•
Home লাইফস্টাইল ঠেকুয়া বানাতে গিয়ে শক্ত হয়ে যাচ্ছে? রইল নরম, মুচমুচে রাখার ঘরোয়া কৌশল!
লাইফস্টাইল

ঠেকুয়া বানাতে গিয়ে শক্ত হয়ে যাচ্ছে? রইল নরম, মুচমুচে রাখার ঘরোয়া কৌশল!

Share
হিডেন স্টোরিজ নিউজ
কীভাবে ঠেকুয়া মচমচে রাখবেন? ছবি: সংগৃহীত
Share

কলকাতা: ছটপুজোয় ঠেকুয়া না থাকলে চলে নাকি? উত্তর ভারতীয় এই মিষ্টি পদটি বর্তমানে বাঙালির রান্নাঘরেও জায়গা করে নিয়েছে। এই পদটি তৈরি হয় আটা, গুড়, ঘি আর নারকেল দিয়ে। পুজোর প্রসাদে ঠেকুয়ার মাহাত্ম্য বিশেষ। তবে বাড়িতে ঠেকুয়া বানাতে গিয়ে অনেকের অভিযোগ, ভাজার পর তা বেশ শক্ত হয়ে যাচ্ছে। বাইরে থেকে মুচমুচে দেখতে হলেও ভেতরটা শুকনো হয়ে যাচ্ছে। অথচ কয়েকটি কৌশল মেনে চললেই বাড়িতে বানানো ঠেকুয়া হবে মুচমুচে এবং সুস্বাদু। কী কী উপকরণ লাগবে? কীভাবেই বা বানাবেন? রইল সহজ পদ্ধতি।

ঠেকুয়া বানাতে কী কী লাগবে?

গমের আটা (২ কাপ), সুজি (২ টেবিল চামচ), গুড় (১ কাপ), ঘি (৪-৫ টেবিল চামচ), কোরানো নারকেল (আধ কাপ), মৌরি (১ চা চামচ), এলাচ গুঁড়ো (আধ চা চামচ), প্রয়োজনমতো হালকা গরম দুধ, সাদা তেল বা ঘি। 

কীভাবে বানাবেন ঠেকুয়া? 

প্রথমে অল্প গরম দুধের মধ্যে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ছেঁকে আলাদা করুন। এবার অন্য একটি বড় পাত্রে আটা, সুজি, নারকেল কোরানো, মৌরি ও এলাচ গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিন। ঘি যোগ করে ভালো করে ময়ান দিন। যদি তা দলা পাকিয়ে থাকে, তা হলে বুঝবেন ময়ান তৈরি।


এবার অল্প অল্প করে গুড় মেশানো দুধ দিয়ে আটা মাখতে শুরু করুন। ধীরে ধীরে মিশিয়ে এমন একটি মণ্ড তৈরি করুন, যা খুব নরমও নয়, আবার খুব শক্তও হবে না। মণ্ড তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এরপর মণ্ড থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল করে হাতের তালুতে ফেলে চ্যাপ্টা আকার দিন। বাড়িতে ঠেকুয়ার ছাঁচ থাকলে তাতে সামান্য ঘি মাখিয়ে সুন্দর নকশা তৈরি করে নিতে পারেন। 

সবশেষে কড়াইতে তেল বা ঘি গরম করুন। তেল ভালো করে গরম হয়ে গেলে আঁচ কমিয়ে ঠেকুয়াগুলি ছাড়ুন। তবে একসঙ্গে বেশি দিলে তা লেগে যাওয়ার ভয় থাকে। তাই অল্প অল্প করে ভাজুন। দু’পিঠ উল্টেপাল্টে সোনালি বাদামি রং হলে তুলে নিন। খেয়াল রাখবেন, বেশি আঁচে ভাজলে বাইরে থেকে রং ধরে গেলেও ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। আবার বেশি সময় ধরে ভাজলে ঠেকুয়া শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

আরও পড়ুন: প্রথমবার চন্দননগরে পুজো দেখতে যাবেন? ভিড় এড়িয়ে কীভাবে ঘুরবেন, রইল সম্পূর্ণ গাইড

ঠেকুয়া নরম ও মুচমুচে রাখতে কী করবেন?

ঠেকুয়া শক্ত হয়ে যাওয়ার অন্যতম কারণ হল ময়ানে ঘির পরিমাণ কম হওয়া। তাই আটা এবং ঘি সমপরিমাণ ব্যবহার করুন। পাশাপাশি জলের বদলে হালকা গরম দুধে মণ্ড তৈরি করলে ঠেকুয়ার স্বাদ ও নরমভাব দুটোই ভালো হয়। তবে সুজি বেশি ব্যবহার করবেন না। কারণ, সুজির পরিমাণ বেড়ে গেলে ঠেকুয়া শক্ত হয়ে যায়।

আরও একটি বিষয় মাথায় রাখবেন, ঠেকুয়া ভাজার সময় আগুনের আঁচ যেন খুব বেশি না থাকে। মাঝারি থেকে কম আঁচে ধীরে ধীরে ভাজলেই ঠেকুয়া ভালোভাবে সেদ্ধ হবে। ভাজার পর সম্পূর্ণ ঠান্ডা হলে হাওয়া বাতাস ঢুকতে পারে না এমন কৌটোয় ভরে রাখুন। এতে ঠেকুয়া দীর্ঘদিন মুচমুচে থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *