলিউডের অন্দরমহলের অন্ধকার দিক এবং কাস্টিং কাউচের কালো অধ্যায় নিয়ে ফের একবার সোচ্চার হলেন জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১১ সালে কেরিয়ারের শুরুর দিকে মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি ছবির আউটডোর শ্যুটিং চলাকালীন এক পরিচালকের বিরুদ্ধে তাঁকে যৌন হেনস্তা করার গুরুতর অভিযোগ তুললেন তিনি।
দীর্ঘ ১৫ বছর পর এক সাক্ষাৎকারে সেই তিক্ত স্মৃতির কথা প্রকাশ্যে এনেছেন স্বরা। শারীরিক কোনও সংস্পর্শ না হওয়ায় সেই সময় ঘটনাটিকে যে তিনি ঠিকমতো বুঝে উঠতে পারেননি, পরবর্তীকালে ‘মিটু’ (#MeToo) আন্দোলনের পরেই যে তাঁর চোখ খুলে গিয়েছিল, সে কথাও স্পষ্ট জানিয়েছেন এই অভিনেত্রী।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা জানিয়েছেন, ২০১১ সালে ‘তনু ওয়েডস মনু’ ছবির সফল মুক্তির পর তিনি তখন সবেমাত্র ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছেন। বয়স তখন তাঁর কুড়ির কোঠার শুরু।
পেশাদার জীবনে তখন না ছিল নিজস্ব কোনও টিম, না ছিল ইন্ডাস্ট্রির অন্দরমহলে তেমন কোনও শক্তিশালী যোগাযোগ বা চেনাশোনা। ঠিক সেই সময় একটি দীর্ঘ ৫৬ দিনের শ্যুটিংয়ের প্রথম দিকেই ওই পরিচালকের রূঢ় ও অনভিপ্রেত আচরণের মুখোমুখি হন তিনি।
স্বরা সেই দিনগুলির কথা স্মরণ করে বলেন, ‘‘তখন আমি এক অন্যরকম অসহায়তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। পাশে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তিগত টিম ছিল না, এমন কোনও মানুষও ছিল না যার কাছে গিয়ে সাহায্য চাইব।’’
শুরুতে পরিচালকের আচরণকে তিনি ঠিক কী নামে ডাকবেন তা বুঝতে পারেননি। এই প্রসঙ্গে অভিনেত্রীর সংযোজন, ‘‘তখন আমি বুঝতেই পারিনি যে কর্মক্ষেত্রে এটা আসলে যৌন হেনস্তা। কারণ সেই ব্যক্তি আমার গায়ে হাত দেননি বা কোনও শারীরিক সংস্পর্শে আসেননি।’’
কিন্তু বছর কয়েক পরে যখন দেশে ‘মিটু’ আন্দোলন জোরালো হয় এবং বিভিন্ন নারী তাঁদের উপর হওয়া হেনস্তার বিবরণ প্রকাশ্যে আনতে শুরু করেন, তখন সেই সমস্ত অভিজ্ঞতা পড়তে গিয়ে স্বরার নিজের অতীতের ঘটনা অন্য চোখে ধরা দেয়। তিনি উপলব্ধি করেন, সেদিন তাঁর সঙ্গে যা ঘটেছিল, তা আসলে যৌন হেনস্তার এক জলজ্যান্ত ‘টেকনিক্যাল কেস’।
কেরিয়ারের শুরুতে এই ধরনের পরিস্থিতির মুখে পড়ে কেন চুপ থাকতে হয়েছিল, তার ব্যাখ্যাও দিয়েছেন স্বরা। তাঁর মতে, নতুন শিল্পীদের কাছে কাজ হারানোর ভয়টা সবসময় তাড়া করে বেড়ায়। দীর্ঘ ৫৬ দিনের একটি প্রজেক্ট ছেড়ে মাঝপথে চলে যাওয়া তাঁর কেরিয়ারের পক্ষে মারাত্মক ক্ষতিকর হতে পারত। নিজের কেরিয়ার ও উচ্চাশার কথা তুলে ধরে স্বরা বলেন, ‘‘আমার নিজেরও তো কেরিয়ার নিয়ে উচ্চাশা ছিল, তাই না? আমি কেন কাজ হারাতে যাব বা প্রজেক্ট ছেড়ে চলে যাব? একজন নবাগত অভিনেত্রীর কাছে কাজ বাঁচানোটাও তো একটা বড় লড়াই।’’
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় সোনাক্ষীর বিকৃত ছবি ভাইরাল! গ্রেফতারের পরই অভিযুক্ত কেন ছাড়া পেল আদালতের নির্দেশে?
শেষ পর্যন্ত চরম মানসিক টানাপোড়েনের পর তিনি ছবির এগজিকিউটিভ প্রোডিউসার বা কার্যনির্বাহী প্রযোজকের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। সেই প্রযোজক অত্যন্ত সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন এবং বাকি শ্যুটিংয়ের দিনগুলি তাঁর কাছে অনেকটাই সহজ করে দেন। পেশাদার সেই সম্পর্ক পরবর্তীকালে গভীর বন্ধুত্বে রূপ নেয় এবং বর্তমানে ওই ব্যক্তিই স্বরার ম্যানেজার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বলে জানান অভিনেত্রী।
ক্যারিয়ারের শুরুর সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে বর্তমান প্রজন্মের তরুণীদের জন্য এক কড়া বার্তা দিয়েছেন স্বরা ভাস্কর। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কর্মক্ষেত্রে তরুণীরা যেন নিজেদের সীমানা চিনে রাখেন এবং কোনও অন্যায়ের শিকার হলে চুপ করে না থেকে অবিলম্বে প্রতিবাদ জানান।
আজকের দিনে দাঁড়িয়ে নারীদের পাশে দাঁড়ানোর মতো আইনি ও সামাজিক পরিকাঠামো তৈরি হয়েছে উল্লেখ করে স্বরার পরামর্শ, ‘‘মানুষের সঙ্গে কথা বলুন, সাহায্য চান, সমর্থন খুঁজুন এবং কোনো অন্যায্য আচরণ দেখলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মুখ খুলুন। কারণ এখন আমরা এর বিরুদ্ধে সরাসরি লড়াই করতে পারি।’’
ব্যক্তিগত জীবনে ২০২৩ সালের শুরুতে রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং ওই বছরই সেপ্টেম্বর মাসে কন্যাসন্তানের মা হওয়া স্বরার এই সাহসী জবানবন্দি এই মুহূর্তে বলিউড অন্দরে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।
Leave a comment